ধারাভাষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা!
টেলিভিশনে খেলা দেখার যে আনন্দ, তার অর্ধেক থাকে পর্দার ছবিতে, বাকি অর্ধেক আনন্দ আসে একজন ভালো ভাষ্যকারের ধারাবিবরণী থেকে। মজার মজার মন্তব্য দিয়ে তিনি সাধারণ কোনো খেলাকেও করে তুলতে পারেন আকর্ষণীয়। তবে অভিজ্ঞ ভাষ্যকারেরও সীমাবদ্ধতা থাকতে পারে। সেই সীমাবদ্ধতা থেকে উত্তরণে বিজ্ঞানীরা প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছেন।ধারাভাষ্যের আকর্ষণ বাড়াতে স্কোরস নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাব্যবস্থা (এআই) বা প্রযুক্তি ব্যবহারে সাফল্য আসতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। ভিডিও গেমসে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। তবে বাস্তব খেলার ক্ষেত্রে স্কোরসের প্রয়োগ নিয়ে গবেষণা চলছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলতি মাসে অনুষ্ঠেয় এআইআইডিই সম্মেলনে স্কোরস প্রযুক্তি ব্যবহারের বিষয়টি উপস্থাপন করা হবে।কানাডার অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গ্রেগ লি বলেন, খেলার ধারাবিবরণীতে স্কোরস এমন সব সরস মন্তব্য জুড়ে দিতে পারে, যা হয়তো ব্যক্তি ধারাভাষ্যকার চিন্তাই করতে পারেননি। কৌতুকপূর্ণ ধারাভাষ্য দর্শক পছন্দ করে। স্কোরস ব্যবহারের ক্ষেত্রে বিষয়টি মাথায় রাখা হচ্ছে। বেসবল খেলার ধারাভাষ্যে এই প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা চালানো হয়েছে। সরাসরি সম্প্রচারিত কোনো খেলায় অংশগ্রহণকারী নির্দিষ্ট দলের সামর্থ্য, অবস্থান (র্যাঙ্কিং), গুরুত্বপূর্ণ খেলোয়াড়, খেলার স্কোর, অবশিষ্ট সময় প্রভৃতি তথ্য-উপাত্ত নিয়ে কাজ করবে স্কোরস। এটি ওই তথ্য-উপাত্তের সবচেয়ে প্রাসঙ্গিক অংশটি ধারাভাষ্যে ব্যবহারের জন্য ব্যক্তি ভাষ্যকারকে পরামর্শ দেবে।যুক্তরাজ্যের বেতার ধারাভাষ্যকার টম রেনি বলেন, ক্রিকেট ও বেসবলের মতো আট থেকে ১০ ঘণ্টাব্যাপী দীর্ঘ খেলায় স্কোরস ব্যবহার আকর্ষণীয় হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউ সায়েন্টিস্ট।