ধারক দেয়ালে ফাটল, ঝুঁকিতে বিদ্যালয় ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​ধারক দেয়াল ও মূল ভবনের মধ্যে সৃষ্টি হয়েছে গভীর খাদ l প্রথম আলো
​ধারক দেয়াল ও মূল ভবনের মধ্যে সৃষ্টি হয়েছে গভীর খাদ l প্রথম আলো

ভারী বৃষ্টিপাতের কারণে ধারক দেয়ালে দেখা দিয়েছে ফাটল। এর ফলে রাঙামাটি শহরের নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন ঝুঁকির মুখে পড়েছে। এ নিয়ে অভিভাবক ও শিক্ষকেরা আতঙ্কের মধ্যে রয়েছেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানালেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
রাঙামাটি শহরের পূর্ব অংশে সবচেয়ে ঘনবসতিপূর্ণ রিজার্ভ বাজার এলাকায় ১৯৬২ সালে স্থাপিত হয় নিউ রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে ১৯৮৭ সালে নির্মিত হয় বিদ্যালয়ের দোতলা ভবন। বিদ্যালয় ভবনের পশ্চিম পাশে মাত্র চার ফুট দূরে উত্তর-দক্ষিণমুখী প্রায় ৫০ ফুট দীর্ঘ ও ১২ ফুট উচ্চতার ধারক দেয়ালের অবস্থান। দেয়ালের নিচে ছয়টি দোকান। ১৪ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে দেখা গেছে, ধারক দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দোকানগুলোতে ঢুকতেই ধারক দেয়ালে বড় ফাটল চোখে পড়ে।
এ ছাড়া বিদ্যালয় ভবন ও ধারক দেয়ালের মাঝখানে লম্বালম্বিভাবে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি এই গর্তে ঢুকে ধারক দেয়াল ও বিদ্যালয় ভবনের দেয়াল নষ্ট করছে। দোকানি মো. জানে আলম (৩০) বলেন, ‘আমরা খুব ভয়ের মধ্যে আছি। বৃষ্টি হলে দোকান বন্ধ করে নিরাপদ স্থানে চলে যাই।’
আতঙ্ক নিয়ে পড়তে আসছে বিদ্যালয়ের শিশুরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন ফেরদৌসী বলেন, ‘এই দেয়ালটিতে কোনো রড ব্যবহার করা হয়নি। কেবল ইট–সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে। আমি দেয়াল ভেঙে যাওয়ার বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেছি। বৃষ্টি হলে ছাত্র-শিক্ষক সবাই ভয়ের মধ্যে থাকি।’
প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে দুই পালায় ১ হাজার ৫০০ ছাত্রছাত্রী পড়াশোনা করে। এ ছাড়া বেলা তিনটার পর কর্মজীবী শিশুদের শিক্ষাদানের জন্য কল্যাণ স্কুল পরিচালিত হয়।
অভিভাবক মো. আবুল কাশেম ও সামসুদ্দিন বলেন, ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হয়। কারণ ১০-১২ ফুট উচ্চতার দেয়াল ধসে গেলে বিদ্যালয় ভবন হেলে পড়বে। তখন ছেলেমেয়েদের অবস্থা কী হবে? শিগগিরই আরসিসি ধারক দেয়াল নির্মাণ করা প্রয়োজন।
রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বিদ্যালয় ভবন ঝুঁকিতে থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘প্রায় এক সপ্তাহ আগে বিষয়টি জানার পর উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীকে নিয়ে বিদ্যালয় ভবন ও আশপাশ এলাকা পরিদর্শন করেছি। আশঙ্কা হচ্ছে, সামান্য ভূমিকম্পে বা বৃষ্টিতে পার্শ্ববর্তী ধারক দেয়াল ও বিদ্যালয় ভবন যেকোনো সময় ধসে যেতে পারে। বিদ্যালয় চলাকালীন সময়ে এমন দুর্ঘটনা ঘটলে মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে।’
শিক্ষা কর্মকর্তা জানান, প্রকৌশলীদের মতামতের ভিত্তিতে ধারক দেয়াল নির্মাণ ও পানি অপসারণে ড্রেনেজ–ব্যবস্থা করাসহ কয়েকটি লিখিত প্রস্তাব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।