ধুলাবালু ও যানজট নিত্যসঙ্গী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজার মোড় থেকে গণি বেকারির দিকে আসছিল যাত্রীবাহী টেম্পোটি। গণি বেকারির কাছাকাছি একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে যাত্রীরা সামান্য আহত হন। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এটি গত বুধবার বিকেলের ঘটনা।গণি বেকারি-চকবাজার সড়কের মতো চট্টগ্রাম নগরের একাধিক সড়কে চলছে সম্প্রসারণের কাজ। ধীরগতির সংস্কারকাজের কারণে বাড়ছে দুর্ঘটনা ও ধুলাবালুর অত্যাচার। চলমান এসব প্রকল্পের কারণে বিভিন্ন এলাকায় এ রকম ছোটখাটো দুর্ঘটনা ও যানজট নিত্যদিনের ঘটনা। আর ধুলাবালুর আস্তরণে ঢাকা পড়ে যাচ্ছে এসব সড়কের আশপাশের ভবন আর গাছপালা। এসব সড়কে পথচারী আর যাত্রীদের চলাচল করতে হয় নাক চেপে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আগামী জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হবে।গত বুধ ও বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, নগরের গণি বেকারি-চকবাজার, আরাকান সড়ক এবং দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত সড়কের সম্প্রসারণ ও সংস্কারকাজ চলছে। চউক সূত্র জানায়, গত বছরের জুনে শুরু হওয়া আরাকান সড়কের বহদ্দারহাট থেকে কালুরঘাট সেতু পর্যন্ত ৬ দশমিক ৩ কিলোমিটার অংশের সম্প্রসারণ ও সংস্কারকাজ চলছে ২৬ কোটি টাকা ব্যয়ে। নগর থেকে বোয়ালখালী, কক্সবাজার, রাউজান, রাঙ্গুনিয়া ও কাপ্তাই যাওয়ার অন্যতম প্রধান সড়ক এটি।গত বৃহস্পতিবার দেখা গেছে, আরাকান সড়কের পুরোনো চান্দগাঁও থানা থেকে মৌলভি পুকুর পাড় অংশের পশ্চিম পাশের অংশের মাটি ভরাটের কাজ চলছে। এখানে উভয়মুখী সব ধরনের যানবাহন চলছে সড়কের পূর্ব পাশ দিয়ে। দিনের বেশির ভাগ সময় সড়কের এই অংশে যানজট থাকে। সিঅ্যান্ডবি থেকে বাহার সিগন্যাল পর্যন্ত অংশেও সড়কের পশ্চিম পাশের কার্পেটিং বাকি। কাপ্তাই রাস্তার মাথা থেকে কালুরঘাট সেতু পর্যন্ত সড়কের পশ্চিম পাশের কাজ মাত্র শুরু হয়েছে।একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণনকর্মী আরিফুল ইসলাম প্রথম আলোকে জানান, যানজটের কারণে বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা পৌঁছাতে এক ঘণ্টার মতো সময় লাগে। কয়েক জায়গায় রাস্তাও খারাপ। একবার যাওয়া-আসা করলে পুরো শরীরে ধুলার আস্তর পড়ে যায়। প্রকল্প পরিচালক ও চউকের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, প্রকল্পের ৭০ শতাংশ কাজ শেষ। গত কয়েক দিনের হরতালের কারণে কাজের গতি কিছুটা কম ছিল। সড়কের উভয় পাশে কয়েকটি স্থানে ইট-বালুর ব্যবসার কারণে ধুলাবালু বেশি হয়। আগামী জুনে প্রকল্প মেয়াদের মধ্যেই কাজ শেষ হবে।চউক সূত্র জানায়, নগরের গণি বেকারি থেকে চকবাজার হয়ে বহদ্দারহাট পর্যন্ত সড়কটি সম্প্রসারণে ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি টাকা। এই প্রকল্পের গণি বেকারি-চকবাজার অংশের কাজ শুরু হয় গত বছরের জুনে।সরেজমিন দেখা গেছে, সড়কের চট্টগ্রাম কলেজসংলগ্ন অংশে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছে। পুরো সড়কেই কোনো আস্তরণ নেই। পাশের চট্টগ্রাম কলেজ ও হাজী মোহাম্মদ মুহসীন কলেজ ক্যাম্পাসের ভবন ও গাছপালা ধুলায় ঢেকে গেছে। চট্টগ্রাম কলেজের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী মীর্জা আজিজুল ইসলাম বলেন, ‘সারা দিন চারপাশে ধুলা উড়তে থাকে। মনে হয় মরুভূমিতে এসে পড়েছি। কলেজে যাওয়া-আসা করলে শিক্ষার্থীদের কারও কারও শ্বাসকষ্ট ও সর্দি-কাশি শুরু হয়।’প্রকল্প পরিচালক আ হ ম মেজবাহ উদ্দিন বলেন, গত ফেব্রুয়ারি মাসে ওয়াসার পানি সরবরাহ লাইনের কাজ চলায় সড়কের কাজ বন্ধ ছিল। শুরুতে জমি অধিগ্রহণে কিছু সময় ব্যয় হয়েছে। এপ্রিলে কার্পেটিং করা হবে।দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত ডিটি সড়ক সম্প্রসারণের কাজ চলছে। চওড়া সড়কের একপাশ দখল করে রেখেছে ট্রাক-বাস, পিক-আপ ভ্যান। আর ফুটপাতে নিয়মিত বসছে বাজার ও আসবাবপত্রের দোকান।চউক সূত্র জানায়, ৬০ কোটি টাকা ব্যয়ে তিন কিলোমিটার দীর্ঘ মুরাদপুর-অক্সিজেন সড়কটি ৬০ ফুট প্রশস্ত করা হবে। সড়কের মুরাদপুর মোড়ে কাজ শুরু হওয়ায় এখানেও যানজট নিয়মিত ঘটনা।এ বিষয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘এসব সড়ক অনেক আগেই সম্প্রসারণ করা উচিত ছিল। একসঙ্গে অনেক সড়কের সম্প্রসারণ শুরু হওয়ায় নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে চউকের এসব প্রশংসনীয় প্রকল্পের কাজ শেষ হলে নগরবাসী এর সুফল পাবে।’