ধুতি ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন মানেই বৈচিত্র্য। সেই বৈচিত্র্য হোক একের ভেতর তিনে—ফ্যাশনে, আরামে, ঐতিহ্যে। এই তিনের মিলনে আজকের আধুনিক তরুণীর কাছে তাই কুর্তার সঙ্গে ধুতিপাজামা হয়ে উঠেছে প্রিয় পোশাক। ‘আমাদের এই উপমহাদেশের সংস্কৃতি ও কৃষ্টিগত বৈচিত্র্য যুগ যুগ ধরেই চলছে; যে বৈচিত্র্যের ছাপ পড়েছে এ দেশের মানুষের পোশাক-আশাকেও। উনিশ শতকে এ অঞ্চলের সবাই পরত ধুতি আর বিশেষ হেরেম পাজামা—এই দুয়ে মিলে তৈরি এখনকার ধুতিপাজামাগুলো। কুর্তা ঘরানার কামিজের সঙ্গে এসব পাজামা মানিয়ে যায় খুব সহজে।’ এভাবেই বলছিলেন মায়াসির ফ্যাশন ডিজাইনার মাহিন খান।আজকের আধুনিক তরুণীরা তাদের একঘেয়ে ফতুয়া, জিনস অথবা সালোয়ার-কামিজের পরিবর্তে বেছে নিতে পারেন কুর্তা আর ধুতির এ নতুন সাজ। বিশেষ করে কিশোরী বয়সে এ পোশাক চমৎকার মানাবে। বন্ধুবান্ধবের সঙ্গে বিকেলের আড্ডায়, সারা দিনের ঘোরাঘুরি কিংবা বিশেষ কোনো উৎসব-অনুষ্ঠানে—সব জায়গাতেই মানানসই এই পোশাক। তবে প্রাতিষ্ঠানিক কিংবা অফিস-আদালতের আনুষ্ঠানিকতায় নয় বলেই মনে করেন মাহিন খান। যাত্রার ধানমন্ডি আউটলেটের ম্যানেজার মাহমুদ হোসেন বলেন, ‘ফ্যাশনে নতুন সংযোজন ধুতিপাজামা। এটি ঠিক ধুতি নয়, আবার ঠিক পাজামাও নয়। দুটোর মিশেল। ক্রেতাদের পছন্দ বিবেচনা করেই আনা হয়েছে এ পোশাক। ছেলেদের জন্য সাদা, কালো আর মেয়েদের জন্য করা হয়েছে সাদা, কালোসহ সবুজ, ছাই, লাল, বাদামি, নীল বিভিন্ন রঙের ধুতি। আরামের দিকে গুরুত্ব দিয়ে ধুতিগুলো তৈরি করা হয়েছে সুতি কাপড়ে। যাত্রায় পাওয়া যাচ্ছে দুই ধরনের ধুতি। একটি শুধু ইলাস্টিকসহ, অন্যটি জিপার ও পকেটসহ। ছেলেদের ধুতির ভাঁজটা কোমর থেকে আর মেয়েদেরটি তার একটু নিচে থেকে।’ বিভিন্ন দেশীয় ফ্যাশন হাউসে পাওয়া যাচ্ছে ধুতিপাজামা। তবে আপনি চাইলে নিজের পছন্দমতো রং, আকৃতি, ডিজাইনে বানিয়েও নিতে পারেন। ঢাকার গাউছিয়া নূর ম্যানশন মার্কেটের সিটি লেডিস টেইলার্সের মাস্টার নাজীম বলেন, ধুতিপাজামার জন্য আড়াই হাত বহরের সাড়ে তিন গজ কাপড় প্রয়োজন হয়। কাপড় কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, কাপড়টি যেন দুই হাত বহরের না হয়। এতে বানানোর সময় জোড়া পড়ে। তাই দেখতে ভালো লাগে না। ধুতির সঙ্গে পরার জন্য নির্বাচন করতে পারেন রঙিন কুর্তা। একটু লম্বা কামিজও বেশ মানিয়ে যাবে এর সঙ্গে। তবে খাটো ফতুয়া এর সঙ্গে না পরাটাই ভালো। কামিজ লম্বায় হাঁটুর নিচ অথবা হাঁটু অবধি হলে দেখতে ভালো লাগে। এর সঙ্গে পরতে পারেন লম্বা শার্ট। ধুতির সঙ্গে পাশ্চাত্য সাজটাও মন্দ লাগবে না। কামিজ, কুর্তা, শার্ট যেটিই হোক না কেন, তা যেন আঁটসাঁট না হয়। একটু ঢিলেঢালা হলে ধুতির সঙ্গে মানানসই হবে। ইচ্ছে করলে কুর্তা বা শার্টের হাতায় কুঁচি বা ফ্রিলও বেছে নিতে পারেন। ধুতির রঙের মধ্যে আছে সাদা, ঘিয়ে, কালো, বাদামি, কফি। এগুলো প্রায় সব রঙের কুর্তা-কামিজের সঙ্গেই পরা যায়। রঙিন কুর্তার সঙ্গে মিলিয়ে পরতে পারেন এসব রং। তবে যাঁরা একটু ভারী স্বাস্থ্যের অধিকারী, তাঁরা একই রঙের কুর্তা ও ধুতি পরুন, এতে আপনাকে ভালো দেখাবে। পাতলা গোছের যাঁরা, তাঁরাও লাল, সবুজ, কফি এসব রঙের ধুতি পরতে পারেন বিপরীত রঙের কুর্তা মিলিয়ে। তবে জমকালো অনুষ্ঠানে ধুতি পরতে চাইলে এর কুর্তাটি পরুন একটু জমকালো। উদাসীন ভাবের এ পোশাকের সঙ্গের সাজটিও হবে উদাসীন, তা খেয়াল রাখুন। কাঠ বা পুঁতির বড় একটা মালা ঝুলিয়ে দিতে পারেন গলায়। আর হাতে একটা ধাতুর কিংবা কাঠেরই মোটা বালা। কানে পাটখড়ি কিংবা নারকেলের দুলটাও বেশ ভালোই লাগবে এর সঙ্গে। অথবা সাজগয়না একেবারেই বাদ দিয়ে কপালে পরে নিন লাল-কালোর একটা তিলক আর পায়ে চটি জুতা। সঙ্গে একটা পাট বা কাপড়ের তৈরি থলিব্যাগ থাকলেও মন্দ হয় না। ক্যাজুয়াল পোশাক হিসেবে ধুতির ফ্যাশন ফিরে এসেছে। মডেল: শায়নাপোশাক ও অনুষঙ্গ: যাত্রা সাজ: পারসোনা