ধার করা শিক্ষকে চলে পাঠদান
সিটি করপোরেশন পরিচালিত চারটি বিদ্যালয়ে প্রভাতি শাখা (মর্নিং শিফট) চালু হয়েছে এ বছরের জানুয়ারিতে। কিন্তু নিয়োগ দেওয়া হয়নি নতুন কোনো শিক্ষক। ফলে একই বিদ্যালয়ের দিবা শাখা ও অন্য বিদ্যালয় থেকে আনা ধার করা শিক্ষকে চলছে পাঠদান। এদিকে দিবা শাখার পাঠদানের জন্য শিক্ষক নিয়ে আসায় ওই সব বিদ্যালয়েও সৃষ্টি হয়েছে শিক্ষক-সংকট।সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম নিজামী প্রথম আলোকে জানান, করপোরেশনের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অতিরিক্ত চাপের কারণে প্রাথমিকভাবে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে চারটিতে প্রভাতী শাখা চালু করা হয়েছে। কারণ, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে অনেক সময় লেগে যায়।সূত্র জানায়, সিটি করপোরেশন পরিচালিত ৪৫টি বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে ২৫টি বালিকা, সাতটি বালক ও ১৩টি বালক-বালিকা উচ্চবিদ্যালয়। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাস থেকে চারটি বিদ্যালয়—সরাইপাড়া সিটি করপোরেশন স্কুল ও কলেজে, কুলগাঁও সিটি করপোরেশন স্কুল ও কলেজ, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় এবং কার্পাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে প্রভাতী শাখা চালু হয়। এসব বিদ্যালয়ের প্রভাতী শাখায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হয়। এসব শ্রেণীতে কোনো শাখা নেই। প্রতিটি বিদ্যালয়ের প্রভাতী শাখা পরিচালিত হয় একজন সহকারী প্রধান শিক্ষকের মাধ্যমে।খোঁজ নিয়ে জানা যায়, সরাইপাড়া সিটি করপোরেশন স্কুল ও কলেজের প্রভাতী শাখায় সহকারী প্রধান শিক্ষকসহ ছয়জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে দিবাশাখা থেকে দুজন এবং করপোরেশনের অন্য বিদ্যালয় থেকে চারজন শিক্ষক আনা হয়েছে। এখানে ষষ্ঠ শ্রেণীতে ৯৭, সপ্তম শ্রেণীতে ৬৫ ও অষ্টম শ্রেণীতে ২১ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। কুলগাঁও সিটি করপোরেশন স্কুল ও কলেজের প্রভাতী শাখায় সহকারী প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে দিবাশাখা থেকে একজন এবং অন্য বিদ্যালয় থেকে বাকি চারজন শিক্ষক আনা হয়েছে। এখানে ষষ্ঠ শ্রেণীতে ৮০, সপ্তম শ্রেণীতে ৭৪ ও অষ্টম শ্রেণীতে ৬৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রভাতী শাখায় সহকারী প্রধান শিক্ষকসহ সাতজন শিক্ষক পাঠদান করছেন। এর মধ্যে দুজন দিবাশাখার। অপর পাঁচজন আনা হয়েছে করপোরেশনের অন্য বিদ্যালয় থেকে। অবশ্য দিবাশাখার দুজন শিক্ষকের জায়গায় নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষিকা মমতা বেগম। এখানে ষষ্ঠ শ্রেণীতে ৫০, সপ্তম শ্রেণীতে ৬৫ ও অষ্টম শ্রেণীতে ৫৬ জন ছাত্রী রয়েছে। কার্পাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রভাতী শাখায় সহকারী প্রধান শিক্ষকসহ রয়েছেন ছয়জন। এর মধ্যে দিবাশাখা থেকে দুজন এবং করপোরেশনের অন্য বিদ্যালয় থেকে চারজন শিক্ষক আনা হয়েছে। এখানে ষষ্ঠ শ্রেণীতে ১১৬, সপ্তম শ্রেণীতে ৯১ ও অষ্টম শ্রেণীতে ১০৫ জন ছাত্রী পড়াশোনা করছে।নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশন পরিচালিত বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, এভাবে এক স্কুল থেকে অন্য স্কুলে শিক্ষক টানাটানির ফলে নতুন করে সংকট তৈরি হচ্ছে।তা ছাড়া প্রভাতী শাখায় শিক্ষার্থীও বেড়েছে। ফলে এত কম শিক্ষক দিয়ে লেখাপড়ার মান বজায় রাখা সম্ভব নয়।এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম নিজামী বলেন, ‘সিটি করপোরেশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-সংকটের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আগামী সময়ে আরও কয়েকটি বিদ্যালয় ও কলেজ সিটি করপোরেশনের আওতায় আসবে। বর্তমানে সেগুলোর অধিগ্রহণ-প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া শেষ হলে করপোরেশনের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পর্যায়ক্রমে। এতে দুই-তিন মাস সময় লেগে যেতে পারে।’