
আরাকান সড়কের নগর অংশের পুরোনো চান্দগাঁও থানা ভবন এলাকা থেকে মৌলভী পুকুরপাড়ের দূরত্ব প্রায় আধা কিলোমিটার। সোয়া দুই বছর আগে সড়কের এই স্থানটি উঁচু করে পিচঢালাই করা হয়েছিল। কিন্তু এখন সেখানে সড়কের অস্তিত্বই নেই। ছোট-বড় গর্ত তো আছেই, তার ওপর বৃষ্টি কিংবা জোয়ার হলে জমে থাকছে পানি। ফলে বৃষ্টিতে কাদাপানি, রোদের সময় কাদা শুকিয়ে ধুলাবালুর অত্যাচারে ত্রাহি অবস্থা চলাচলকারীদের।
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, পুরোনো চান্দগাঁও থানা এলাকায় ধুলাবালু উড়ছে সমানে। কিছু স্থানে স্তূপ হয়ে আছে কাদা। কাদার কারণে সংকুচিত হয়ে গেছে সড়ক। শুধু এই আধা কিলোমিটার নয়, নগরের বহদ্দারহাট থেকে কালুরঘাট সেতু পর্যন্ত আরাকান সড়কের সাড়ে পাঁচ কিলোমিটারে গাড়ি চলছে হেলেদুলে। বহদ্দারহাটের পর চান্দগাঁও আবাসিক এলাকা, সিঅ্যান্ডবি, বাহির সিগন্যাল, কাপ্তাই রাস্তা মাথা ও মোহরায় খানাখন্দে ভরে গেছে সড়ক। খানাখন্দের কারণে গতি কমে গেছে গাড়ির। ঝাঁকুনি খেতে খেতে পথ চলতে হচ্ছে যাত্রীদের। এর সঙ্গে চলছে ওয়াসার খোঁড়াখুঁড়ি।
নগরের পুরোনো চান্দগাঁও থানা ভবন এলাকার বাসিন্দা আশীষ কুমার নাথ প্রথম আলোকে বলেন, সড়কটি উঁচু করার পর মনে করেছিলাম জলাবদ্ধতা ও ধুলাবালু থেকে রক্ষা পাব। কিন্তু প্রত্যাশা অনুযায়ী সড়কটির সংস্কার হয়নি। ফলে ভোগান্তি রয়ে গেছে। এখন বৃষ্টি হলে এবং অমাবস্যা-পূর্ণিমায় হালদা নদীর জোয়ারের পানিতে পুরোনো চান্দগাঁও থানা ভবন এলাকা থেকে মৌলভী পুকুর পর্যন্ত রাস্তা ডুবে যায়। পানি সরে গেলে রাস্তায় কাদামাটির জন্য হাঁটা যায় না। আবার রোদের সময় বাতাসের সঙ্গে ধুলোবালু ওড়ে।
নগরবাসী ছাড়াও আরাকান সড়কের বহদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে চলাচল করে রাউজান, রাঙ্গুনিয়া ও কাপ্তাই উপজেলার মানুষ। এ ছাড়া মোহরা-কালুরঘাট হয়ে চলাচল করেন দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়ার বাসিন্দারা। চলাচল করে সব ধরনের যানবাহন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সূত্র জানায়, প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট মোড়ের কালভার্ট থেকে কালুরঘাট সেতু পর্যন্ত সড়ক সম্প্রসারণ, উঁচু করা ও পিচ ঢালাইয়ের কাজ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এয়াকুব অ্যান্ড ব্রাদার্স। প্রায় সোয়া দুই বছর আগে প্রকল্পের কাজ শেষ হয়। চলতি বছরের জানুয়ারিতে চউক সড়কটি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে। এরপর সড়কটির আর কোনো সংস্কার হয়নি। এর মধ্যে চলতি বছরের মাঝামাঝিতে সিটি করপোরেশন পাইপ লাইনের কাজ করার জন্য ওয়াসাকে খোঁড়াখুঁড়ির অনুমতি দেয়।
চউকের প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অমাবস্যা-পূর্ণিমায় হালদা নদীর জোয়ারের পানিতে সড়কের বিভিন্ন জায়গা তলিয়ে যেত। এ কারণে কিছু এলাকায় সড়কটি উঁচু করা হয়। তাতেও জোয়ারের পানি থেকে রক্ষা পায়নি সড়কটি। এখন মাঝারি মানের বৃষ্টিতে মাঝেমধ্যে সড়কের বিভিন্ন এলাকা হাঁটুসমান পানিতে তলিয়ে যায়।
প্রকল্প পরিচালক ও চউকের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, আরাকান সড়কটির কিছু অংশ উঁচু করে গাড়ি চলাচলের উপযোগী করতে পিচঢালাই করে দিয়েছিলাম। চলতি বছরের জানুয়ারিতে আমরা সড়কটি সিটি করপোরেশনকে বুঝিয়ে দিই। এরপর আবার খোঁড়াখুঁড়ির জন্য ওয়াসাকে সিটি করপোরেশন অনুমতি দেয়। এ জন্য ওয়াসা সড়কটি সংস্কারের জন্য পাঁচ কোটি টাকা নিয়েছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মদুনাঘাট প্রকল্পের পানি সরবরাহের জন্য আমরা রাতে রাস্তা কেটে আবার ভরাট করে দিচ্ছি। খোঁড়াখুঁড়ির কারণে সমস্যা হচ্ছে না। মদুনাঘাট প্রকল্পের নয় কোটি লিটার পানি গ্রাহকের কাছে পৌঁছে দিতে পাইপলাইন স্থাপন তো করতে হবে। আগামী বছরের মধ্যে খোঁড়াখুঁড়ি শেষ হয়ে যাবে।’
স্থানীয় বাসিন্দারা জানান, চউকের সংস্কারের আগেও সড়কের অবস্থা নাজুক ছিল। ২০১২ সালের ১৫ অক্টোবর আরাকান সড়কের বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত অংশ সংস্কারের দাবিতে সড়কে সৃষ্ট বড় বড় গর্তের পানিতে কই মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ করেছিল যাত্রীসেবা পরিবহন মালিক সমিতি। অভিনব এই আন্দোলন সাড়া জাগিয়েছিল।
সড়ক সংস্কার প্রসঙ্গে জানতে চাইলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ‘ওয়াসার মদুনাঘাট প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ কারণে নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে লালখান বাজার পর্যন্ত সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। এ ধরনের উন্নয়নকাজে তো বাধা দিতে পারি না। সড়কে কাটাকাটি শেষ হওয়ার পর আমরা রাস্তা সংস্কার করব।’