ধার তো নিচ্ছি ফেরত কি দিচ্ছি?
আদবকেতা
বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী তাসমীন (ছদ্মনাম) বন্ধুপ্রিয়। বন্ধুমহলে ভালো মানুষ হিসেবে দারুণ জনপ্রিয়। অন্য বন্ধুর প্রয়োজনে টাকাপয়সা ধার থেকে শুরু করে বইপত্র, জুতা, ম্যাকবুকের চার্জার সবই পাওয়া যায় তাসমীনের কাছে। কাউকে ‘না’ বলতে পারেন না। কিন্তু সবাই যা তাঁর থেকে নেন, ফেরত দেন না। অফিসের সহকর্মীদের কতজনকেই না টাকা ধার দিয়েছেন তানিয়া (ছদ্মনাম), চক্ষুলজ্জায় ফেরত চাইতে পারেন না, আবার পারেন না টাকার কথাও ভুলতে। তাসমীন আর তানিয়ার মতোই আমাদের অনেক বন্ধু-সহকর্মী আছেন যাঁদের কাছ থেকে আমরা টাকাপয়সা ধার নিই। এরপর ভুলে যাই। ধার নিয়ে ধার সময়মতো ফিরিয়ে দেওয়া শুধু ভদ্র আচরণই না, যার কাছ থেকে ধার নিচ্ছি তার সঙ্গেও সম্পর্ক ঠিক থাকে। ভবিষ্যতে বিপদে পড়লে সাড়া পাওয়ার সুযোগ থাকে। ধার নিয়ে ফেরত না দিয়ে যার কাছ থেকে ধার নিচ্ছি তাকে ঘোরানো, তাকে এড়িয়ে চলা নেতিবাচক আচরণ।
ব্র্যাকের মনোবিদ এ্যানি বাড়ৈ জানান, ‘ধার ফেরত না দেওয়াটা মনে অস্বস্তি আনে। যিনি ধার দিয়েছেন তিনি হয়তো লোকলজ্জার কারণে আপনাকে কিছু বলতে পারছেন না। কিন্তু আপনি যেহেতু ধার নিয়েছেন সেহেতু সময়মতো তা ফিরিয়ে দেওয়াও আপনার দায়িত্ব। যদি কোনো সমস্যায় পড়েন, সেটা যাঁর কাছ থেকে ধার নিয়েছেন তাঁকে জানিয়ে রাখুন। ধার নিয়ে তা ভুলে যাওয়ার অভ্যাস আছে যাঁদের তাঁদের নিজের দায়েই সতর্ক থাকা উচিত।’
যাঁরা ধার দেন তাঁদের জড়তা প্রসঙ্গে এ্যানি বাড়ৈ বলেন, আপনি যাঁকে ধার দিচ্ছেন তাঁর সঙ্গে আপনার বোঝাপড়ার মাত্রা কতটুকু তার ওপর নির্ভর করছে আপনি কীভাবে ধার ফেরত চাইবেন। কেউ যদি ধার ফেরত দিতে দেরি করে কারণ জিজ্ঞেস করে তাঁর সঙ্গে ইতিবাচক আচরণ করুন। ইতিবাচক আচরণেই আপনি ধার ফেরত পাবেন খুব দ্রুত।
ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে যা খেয়াল রাখবেন
*ইলেকট্রিক চার্জার, ডেটা কেব্ল কিংবা সাইকেল ধার নিলে তা সময়মতো ফেরত দিন। সাইকেল পরিষ্কার করে ফেরত দিন।
*বই ধার নিলে কলম কিংবা পেনসিল দিয়ে বইয়ে লিখবেন না। পৃষ্ঠা ভাঁজ করার ক্ষেত্রে অন্য বই মনে করে বইটির যত্ন নিন।
*টাকাপয়সা ধার নিলে সময়ের মধ্যে ফেরত দিন। সময়ের মধ্যে ফেরত দিতে না পারলে যিনি ধার দিয়েছেন তাঁকে বুঝিয়ে সময় নিন। একবারে সব টাকা না দিয়ে কিস্তিতে কিন্তু সময়মতো টাকা দিতে পারেন।
*ল্যাপটপ কিংবা ট্যাবলেট ব্যবহারের জন্য নিলে অপ্রয়োজনীয় সফটওয়ার ডাউনলোড করা এবং কম্পিউটারের সেটিংস নিজের মতো করে বদলে ফেরত দেবেন না।
*ছাতা কিংবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ধার নিলে পরিষ্কার করে ফেরত দিন।
*সানগ্লাস, জুতা, স্যান্ডেল কিংবা খুব ব্যক্তিগত জিনিস খুব বেশি প্রয়োজন না হলে কখনোই ধার নেওয়া উচিত না।
*কেউ যদি বারবার ধার নিয়ে জিনিসপত্র ও টাকা ফেরত না দেন, তাঁকে প্রয়োজনে কঠোরভাবে ‘না’ বলতে শিখুন।
গ্রন্থনা: অধুনা প্রতিবেদক