ধুমধাড়াক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিন সকালে এক ধরনের আলস্য নেশা পেয়ে বসে। ঘুম ভাঙলেও চোখে মেলতে ইচ্ছা করে না। কাজের তাড়া বলে, উঠে যা; জেঁকে বসা আলস্য বলে, পড়ে থাক।আজও এমন এক ঘোরে বুঁদ হয়ে আছি। হঠাৎ কানের কাছে মৃদু কণ্ঠ, ‘আব্বু, একটা কথা বলব?’চোখ না খুলেও টের পাচ্ছিলাম আমার ক্লাস সিক্সে-পড়ুয়া ছেলে রাতুল আলতো পায়ে ঘরময় পায়চারি করছে। কিছু একটা বলতে চায়। তা হতে পারে উদ্ভট কোনো বায়না। প্রায়ই যা হয়। আমার পা নড়া দেখে টের পেয়েছে, জেগে আছি।আমি চোখ না খুলেই বলি, ‘বলো।’‘আচ্ছা, বাবা দিবস আছে, মা দিবস আছে; বাচ্চা দিবস নেই?’আমি বলি, ‘আছে তো। শিশু দিবস আছে না?’‘আরে না, শিশু দিবস না। বাচ্চা দিবস। মানে ছেলেমেয়ে দিবস।’হেসে বলি, ‘খুব দরকার?’রাতুল ভারিক্কি চালে বলে, ‘হলে ভালো হয়।’আমি সানন্দে ঘোষণা দিই, ‘যাও, আজ বাচ্চা দিবস।’‘উফ্, দারুণ!’এই বলে নাচতে নাচতে চলে যায় রাতুল। খুব সহজে ঝামেলা থেকে পার পেয়ে হাঁপ ছাড়ি। তারপর যেই একটু পাতলা ঘুমে ডুবেছি, অমনি মাথার চুলে আচানক ঝাঁকি। তড়াক করে উঠে পড়ি। আমার তিন বছরের মেয়ে রিশার কাণ্ড।অস্থিরভাবে মেঝেয় পা আছড়াতে আছড়াতে ও বলে, ‘খবেবাশ, খবেবাশ! আব্বু, খবেবাশ কিনে দাও।’কচি হাত হলেই কী; চুল বলে কথা। মাথার ভেতর ঝিমধরা লাটিমের চক্কর সয়ে নিতে একটু সময় লাগে। জানি, এটা রাতুলের ফন্দি। প্রথমে কায়দা করে বাবার কাছ থেকে ‘বাচ্চা দিবস’ বাগিয়েছে। এখন বোনকে দিয়ে খবেবাশ, মানে খরগোশ বাগানোর চেষ্টা।কয়েক দিন আগে রাতুলকে টিনটিনের কয়েকটা বই কিনে দিয়েছি। তখন ও কথা দিয়েছিল, এ মাসে খরগোশ নেবে না। শিশুমনের দুরন্ত ইচ্ছা এতে বাগড়া দিতে বসেছে।‘খবেবাশ খবেবাশ’ করেই চলেছে রিশা। আদর করে থামানোর চেষ্টা করি ওকে। বলি, ‘দেব মা, দেব। এভাবে লাফালে দেব না।’রিশার লাফালাফি থেমে যায়। নাক কুঁচকে বলে, ‘কখন দেবে?’ঝামেলা খসাতে নাশতার কথা পাড়ি, ‘তুমি ডিম খেয়েছ?’জানি, এখুনি ঝেড়ে এক দৌড় দেবে ও। কিন্তু আমার এ কৌশল কাজে লাগল না। রিশা গোঁ ধরে বলল, ‘তাত্তালি খবেবাশ নিয়ে আতো। ওল ছঙ্গে ডিম খাব।’আমি এবার দুষ্টুর চূড়ামণিকে ডাকি। রাতুলকে ডেকে শাসাই, ‘পড়াশোনা বাদ দিয়ে এসব কী! তুমি না প্রমিজ করেছ এ মাসে খরগোশ নেবে না। এখন আবার বোনকে উসকে দিয়েছ কেন?’আমার আক্রমণের মুখে ছেলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে। বলে, ‘আব্বু, বাবা দিবসে তোমাকে আমি গিফট (আড়ংয়ের মগ, যার গায়ে লেখা—ওয়ার্ল্ডস বেস্ট বাবা) দিলাম না একটা। আর আজকে নিজেই বাচ্চা দিবস ঘোষণা করে আমাকে কত বকা দিচ্ছ? লাগবে না তোমার খরগোশ।’ছেলের কথায় আমার ভেতরকার বাবাটি এক লাফে কাঁধে চড়ে বসে। কানে কানে বলে, ‘দে না রে, খরগোশই তো। টাকা আর কতই যাবে?’ওদের মা এসে দাঁড়ায় মাঝখানে। বলে, ‘ছেলেমেয়ে যখন এত করে বলছে, দাও না কিনে।’আমি বলি, ‘পরে তো আবার বলবে ওরা যখন যা চায়, দিয়ে দিয়ে নষ্ট করে ফেলছ।’গিন্নি বলে, ‘ওসব কথা রাখো। চলো, আমিও যাব।’খানিক পর স্কুটারে চেপে পৌঁছে যাই কাঁটাবনে। পোষা মাছের দোকানগুলো ছেলেমেয়েকে বেশ আকৃষ্ট করে। ওরা কয়েক কদম হাঁটে, আর হুট করে ঢুকে পড়ে কোনো মাছের দোকানে। মুগ্ধ চোখে দেখতে থাকে অ্যাকুরিয়ামের মাছ। ওদের কথা কী আর বলব, আমরাও মজে যাই।একসময় গিন্নি বলে, ‘চলো, ছোটখাটো একটা অ্যাকুরিয়াম নিয়ে যাই। আবার কখন আসব ঠিক আছে?’মায়ের কথায় জোরাল সমর্থন জানায় ছেলে। ছোটটি না বুঝেই লাফাতে থাকে। কেনা হয় একটা ছোটখাটো অ্যাকুরিয়াম। দোকানি সেটা আমার হাতে গছিয়ে দিয়ে বলে, ‘শক্ত করে ধরেন, ভাইসাব। স্কুটার পাওয়া পর্যন্ত একটু কষ্ট করতে হবে।’ছোট বটে, কিন্তু ওজন কম নয়। এর মধ্যে দোকানি এতে ঝপাঝপ কিছু খুদে পাথর ফেলে আরও ভারী করে তোলে। কিছু রঙিন মাছ কেনা হয়। পলিথিনের একটি ব্যাগে পানি ভরে সেখানে মাছগুলো ছেড়ে মুখটা ভালো করে বেঁধে দেয় দোকানি।এক হাতে অ্যাকুরিয়াম সামলে মানিব্যাগ বের করে কোনোমতে টাকা দিই। ফেরার সময় দেখি, দোকানি কী মনে করে মুখ টিপে হাসছে। আমার গিন্নির মুখেও দেখি একই হাসি। কারণ খুঁজে দেখার আগেই ঝপাৎ। পলিথিনের মুখ খুলে মাছ আর পানি অ্যাকুরিয়ামের ভেতর ছেড়ে দিয়েছে রাতুল। এতে আরও ওজন বেড়ে গেল অ্যাকুরিয়ামের। আমার নড়াচড়া বন্ধ হওয়ার মতো অবস্থা।ছেলেকে রাগ দেখিয়ে বলি, ‘এটা কী করলে?’‘আংকেলটা থলের মুখ এমন টাইট করে বেঁধেছিল না, মাছগুলো দম আটকে মারাই যেত।’আমি আরও রাগ দেখিয়ে বলি, ‘এখন তো আরও সমস্যা হবে। চারদিকে গাড়ির হর্নের যে সাউন্ড, হার্ট অ্যাটাকেই মারা যাবে মাছগুলো।’ছেলে এক দৌড়ে ঢোকে মাছের দোকানে। পানিভর্তি পলিথিনের ব্যাগ এনে ফেলে অ্যাকুরিয়ামে। বাধা দেওয়ার কোনো সুযোগই পেলাম না। রাতুল বলে, ‘স্যার বলেছেন, বেশি পানি থাকলে সেখানে সাউন্ড যেতে পারে না।’হঠাৎ বিকট শব্দে ডেকে ওঠে একটা ভয়ালদর্শন শিকারি কুকুর। আরেকটু হলেই অ্যাকুরিয়ামটা পড়ে যেত হাত থেকে। রিশা কোত্থেকে একটা লম্বা কাঠি কুড়িয়ে খোঁচা মেরেছে খাঁচার ভেতর বসে থাকা কুকুরটাকে। এতেই তার এত রাগ। দেরি না করে শিগগির এক জোড়া খরগোশের ছানা কিনে ফেলি। আমার হাত আটকা থাকায় গিন্নি টাকা দেয়। এবার বাড়ি ফেরার পালা।আমার অবস্থা বেশ কাহিল। মাছভরা অ্যাকুরিয়াম নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে আছি। অনেকে মজা করে তা দেখছে। অনেকক্ষণ পর একটা স্কুটারের দেখা মিলল। দরদাম না করেই উঠে পড়লাম। বসার পর মনে হলো, পেছনের পকেটটা ফাঁকা। আমার বেকায়দা অবস্থার সুযোগ নিয়ে দা মেরেছে পকেটমার। বুকটা চচ্চড় করে উঠল। ৫০০ টাকার অন্তত ১০টা নোট ছিল মানিব্যাগে।গিন্নিই স্কুটারের ভাড়া মেটাল। ঘরে ঢুকে মাছ আর খরগোশ নিয়ে আনন্দে মেতে উঠল ছেলেমেয়ে। আমিও এতে যোগ দিতে পারতাম, কিন্তু বাগড়া দিল মানিব্যাগ হারানোর দুঃখ।মুখ ব্যাদান করে সোফায় বসে আছি। গিন্নিকে কথাটা বলব কি না ভাবছি, এমন সময় ঝুপ করে কোলের ওপর এসে পড়ল মানিব্যাগ। সামনে গিন্নি। মুখে সেই হাসি। বলল, ‘মাছের দোকানে ব্যাক পকেটে রাখতে গিয়ে ফেলে দিয়েছিলে। টের পাওনি। ভাগ্যিস দেখেছিলাম!’এতক্ষণে টের পাই দোকানি ও গিন্নির হাসির কারণ। নিমেষে সব ক্লান্তি দূর হয়ে যায়। হারানো টাকা ফিরে পাওয়ার মতো শান্তি আর নেই।