ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধার
ধার

টোটা আর টুনির বেজায় প্রেম। মুঠোফোনে দুজন ঘণ্টার পর ঘণ্টা কথা বলে। রিচার্জ করতে করতে পাড়ার রিচার্জওয়ালারা মহা বিরক্ত। দুজনের প্রেমালাপে ফেসবুকের ফেস ফুলে ঢোল। প্রেমসাগরে হাবুডুবু খেতে খেতে দুজন বিয়ে করার কথা ভাবে। কিন্তু মাঝখানে হিমালয় পর্বত হয়ে দাঁড়ান দুজনের বাবা। মহল্লার মালদার আণ্ডার আড়তদার আজমত আলীর একমাত্র ছেলে টোটা। রোজ অন্তত পাঁচবার তিনি ছেলেকে তিরস্কার করেন, ‘কুলাঙ্গার, খালি টেকা ওড়ায়। আমারে ফকির বানাইয়া ছাড়ব!’ এমন বাবার কাছে বিয়ের কথা পাড়া টোটার কাজ নয়। ওদিকে টুনির বাবা সরষে চিপে তেল বের করা মানুষ। মেয়েকে তিনি যার-তার হাতে তুলে দিতে রাজি নন। তাঁর একমাত্র মেয়ের বিয়ে হবে দাপুটে যুবকের সঙ্গে। সে যুবকের হাঁকডাকে কাঁপবে মহল্লা। সেখানে টোটা কোন ছার!
টুনি বুদ্ধি দেয়, ‘চলো, আমরা পালাইয়া বিয়া করি!’
টোটা কল্পনায় বাবার বিকট মুখভঙ্গি দেখতে পায়। আঁতকে উঠে বলে, ‘ও মা, কয় কী! পালাইয়া যাইমু কই? খামু কী? কাজ তো কিছু জানি না। ওভারব্রিজে স্রেফ থালা নিয়া বইয়া যাইতে হইব।’
শুনে ধিক জানায় টুনি। বলে, ‘নামেই টোটা, ভিতরে তোমার বারুদ নাই। অকালকুষ্মাণ্ড কোনহানকার!’
আঁতে ঘা লাগে টোটার। প্রেমের আলো ঝলমল ভুবনে যেন লোডশেডিংয়ের আঁধার নেমে আসে। পাড়ার ‘চাল্লু’ বন্ধু টাবলুর শরণাপন্ন হয় সে। টাবলু প্রায়ই ছলছুতা করে টাকা ধার নেয়। অফেরতযোগ্য এ ধারের বিনিময়ে বুদ্ধি ধার দেয়।
টাবলুকে অবশ্য টুনিদের বাড়ির আশপাশে কয়েকবার ঘুর ঘুর করতে দেখেছে টোটা। কারণ জানতে চাইলে টাবলু বিব্রত না হয়ে জোর গলায় বলেছে, ‘এইটা কী কস? বন্ধুর প্রেমিকার ওপর কেউ যাতে কুনজর না দেয়, টাংকি না মারে, সেইটা আমি দেখব না? তুই আমাকে কত খাওয়াস না? এই নজরদারি করা তো আমার দায়িত্ব।’

টাবলুর কাছে গিয়ে টোটা এক দিন খেদ ঝাড়ে, ‘দোস্ত, আমার তো এহন গলায় দড়ি দেওন ছাড়া গতি নাই। টুনি বলছে আমার ভিতরে নাকি বারুদ নাই।’

টাবলু বিজ্ঞের মতো বলে, ‘প্রেম-পিরিতে বারুদে কাজ হয় না। ধার লাগে।’

টোটা অবাক হয়ে বলে, ‘এইখানে আবার ধারের কী কাজ? কিসের ধার?’

টাবলু ভাব নিয়ে বলে, ‘খালি মুখে কি আর হয়?’

ধার
ধার

টাবলুকে নিয়ে কানু মিয়ার রেস্তোরাঁয় যায় টোটা। চা আর জিলিপি চলে। ধারের ওপর বেশ একখান সবক দেয় টাবলু। গোগ্রাসে তা গিলতে থাকে টোটা। টাবলু বলে, ‘ধার হইল দুই প্রকার। একটা ধারে লাভ, আরেকটায় লস।’এই বলে থামে টাবলু। এর মধ্যে তার পিরিচ খালি হয়ে গেছে। টোটা সেই যে একটা জিলিপির কোনা ভেঙে ধরে আছে, মুখে আর চালান দিতে পারেনি। বন্ধুর কথা সে এমনভাবে গিলছে, এর মধ্যে জিলিপির কোনো সুযোগ নেই। এই সুযোগে টোটার পিরিচ থেকে একটা জিলিপি তুলে নিল টাবলু। টোটা তা আমল না দিয়ে বলল, ‘কি রে দোস্ত, থামলি ক্যান? ধারের মাজেজা সব ঝাইড়া ফালা।’জিলিপিতে আয়েশ করে কামড় বসিয়ে টাবলু বলল, ‘ছুরিতে যে ধার থাকে, এইটা যদি মাথায় গিয়া বসে, তাইলে লাভ। বুদ্ধিতে ধার থাকলে দুনিয়া চইলা আসে হাতের মুঠায়।’ টোটা হতাশ হয়। এ ধার যে তার নেই, এটা তো ভালো করেই জানা। থাকলে কি আর টাবলুর ধার ধারে? দ্বিতীয় ধারের মাজেজা জানতে উৎসুক হয় টোটা। তার জিলিপির পিরিচ খালি করতে আরও তৎপর হয় টাবলু। তেরছা চোখে বলে, ‘কিছু মাল ছাড় দেখি।’উসখুস করে টোটা। টাবলুর ছোঁচামি আর গেল না। টোটার মনোভাব টের পেয়ে টাবলু বলে, ‘মাল না ছাড়লে ধারের মাজেজা তো বুঝতে পারবি না।’টাবলুর হাতে রিমোট কন্ট্রোল। রোবটের মতো টোটার হাত চলে যায় মানিব্যাগে। বের করে ১০০ টাকার নোট। টাবলু হাভাতের মতো বলে, ‘একটা নোটে কী হইব? গোটা তিনেক না হলে চলে?’তবে আরেকটা নোটেই পার পায় টোটা। টাবলু বলে, ‘এই যে ২০০ টাকা, ধর এইটা আমি ধার নিলাম। এই ধারটা হইল লস। কারণ, ফেরত পাওয়ার আশা জিরো। তবে এই ধারের বিনিময়ে তোরে যে বুদ্ধিটা ধার দিমু, এতে লাভ কিন্তু ষোলো আনা।’ টোটার কানে ফিসফিস করে টাবলু। বুদ্ধিটা মনে ধরে। চাই শুধু টাকা আর সাহস। বাবার ক্যাশ থেকে মোটা অঙ্কের টাকা মেরে দেয় টোটা। সে টাকা দিয়ে গুন্ডা ভাড়া করার দায়িত্বটা টাবলুই নেয়। টুনির বাবা গদি থেকে ফেরার পথে সাজানো ছকমতো তাঁর ওপর চড়াও হয় গুন্ডারা। সেখানে হুট করে নায়ক টোটা হাজির। হবু শ্বশুরকে উদ্ধার করে হিরো বনে যেতে ফিল্মি স্টাইলে ঢিসুমঢুসুম শুরু করে সে। কিন্তু হঠাৎ সব ভন্ডুল। গুন্ডারা প্ল্যানমতো লেজ গুটিয়ে না ভেগে টোটাকে মেরে তক্তা বানিয়ে দেয়। আর তখুনি টাবলু এসে গুন্ডাদের কষে পেদানি দিয়ে হিরো বনে যায়।

টোটা এখন হাসপাতালে, বিছানায়। কপালে আলু, হাতে ফ্র্যাকচার—সে এক কঠিন অবস্থা। তাকে দেখার জন্য পাশে কেউ নেই। কারণ, টোটার বাড়িতেও হুলুস্থুল। ক্যাশ থেকে মোটা অঙ্কের টাকা লোপাট হওয়ায় টোটার বাবা মরো মরো। তাঁকে নিয়ে ব্যস্ত সবাই।
সপ্তাহ দুয়েক পর সুস্থ হয়ে বাড়ি ফিরল টোটা। কিন্তু এ কী! টুনির বাড়িতে এ কিসের উৎসব? টাবলুর সঙ্গে টুনির বিয়ের আয়োজনের খবরটা জানতে সময় লাগল না। এত দিনে ধারের আরেকটা গুরুত্বপূর্ণ মর্ম অনুধাবন করে টোটা।
টের পায়, প্রেমপর্বে পরের বুদ্ধি ধার করতে নেই।