ধুর বোরিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছকে বাঁধা জীবনে সন্তানদের দ্রুত ক্লান্তি যেন না চলে আসে তা মা–বাবাকে খেয়াল রাখতে হবে। মডেল: দৃনা ছবি: অধুনা
ছকে বাঁধা জীবনে সন্তানদের দ্রুত ক্লান্তি যেন না চলে আসে তা মা–বাবাকে খেয়াল রাখতে হবে। মডেল: দৃনা ছবি: অধুনা

ইদানীং কিছুই ভালো না লাগা যেন রুটিনে পরিণত হয়েছে রুমকির (ছদ্মনাম)। কোনো কিছুতে আনন্দ পাওয়া যেন মুহূর্তেই শেষ। একটার পর একটা খেলনা দেওয়ার পরও অল্প কিছুদিন খেলেই আগ্রহ শেষ। সব সময় মায়ের কাছে একই ঘ্যান ঘ্যান—‘ভালো লাগে না’, ‘এখন কী করব’ ইত্যাদি। অপরদিকে কৈশোরে সদ্য পা দেওয়া মিয়া সিফাতেরও একই অভিযোগ। স্কুল থেকে ফিরে এসে যেন কিছুই করার থাকে না। কম্পিউটারে গেম খেলা, ছবি আঁকা, টিভি দেখা—কোনো কিছুতেই যেন বেশিক্ষণ আনন্দ পায় না। তবে কি যে শৈশব আর কৈশোর মানেই যেন নিমিষেই দিনগুলো চলে যাওয়া, সে শৈশব-কৈশোর এখনকার শিশুদের নেই? আসলে এ সময়টাতে সন্তান যেমন শরীরে দ্রুত বেড়ে ওঠে, তেমনি তাদের মনের গঠনও দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আর এ পরিবর্তনগুলোর জন্যই মনের ভেতর নানা কিছুর চাহিদা তৈরি হয়। অর্থাৎ শরীরের যেমন বাড়তি পুষ্টির দরকার হয়, মনের জন্যও প্রয়োজন হয় বাড়তি পুষ্টির। কাজেই শুধু স্কুলের নিয়মবদ্ধ পরিবেশ আর বদ্ধ ঘরের মধ্যে ছকে বাঁধা রুটিন জীবনের চাপে শিশুমনে দ্রুত ক্লান্তি চলে আসাটা অস্বাভাবিক না। তবে প্রশ্ন আসে, কোন কোন ক্ষেত্রে বাচ্চাদের একঘেয়েমির অভিজ্ঞতা বেশি হয়:

.
.

* যে পরিবারে শিশুর সমবয়সী কোনো সঙ্গী বা ভাইবোন থাকে না।
* ব্যস্ততার কারণে বাবা-মা বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ কম থাকে।
* অতিরিক্ত সময় কম্পিউটার গেম বা যেকোনো গেজেটে অথবা ইউটিউবে সময় কাটায় যেসব শিশু।
* কঠিন নিয়মের শাসন।
* স্কুল-বাসা-কোচিংয়ের ছকে বাঁধা রুটিনবদ্ধ জীবন।
* বন্ধুবান্ধবদের সঙ্গে মেলামেশা বা বাইরে খেলাধুলার সুযোগ কম থাকে যেসব শিশুর।
* কোনো কিছু চাওয়ার আগেই যেসব শিশু সবকিছু পেয়ে যায়। (অর্থাৎ কোনো কিছু পাওয়ার চ্যালেঞ্জ থাকে না যেখানে)
* শুধু বাসার বদ্ধ পরিবেশে বেড়ে ওঠা শিশু, যাদের বাইরে ঘোরার সুযোগ কম থাকে।
* কিছু কিছু মানসিক রোগ, যেমন বিষণ্নতা রোগে আক্রান্ত শিশু।
শিশুদের একঘেয়েমির অভিযোগ কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই। ‘একঘেয়েমির ক্লান্তি’র অভিযোগ মানেই কিন্তু শিশুর মানসিক চাহিদা ঠিকমতো পূরণ হচ্ছে না এবং মনের গঠন ও এর বিকাশ সুষ্ঠুভাবে হচ্ছে না। সুতরাং বিষয়টিতে নজর দেওয়া এবং এর সমাধান করা অভিভাবকের কর্তব্য।

তাহলে কী করা উচিত
* শিশুকে সপ্তাহে অন্তত এক-দুদিন বাইরে নিয়ে যান। খোলা পরিবেশের নানা কিছু শিশুর মস্তিষ্ককে উদ্দীপ্ত করে এবং তার বিকাশে সাহায্য করে।
* শিশুকে আশপাশের পার্কে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের বাসায় নিয়ে যান। নতুন নতুন মানুষের সঙ্গে তাদের পরিচিত করান।
* সন্তানকে সমবয়সী অন্য বাচ্চাদের সঙ্গে ভাব বিনিময় করার এবং বন্ধুত্বের সুযোগ দিন। প্রয়োজনে অন্য বাচ্চাদের বাসায় আমন্ত্রণ জানান।
* কম্পিউটার ও অন্যান্য যেকোনো গেজেটের ব্যবহার থেকে শিশুকে যথাসম্ভব দূরে রাখুন।
* শিশুর যেকোনো কিছু চাওয়ার সঙ্গে সঙ্গে সব সময় সেটা পূরণ করবেন না। শিশুর মধ্যে কোনো কিছুর চাহিদা তৈরি হওয়ার সুযোগ দিন। কোনো কিছু পাওয়ার আনন্দ বুঝতে সাহায্য করুন।
* সন্তানের সঙ্গে নানা প্রসঙ্গে কথা বলুন, নানা রকম দুষ্টুমি করুন, মজা করুন। তার বন্ধুবান্ধব সম্পর্কে জানতে চান।
* অল্প বয়স থেকেই শিশুকে নানা ধরনের গল্পের বইয়ের সঙ্গে পরিচিত করান। গল্পের বই সন্তানের কল্পনার ডালপালা বাড়াতে এবং জীবন সম্পর্কে কৌতূহলী করতে সাহায্য করবে।
* বাইরের খেলাধুলায় অন্যদের সঙ্গে তাকে খেলতে উৎসাহ দিন। একা খেলার বদলে প্রয়োজনে আপনিও তার সঙ্গে খেলায় অংশ নিন।
* ছোটবেলা থেকেই অতিরিক্ত নিয়মের বেড়াজাল ও কঠিন অনুশাসন থেকে বিরত থাকুন।
* বাইরে খেলার সুযোগ কম থাকলে নানা ধরনের ঘরোয়া খেলা যেমন: লুডু, দাবা, ক্যারাম ইত্যাদি নানা কিছু খেলার ব্যবস্থা করতে পারেন, যেটাতে পরিবারের অন্য সদস্যরাও অংশ নিতে পারে।
বাইরে যাওয়া মানেই ফাস্টফুড বা মার্কেটে গিয়ে খেলনা কেনা—এমন অভ্যাস তৈরি করা থেকে বিরত রাখুন। সময়ের ব্যস্ততা আর নানা কিছুর সীমাবদ্ধতা যদিও এখনকার বাস্তবতা, তারপরও মনে রাখতে হবে আপনার সন্তানের এই শৈশব ও কৈশোর সময়েই তার জীবনের ভিত তৈরি হয়। তার মনের যেকোনো ঘাটতির জের টানতে হবে সারা জীবন। তাই তার শরীরের পুষ্টির সঙ্গে সঙ্গে মনের পুষ্টির প্রতিও সমান নজর দেওয়া জরুরি।

মেখলা সরকার : মানসিক রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা