ধার-দানে নির্বাচন করছেন ১৫ চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি)—বাহারছড়া, সদর, সাবরাং ও সেন্ট মার্টিনে চেয়ারম্যান পদে লড়ছেন ২৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে নিজের টাকায় নির্বাচন করছেন ১৪ জন। বাকি ১৫ জন প্রার্থী নির্বাচন করছেন ধার ও দানের টাকায়। এই ধার ও দান গ্রহণ করবেন সন্তান, ভাই, বন্ধু ও নিকটাত্মীয়ের কাছ থেকে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামার পর্যবেক্ষণ করে এই তথ্য পাওয়া যায়। ২২ মার্চ এই চার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় লোকজনের সঙ্গে আলাপে জানা গেছে, ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১০ জনই কোটিপতি হিসেবে পরিচিত। তাঁদের রয়েছে বিলাসবহুল বাড়ি, ফসলি জমি, বিপণিবিতান ও চিংড়িঘের। তবে তাঁরা হলফনামায় এসব আয়ের উৎস উল্লেখ করেননি।
সুশাসনের জন্য নাগরিক (সনাক) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘টেকনাফের চার ইউপিতে এখনই টাকার ছড়াছড়ি চলছে। ভোটারদের প্রভাবিত করতে কিছু প্রার্থী এক দিনেই লাখ টাকা খরচ করছেন বলে আমরা জেনেছি। অথচ তাঁরা হলফনামায় দেখিয়েছেন নিজের টাকা রয়েছে কম। এ জন্য তাঁরা ধার ও দানের টাকা নিচ্ছেন। এটি স্রেফ নির্বাচন কমিশনকে ফাঁকি দেওয়ার জন্য। কারণ, বিধি অনুযায়ী একজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। আমরাও প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের অনুসন্ধান চালাচ্ছি।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২৯ প্রার্থীর মধ্যে করদাতা হচ্ছেন মাত্র দুজন। তাঁরা হলেন সাবরাং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোনা আলী ও স্বতন্ত্র প্রার্থী (বর্তমান ইউপি চেয়ারম্যান) হামিদুর রহমান।
বাহারছড়া: এই ইউপিতে নয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ছয়জনই ধার ও দানের টাকায় নির্বাচন করছেন। তাঁরা হলেন বিএনপির প্রার্থী মোহাম্মদ সেকান্দর, স্বতন্ত্র হাসিনা আক্তার (মোহাম্মদ সেকান্দরের স্ত্রী), মোশারফ হোসেন চৌধুরী, হুমায়ুন কাদের চৌধুরী, সাইফুল্লাহ ও মোহাম্মদ রফিকুল্লাহ।
এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী জসিম উদ্দিন, আওয়ামী লীগের আজিজ উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাবিব উল্লাহ নির্বাচন করছেন নিজের টাকায়।
টেকনাফ সদর : এই ইউপিতে নির্বাচন করছেন সাতজন প্রার্থী। এর মধ্যে চারজনই ধার ও দানের টাকা নির্বাচনে খরচ করবেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল আলম, জাতীয় পার্টির মো. ইসমাঈল, বিএনপির জিয়াউর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান। নিজের টাকায় নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী শাহজাহান মিয়া, মুক্তার আহমদ ও দিদার মিয়া।
সাবরাং: এখানে লড়ছেন আটজন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে তিনজন ধার-দানের টাকা নির্বাচনে খরচ করবেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোনা আলী, জাতীয় পার্টির মো. আয়াছ ও স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাঈল। অন্যদিকে নিজের টাকায় নির্বাচন করছেন বিএনপির প্রার্থী সুলতান আহমদ, স্বতন্ত্র প্রার্থী হামিদুর রহমান, জাহিদ হোসাইন, নুর হোসেন ও আবুল ফয়েজ।
সেন্ট মার্টিন: নির্বাচনে লড়ছেন পাঁচজন চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে দুজন খরচ করবেন ধার ও দানের টাকা। তাঁরা হলেন আওয়ামী লীগের মুজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান। নিজের টাকায় নির্বাচন করছেন িবএনপির প্রার্থী আবদুর রহমান, স্বতন্ত্র কেফায়েত উল্লাহ ও নুর আহমদ।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, হলফনামায় দাখিল করা অর্থ প্রাপ্তি ও সম্ভাব্য ব্যয়ের তথ্যের সঙ্গে বাস্তবের নির্বাচনী ব্যয়ের গরমিল পাওয়া গেলে অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে।