ধুর! এ কী করছেন মা
ছেলের জন্য নিজ হাতে মুরগির ঝোল রান্না করে রেখে গিয়েছিলেন জুলিয়া (ছদ্মনাম)। ছেলের জলবসন্ত হয়েছে। পুষ্টিকর খাবার দরকার এ সময়। সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে দেখেন মুরগির ঝোল সেভাবেই পড়ে রয়েছে। ব্যাপারটা কী? বাবু কিছু খায়নি? জানা গেল, জুলিয়ার শাশুড়ি বলেছেন বসন্ত হলে আমিষ খেতে হয় না। বাবুকে তাই মাংস খাওয়ানো হয়নি। শুনে চোখ ফেটে পানি আসে জুলিয়ার। বাড়িসুদ্ধ লোক মাছ-মাংস খাচ্ছে আর বাচ্চাটা না খেয়ে থাকবে? রেগে গিয়ে বলেন, এই সব মাতব্বরি আমার একদম ভালো লাগে না! শাশুড়ি ম্লান মুখে বললেন, আমি তো শুনেছি বউমা এ সময়...জবাবে জুলিয়া ঝংকার দিয়ে ওঠে, নিজের ছেলেমেয়ে মানুষ করার সময় যা করেছেন তা কি অন্যের বেলায়ও চলবে? সময় বদলে গেছে না? ইত্যাদি ইত্যাদি। রাতে জুলিয়া ভাবে—ধুর, এভাবে আর হবে না। আর শাশুড়ি গোমড়া মুখে ভাবলেন, কী দরকার নাতিকে দেখাশোনার জন্য এখানে পড়ে থাকার? ছোট ছেলের বাড়িতে চলে যাওয়াই ভালো। তখন দেখি বউমা কী করে?সীমার (ছদ্মনাম) অবশ্য শাশুড়ির সঙ্গে এ নিয়ে টানাপোড়েন হওয়ার সুযোগ নেই। কেননা তাঁর শাশুড়িই নেই। ব্যাংকের চাকুরে সীমা ছয় বছরের মেয়েকে বাবার বাড়িতে নামিয়ে দিয়ে রোজ অফিস যায়। আর মেয়েটা নানুর কাছে সারাক্ষণ এটা-ওটা আবদার করে। তাই এ নিয়ে মাঝেমধ্যে মায়ের সঙ্গে মনোমালিন্য হয় সীমার। এই তো সেদিন নিষেধ করা সত্ত্বেও মেয়েকে আইসক্রিম কিনে দিলেন মা। শুনে মেজাজ খারাপ হয়ে গেল সীমার। ভাবে, আবার জ্বর হলে এ সপ্তাহে কি বস ছুটি দেবেন? কী যে করে আম্মু! আর ফোনের ওপারে ওর মা দীর্ঘশ্বাস ফেলেন—একটা আইসক্রিমই তো, বাচ্চারা বায়না ধরলে কি মানা করা যায়? মেয়েটা কেন এত রেগে গেল?আগের প্রজন্মের মায়েরা যখন এই প্রজন্মের মায়েদের সন্তানকে মানুষ করছেন, তখন ধ্যানধারণার বা বিশ্বাসের পার্থক্যের কারণে খানিকটা খটাখটি প্রায়ই লেগে যায়। এ রকম এক অভিজ্ঞতার কথা বলেন চিকিৎসক রুনি। তাঁর আট বছরের ছেলে রাতে প্রায়ই ভীষণ ভয় পেয়ে জেগে ওঠে। একজন চিকিৎসক হিসেবে বিষয়টা ভাবিয়ে তুলেছিল তাঁকে। ছেলেকে নিয়ে শরণাপন্ন হন তাঁর এক মনোরোগ বিশেষজ্ঞ বন্ধুর কাছে। বন্ধুর কাছে যা শুনলেন তাতে চক্ষু চড়কগাছ। শিশুটিকে নিশ্চিন্তে দাদির কাছে রেখে কাজে যেতেন রুনি। রুনির ছেলে গল্প শুনতে চাইলে দাদি তাকে শোনাতেন ভূত-পেতনির গল্প। রুনি যতই বলেন ভূত-পেতনি বলে কিছু নেই, তাঁর ছেলে কিছুতেই বিশ্বাস করে না। রুনি বলেন, ‘ওর দাদিরও তো এসবে অন্ধ বিশ্বাস। আমার সন্তান যদি এ রকম কুসংস্কারে আক্রান্ত হয় তবে এই দুঃখ কোথায় রাখি বলুন!’ এসব টানাপোড়েন নিয়ে কথা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ নাফিয়া ফারজানার সঙ্গে। তিনি বলেন, ‘নানি-দাদির অনেক সংস্কার, অনেক ধ্যান-ধারণা আমাদের পছন্দ নাও হতে পারে। কিন্তু এসব পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গেই সামাল দিতে হবে। যেমন, শিশুকে বলা যায়, অনেক আগে দাদুর আমলে ভূত-প্রেত থেকেও থাকতে পারে, তাই হয়তো উনি অমন ভয় পেয়েছিলেন। কিন্তু এখন আর ওগুলো নেই। এটা তো মিথ্যে নয় যে তাঁরা যা করেন নাতি-নাতনির ভালোর কথা ভেবেই করেন। আর নাতি-নাতনির প্রতি তাঁদের ভালোবাসাতেও কোনো খাদ নেই। এটাকে কাজে লাগিয়েই তাঁদের প্রভাবিত করতে হবে। আর শিশুদের সামনেও এমন কোনো কথা বলা উচিত নয়, যাতে গুরুজনদের প্রতি তাঁর শ্রদ্ধা নষ্ট হয়। ওদেরও বুঝিয়ে বলতে হবে যে নানু বা দাদু যা বলেছেন তা না জেনে বলেছেন, জানলে নিশ্চয় বলতেন না।’