ধারণাটা হতে হবে অভিনব ও সৃজনশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে গত ২৮ সেপ্টেম্বর এসেছিলেন এইচএসবিসি ব্যাংকের করপোরেট সাসটেইনেবিলিটি অ্যান্ড স্পনসরশিপ ব্যবস্থাপক সামি এ হাফিজ। অনুষ্ঠানে শ্রোতাবন্ধু হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুসনিম আহমেদ, আকতারুজ্জামান ও ফারুক হোসেন। এবারের বিষয় ছিল: তরুণ উদ্যোক্তা পুরস্কার।কথাবন্ধু: শুরুতে আপনার পথচলার গল্পটা শুনব।সামি এ হাফিজ: আমি ঢাকার সেন্ট যোসেফ থেকে মাধ্যমিক ও নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে যুক্তরাষ্ট্রে চলে যাই। ১০ বছর সেখানেই থাকা। সেখানেই পড়াশোনার বাকি পাঠ। দেশে ফিরি ২০০২ সালে। এরপর বছরখানেক বহুজাতিক একটা প্রতিষ্ঠানে ছিলাম। এরপর এইচএসবিসিতে ২০০৪ সালে যোগ দিই। বিপণনে ছিলাম। এরপর ইভেন্ট করেছি, বাজেটও দেখেছি। এখন আমি দেখছি করপোরেট সাসটেইনেবিলিটি।কথাবন্ধু: এইচএসবিসির তরুণ উদ্যোক্তা পুরস্কারের শুরুটা হয়েছিল কীভাবে?সামি এ হাফিজ: এ পুরস্কার প্রবর্তন করা হয় ২০০০ সালে হংকংয়ে। এর উদ্দেশ্য ছিল তথ্যপ্রযুক্তি খাতে সবাইকে উদ্বুদ্ধ করা। তখন এর নাম ছিল ‘আইটি ইয়ং এন্ট্রাপ্রেনিউর অ্যাওয়ার্ডস’। ২০০২ সালে অন্যান্য বিভাগ থেকে এতে অংশগ্রহণ শুরু হয়। তখন নামটাও পরিবর্তিত হয়ে হয় ইয়ং এন্ট্রাপ্রেনিউর অ্যাওয়ার্ডস। সবার জন্য এর দ্বার খুলে দেওয়া হয়। এর পর থেকে বাংলাদেশসহ সাতটি দেশ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।কথাবন্ধু: এটা কি দেশভিত্তিক, নাকি বৈশ্বিক কোনো পুরস্কার?সামি এ হাফিজ: এটা একটা বৈশ্বিক কর্মসূচি। একক ক্ষেত্রে যাঁরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন, তাঁদের আমরা হংকং নিয়ে যাই। সেখানে স্থানীয়ভাবে যাঁরা স্বর্ণপদক পেয়েছেন, তাঁরা অন্যান্য দেশের সবার সঙ্গে প্রতিযোগিতা করেন একটা বৈশ্বিক পুরস্কার পাওয়ার জন্য। বাকিরা দর্শক হিসেবে যান। সেখানে আবার তিন দলের জন্য আমরা শিক্ষাসফরের ব্যবস্থা করি।কথাবন্ধু: গত বছরের উল্লেখযোগ্য দিক কী ছিল?সামি এ হাফিজ: সারা বিশ্বেই এখন পরিবেশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে পরিবেশের দিকে লক্ষ রেখে ব্যবসার চিন্তা করা হচ্ছে কি না, তা বিবেচনা করা হয় প্রতিযোগিতার ক্ষেত্রে। ধারণাগুলো বাছাই করার সময় বিবেচনা করা হয় ব্যবসার ধারণাটা কতটা সৃজনশীল, অভিনব ও সময়ের সঙ্গে মানানসই। শুধু তা-ই নয়, প্রত্যেক দেশের আলোকেই ব্যবসার ধারণা করা হয়েছে কি না, সেটাও বিবেচনা করা হয়। এটাকে অবশ্যই স্থানীয় দেশের জন্য গ্রহণযোগ্য হতে হবে।শ্রোতাবন্ধু: গত দুবার অংশগ্রহণ করে দেখেছি হংকং থেকে সবাই প্রযুক্তিনির্ভর ব্যবসার পরিকল্পনা জমা দিচ্ছে। এর কি বিশেষ কোনো গুরুত্ব আছে?সামি এ হাফিজ: প্রযুক্তি কিন্তু সব সময় প্রযোজ্য নয়। কয়েক বছর ধরেই আমাদের ছাত্রছাত্রীরা যেসব পরিকল্পনা জমা দিয়েছেন তাতে কিন্তু প্রযুক্তি ছিল না। কিন্তু ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত যে চার বছর আমরা অংশ নিয়েছি, প্রতিটিতে কিন্তু বাংলাদেশ প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অর্জন করেছে। বেশির ভাগেই কিন্তু প্রযুক্তি ছিল না। মজার বিষয় হচ্ছে, হংকং কিন্তু কোনো পুরস্কার পায়নি। যত উন্নত দেশই হোক, ব্যবসার ধারণা, প্রকল্পের বিবরণ কী হবে সেটাই মূল বিষয়।কথাবন্ধু: এ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রক্রিয়াটা কী?সামি এ হাফিজ: ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। যেকোনো বিষয়ে পড়ালেখাই করুন না কেন, তাঁরা দুই বা তিনজনের দল হিসেবে এখানে অংশ নিতে পারবেন। একই বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে, এমন কোনো কথাও নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা দল গড়তে পারেন। ওয়েবের মাধ্যমে ধারণা জমা দেওয়ার পর যাচাই-বাছাই করে ৩০টা দল আমরা নির্বাচন করি। এরপর একটা কর্মশালা করি, যেখানে একটা ব্যবসার পরিকল্পনা দাঁড় করাতে কী কী প্রয়োজন, সে সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এ পরিকল্পনা দাঁড় করানোর পর সেখান থেকে সাতটা দল নির্বাচন করা হয়। এই সাত দলকে আরেকটা কর্মশালার মাধ্যমে কীভাবে পরিকল্পনা উপস্থাপন করা হয়, সে সম্পর্কে জ্ঞান দেওয়া হয়। চূড়ান্ত সাত দল দর্শক ও বিচারকদের সামনে সরাসরি তাদের ব্যবসার পরিকল্পনা উপস্থাপন করে। এরপর বিজয়ী নির্ধারণ করা হয়। কথাবন্ধু: পরিকল্পনার বিষয় কি আপনারা নির্ধারণ করে দেন?সামি এ হাফিজ: না। তবে এতে আর্থিক সম্ভাবনার বিষয়টা অবশ্যই থাকতে হবে। কেননা, কোনো একটা প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মধ্য দিয়ে চলতে পারে না। কিন্তু ধারণাটা যেকোনো বিষয় থেকেই হতে পারে। এমনও হতে পারে, কোনো একটা প্রতিষ্ঠান বা পণ্যকে কীভাবে আরও উন্নত করা যায়, সেই পরিকল্পনা। আসবাব যেমন কাঠ দিয়ে তৈরি হয়, কিন্তু কচুরিপানা দিয়ে ফার্নিচার তৈরির পরিকল্পনা করা হয়েছে। এ রকম কিছু ধারণা, যেটা বাস্তবায়ন করা সম্ভব। খরচের বিষয়টা আমরা দেখি না। শ্রোতাবন্ধু: প্রতিবছর অনেক ব্যবসার ধারণা আসছে। কিন্তু বাংলাদেশে সেই ধারণাগুলোর বাস্তবায়ন হচ্ছে কি?সামি এ হাফিজ: ব্যবসার ধারণাগুলো আসে, অনেক সময় দেখা যায়, বাইরের বিনিয়োগকারীরা নিজেরা এগিয়ে আসেন ওই ধারণা নিয়ে কাজ করার জন্য। যেমন ২০০৬ সালে যাঁরা বাংলাদেশ থেকে প্রথম হয়েছেন, তাঁরা হংকংয়েও প্রথম হয়েছেন। তাঁদের সেই ধারণা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য বলাও হয়েছিল। ওঁরা শিক্ষার্থী বলে তা সম্ভব হয়নি। অপরদিকে, ফিলিপাইনের একটি দল প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়ন করে ফেলেছে। মানসিকতার দিক থেকে এরা একটু পিছিয়ে আছে। পড়াশোনা চলার সময় কোনো ব্যবসা দাঁড় করানোর চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতার অভাব। এই মানসিকতার পরিবর্তন খুব জরুরি। তাহলেই সেই পরিকল্পনার বাস্তবায়ন করা সম্ভব হবে। অনুলিখন: সাইফ উদ্দিন