
সমানে উড়ছে ধুলাবালু। আশপাশের বাড়িঘর আর গাছপালাও বিবর্ণ হয়ে গেছে ধুলার আস্তরণে। এক হাত দূরত্বেও কিছু দেখা মুশকিল। এর মধ্যে চলাচল করছে শত শত যানবাহন। নাকে-মুখে কাপড় গুঁজেও চলাফেরা করা দায় হয়ে পড়েছে স্থানীয় লোকজনের। ফটিকছড়ির নাজিরহাট-ভূজপুর সড়কের এমনই বেহাল দশা এখন।
সড়কের পাশের মন্দাকিনী গ্রামের গৃহবধূ কুলসুমা আকতার (৪২) বলেন, ‘ধুলাবালুর কারণে দরজা-জানালা বন্ধ করেও ঘরে থাকা যাচ্ছে না। বাইরে চুলায় রান্না পর্যন্ত করতে পারছি না। ছেলেমেয়েদের নিয়ে খুব কষ্টে দিন কাটছে আমাদের।’
সরেজমিনে দেখা গেছে, ১৬ কিলোমিটারের সড়কটির পুরোটায় খানাখন্দে ভরা। কার্পেটিং নেই বললেই চলে। গাড়িও চলাচল করছে হেলেদুলে। তবে অটোরিকশা, জিপ ও রিকশার যাত্রীদের কষ্ট হচ্ছে বেশি। পাশ দিয়ে বড় একটি গাড়ি গেলেই আপাদমস্তক ধুলার আস্তরণ পড়ে যাচ্ছে। আশপাশের বাসিন্দারাও কষ্টে দিন কাটাচ্ছে। ধুলার হাত থেকে রক্ষা পেতে সড়ক-সংলগ্ন এলাকার বাসিন্দা এবং দোকানিরা নিজেদের উদ্যোগে কলস ও বালতি দিয়ে রাস্তায় পানি ছিটাচ্ছে।
জানা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, অটোরিকশা, জিপসহ পাঁচ শতাধিক যানবাহন চলাচল করে। তিন ইউনিয়ন—সুয়াবিল, হারুলছড়ি ও ভূজপুরের মানুষের যাতায়াতের একমাত্র পথ এটি। এ ছাড়া উত্তর চট্টগ্রামের সঙ্গে সহজ যাতায়াতের মাধ্যম হিসেবে এ সড়কে চলাচল করে অনেকে।
হারুয়ালছড়ি এলাকার বাসিন্দা মো. আবুল বশর বলেন, ‘বিকল্প যাতায়াতের কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। প্রায় সময় অসুস্থ হয়ে পড়ছি।’
নাজিরহাট-ভূজপুর সড়কে চলাচলকারী বাসচালক মো. আনিস উদ্দিন বলেন, সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় সময় গাড়ির যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। দ্রুত রাস্তার মেরামত করা না হলে এ পথে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, সড়কটি এখন এ অঞ্চলের মরণফাঁদ। বিষয়টি মাসিক সমন্বয় সভায় বেশ কয়েকবার উত্থাপন করেছি। কিন্তু এখনো কোনো কাজ হয়নি।’
এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, ‘চলতি অর্থবছরে নাজিরহাট-ভূজপুর সড়ক মেরামতের জন্য প্রকল্প প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করছি, শিগগির সড়কের মেরামতকাজ শুরু হবে।’