ধীরে জমছে বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সারা বছর অপেক্ষা করি বাণিজ্য মেলার জন্য। কারণ, মেলায় পাকিস্তানি ও ইরানি প্যাভিলিয়ন থাকে। এখানকার পণ্যগুলো বাইরে কোথাও পাই না। আবার রাজশাহী সিল্কের স্টলগুলোতে কম দামে সিল্কের শাড়ি পাওয়া যায়, যেটা মেলা ছাড়া সম্ভব নয়।’ নগরের লাভ লেন থেকে আসা গৃহিণী উম্মে হাবিবা চৌধুরী এভাবেই জানালেন তাঁর কাছে বাণিজ্য মেলার গুরুত্বটা কত বেশি। তাঁর মতো অনেকেই ছুটছেন এখন মেলায়। ফলে ধীরে ধীরে জমে উঠছে বাণিজ্য মেলা। বাড়ছে লোকসমাগম। বিক্রেতারা আশা করছেন, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মেলা পুরোপুরি জমে যাবে।নগরের পলো গ্রাউন্ডে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) এটি ১৯তম আসর। মেলায় অষ্টম বারের মতো কান্ট্রি পার্টনার থাইল্যান্ড। এ ছাড়া নিজেদের পণ্য নিয়ে এসেছে পাকিস্তান, ইরান, আরব আমিরাত ও কোরিয়া। মেলা কমিটির কো-চেয়ারম্যান আশিক ভূঁইয়া বলেন, মেলা ইতিমধ্যে জমে উঠেছে। শুক্রবার ছুটির দিনে প্রচুর লোক সমাগম হচ্ছে। এখন প্রতিদিন মানুষ বাড়ছে।মেলা ঘুরে দেখা যায়, থাইল্যান্ড, পাকিস্তান, আরএফএল, ইউনিলিভার ও ফ্রেশের প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় লেগেই আছে। ফ্রেশের প্যাভিলিয়নে বাচ্চাদের আগ্রহ বেশি। প্যাভিলিয়ন করা হয়েছে জাহাজের আদলে। এখানে বাচ্চাদের জন্য ত্রিমাত্রিক চলচ্চিত্র (থ্রিডি সিনেমা) দেখা ও ট্রেনে চড়ার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে বাচ্চার কারণে হলেও মা-বাবারা এ প্যাভিলিয়নে ঢুঁ মারছেন। মেঘনা গ্রুপের উপব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) আবিদ হোসেন বলেন, ‘আমাদের প্যাভিলিয়ন সাজানো হয়েছে অন্যভাবে। পণ্য কিনলে নানা ধরনের ছাড় থাকছে। এ ছাড়া বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।’ রাজশাহী সিল্ক, প্রসাধনসামগ্রী, জুতা, আচার, আসবাবসহ বিভিন্ন দোকানেও ক্রেতারা ঢুঁ মারছেন। তবে বেচাকেনা এখনো তেমন ভালোভাবে হচ্ছে না বলে জানালেন প্যাভিলিয়নের বিক্রয়কর্মীরা। কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজের প্যাভিলিয়নে কথা হয় সহকারী ব্যবস্থাপক হাসান হাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, বিশ্বকাপ ক্রিকেটের কারণে মেলা পুরোপুরি জমে উঠতে সময় লাগছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে বিক্রি বাড়বে। এখন যাঁরা মেলায় আসছেন তাঁরা বেশির ভাগই পণ্য দেখছেন। কিনবেন আরও পরে। একই কথা বললেন ইউনিলিভার প্যাভিলিয়নের বিক্রয়কর্মী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, বিশ্বকাপের কারণে মেলা ধীরে জমছে।চিটাগাং চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের কারণে এবারের মেলার গুরুত্ব বেশি। বিদেশিরা আমাদের পণ্য সম্পর্কে জানবে। এতে দেশীয় পণ্যের প্রসার বাড়বে। কারণ, মেলার ৮০ শতাংশ স্টল সাজানো হয়েছে দেশীয় পণ্য দিয়ে।’মেলা কমিটির কো-চেয়ারম্যান আশিক ভূঁইয়া বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের দুটি খেলা চট্টগ্রামে হবে। এ সময় বিদেশি অনেক দর্শক আসবেন মেলায়। তাই দেশীয় পণ্যের প্রসারে আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। এ ছাড়া প্রাকৃতিক সপ্তাশ্চর্যে সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য আমরা বিশেষ স্টল রেখেছি। যেখানে মানুষ সুন্দরবনকে ভোট দিতে পারবেন।’ তিনি বলেন, প্রতিবার মেলার খাবারের দাম নিয়ে অভিযোগ থাকে। এবার শুরু থেকেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি খাবারের স্টলকে মূল্য তালিকা দিয়ে দেওয়া হয়েছে। কেউ বেশি নিলে মেলা কমিটি ব্যবস্থা নেবে। আশা করছি, মানুষ স্বচ্ছন্দে কেনাকাটা করতে পারবে।চেম্বার সূত্র জানায়, এবারের মেলায় আটটি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, চারটি মিনি মেগা প্যাভিলিয়ন, আটটি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ১৬টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ১৭১টি মেগা বুথ, ৭৮টি প্রিমিয়ার বুথ, ১৪টি পপুলার বুথ ও চারটি রেস্তোরাঁসহ ৩৬টি প্যাভিলিয়ন ও ২৬৩টি স্টল রয়েছে। মেলায় অংশ নিচ্ছে তিন শতাধিক প্রতিষ্ঠান।