ধুলায় ধুসর শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে সমানে উড়ছে ধুলাবালু। কড়া রোদেও সবকিছু ঝাপসা। নাকেমুখে কাপড় গুঁজে চলাফেরা করছেন বেশির ভাগ মানুষ। এলাকা পার হওয়ার সময় ধুলার আস্তরণ পড়ে যাচ্ছে শরীরে। বিবর্ণ হয়ে পড়েছে আশপাশের গাছের পাতাও।

এ চিত্র গত মঙ্গলবার দুপুর ১২টার। স্থান নগরের জামালখান মোড়। শুধু জামালখান মোড় নয়, নগরের সাতটি সড়কেই এখন একই অবস্থা। যেন ধুলায় ধুসর নগর।

কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের আওতায় পাইপ বসানোর জন্য এসব সড়ক খুঁড়েছে চট্টগ্রামের পানি ও পয়োঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)। কাজও শেষ দিকে। কিন্তু খুঁড়ে রাখা সড়ক সংস্কারে এখনো পদক্ষেপ নেয়নি সিটি করপোরেশন। এতে একদিকে যেমন যান চলাচল ব্যাহত হচ্ছে, তেমনি ধুলাবালুর কারণে দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসীকে।

সরেজমিনে দেখা গেছে, নগরের প্রবর্তক থেকে গোলপাহাড়, আসকারদীঘির পার থেকে জামালখান, চকবাজার থেকে প্রবর্তক মোড় ও হালিশহরের বিভিন্ন স্থানে পাইপ বসানোর কাজ শেষ হয়েছে। কিন্তু এসব স্থানে এখনো সিটি করপোরেশন সংস্কারকাজ শুরু করেনি। এদিকে জামালখানে প্রেসক্লাবের সামনে থেকে চেরাগি পাহাড়, জে এম সেন হল থেকে গণি বেকারি মোড় ও বায়েজিদ বোস্তামি সড়কে এখনো চলছে পাইপ বসানোর কাজ। নগরের গুরুত্বপূর্ণ এসব সড়কের আশপাশে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল-ক্লিনিকসহ বিভিন্ন রোগ নিরূপণীকেন্দ্র, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে সড়কগুলো দিয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ গোফরানুল হক প্রথম আলোকে বলেন, যাঁদের অ্যালার্জি, সাইনোসাইটিস, অ্যাজমা জাতীয় রোগ আছে ধুলাবালুর কারণে তা বেড়ে যাবে। এ ছাড়া ধূলিকণা কুয়াশায় মিশে বুকের মধ্যে প্রবেশ করলে শ্বাসকষ্ট বাড়বে। আর এতে সবচেয়ে বেশি আক্রান্ত হবে শিশু ও বৃদ্ধরা। এ জন্য মাস্ক ব্যবহার করা জরুরি।

ওয়াসা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের পানি সমস্যা নিরসনে এক হাজার ৫১০ কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে ‘কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প’। এই প্রকল্পে বাংলাদেশ সরকার ও জাইকা যৌথভাবে অর্থায়ন করছে। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান কুবুতা ও মারুবিনি কনসোর্টিয়াম পাইপ লাইন বসানোর কাজ করছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, এই প্রকল্পের আওতায় ওয়াসা নগরের ২৭ হাজার ৯৭৮ দশমিক ৫৩ বর্গমিটার পাকা ও চার হাজার ৯৭৮ দশমিক ৩ বর্গমিটার কাঁচা রাস্তা খননের অনুমতি নেয়। পাইপ বসানোর জন্য নগরের ২৭টি সড়ক ব্যবহার করা হচ্ছে। করপোরেশন এসব সড়ক সংস্কারের জন্য ওয়াসার কাছে ১২ কোটি ১৫ লাখ ৬৬ হাজার ৮১১ টাকা দাবি করে। তবে গত বছরের ১৩ মার্চ ওয়াসা আট কোটি ৪৯ লাখ চার হাজার ৫৭১ টাকা পরিশোধ করে।

ওয়াসার প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আবদুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রাস্তা সংস্কারের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের দাবি করা অর্থ আগেই পরিশোধ করা হয়েছে। এখন মেরামতের দায়িত্ব তাদের।’ স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৪৪ ধারার ১৮ উপধারা অনুযায়ী নগরের রাস্তা সংস্কারের দায়িত্ব সিটি করপোরেশনের।

সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, ‘এসব সড়ক সংস্কারের জন্য মেয়র মহোদয় নির্দেশনা দিয়েছেন। সাত দিনের মধ্যে কাজ শুরু করা হবে। আর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সংস্কারকাজ শেষ হবে।’

নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হয়

সৈয়দ জাহেদ, ব্যাংক কর্মকর্তা

একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সৈয়দ জাহেদ বলেন, সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকা রাস্তা ব্যবহারে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু সংস্কারের কোনো গরজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আছে বলে মনে হয় না। অনেক সময় যানবাহন কাটা রাস্তা এড়াতে গিয়ে গায়ের ওপর এসে পড়ে।

তিনি জানান, সড়কগুলো কার্পেটিং না করে ইট-বালু দিয়ে কোনো রকম সংস্কার করা হয়েছে। ফলে কষ্ট আরও বাড়ল। এখন ধুলাবালুর অত্যাচারে রাস্তা দিয়ে চলাচল করাই দায় হয়ে পড়েছে। এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে কতক্ষণ নাক-মুখ বন্ধ রাখা যায়! নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। আর আর সর্দি-কাশি তো লেগেই আছে।

সৈয়দ জাহেদ বলেন, ‘এই শুষ্ক মৌসুমে কোনো রকম চলাচল করা যাচ্ছে। আগামী বর্ষা মৌসুমের আগে সড়ক সংস্কার না করলে তখন চলাচলই অসম্ভব হয়ে পড়বে। কেননা তখন এসব সড়ক কাদায় ভর্তি হয়ে যাবে।’

বিবর্ণ হয়ে গেছে গাছের সবুজ

ফ্লোরা দাশ, শিক্ষার্থী

হাজী মুহম্মদ মুহসীন কলেজের শিক্ষার্থী ফ্লোরা দাশ বলেন, রাস্তা খোঁড়াখুঁড়ির ফলে সমস্যার শেষ নেই। সড়কের আশপাশের পরিবেশেও পড়েছে তার প্রভাব। গাছগুলোর দিকে তাকানো যায় না। ধুলার আস্তরণে সব গাছ বিবর্ণ হয়ে গেছে। নগরের এই পরিবেশ মেনে নিতে কষ্ট হয়।

 ফ্লোরা দাশ জানান, ভাঙা রাস্তায় চলাচলে নানা রকম ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় দুর্ঘটনা ঘটে। আর হাঁটার সময় একটু অন্যমনস্ক হলে ঘটে বিপদ।

ক্ষোভের সঙ্গে ফ্লোরা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করাই হচ্ছে সরকারি-আধাসরকারি সংস্থাগুলোর কাজ। সংস্থাগুলো যদি নিজেদের মধ্যে পরিকল্পনার মাধ্যমে এই সংস্কারকাজ সম্পন্ন করে তাহলে জনদুর্ভোগ অনায়াসে দূর করা যায়। তবে এসব সংস্থার মধ্যে কোনো ধরনের সমন্বয় আছে বলে মনে হয় না।

তিনি দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান।

ভাঙা রাস্তায় কষ্টের শেষ নেই

মোহাম্মদ ইসলাম, অটোরিকশাচালক

‘ভাঙা রাস্তায় গাড়ি চালানো যে কী কষ্টের, তা বলে বোঝাতে পারব না। তবে আমরা এখন এক প্রকার অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ঝাঁকুনিতে যাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না।’

গত মঙ্গলবার বিকেলে নগরের সড়কগুলোর অবস্থার কারণে সৃষ্ট দুর্ভোগের বর্ণনা এভাবেই দেন এই অটোরিকশাচালক মোহাম্মদ ইসলাম। নগরের জামালখান মোড় এলাকায় কথা হয় তাঁর সঙ্গে।

নিয়মিত সড়ক সংস্কার না করায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাস্তাগুলো ভাঙাচোরা অবস্থায় ফেলে রাখছে। সংস্কারের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সড়কের এই অবস্থার কারণে আয় কম হচ্ছে বলে জানান ইসলাম। তিনি বলেন, ভাঙা রাস্তা দিয়ে দ্রুত গাড়ি চালানো যায় না। সাবধানে চলতে হয়। আগে যেখানে কোনো একটি জায়গায় যেতে ২০ মিনিট লাগত, সেখানে এখন ৪০ মিনিটেও পৌঁছানো সম্ভব হচ্ছে না।

সারাক্ষণ ধুলার মধ্যে আছি

মোহাম্মদ ইসমাইল, ভাসমান চা-বিক্রেতা

প্রবর্তক এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের পাশে ভাসমান চায়ের দোকানের মালিক মোহাম্মাদ ইসমাইল। গ্রাহকদের মধ্যে রিকশাচালক, অটোরিকশাচালক যেমন রয়েছে, তেমনি রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

সম্প্রতি পাইপ বসানোর জন্য তাঁর দোকানের সামনের সড়ক কেটে ফেলা হয়েছে। সেই থেকে যন্ত্রণার শুরু। ইতিমধ্যে পাইপ বসানোর কাজ শেষ হলেও যন্ত্রণা থেকে মুক্তি পাননি তিনি। গত মঙ্গলবার সে কথা জানালেন প্রথম আলোর কাছে। তিনি বলেন, ‘সারাক্ষণ ধুলাবালুর মধ্যে আছি। দোকানে বসা কঠিন হয়ে পড়েছে। তার পরও পেটের দায়ে কোনো রকম ব্যবসা করতে হচ্ছে।’

ইসমাইল বলেন, ধুলাবালু উড়তে থাকায় দোকানে রাখা খাবারের প্যাকেটগুলো নোংরা হয়ে যাচ্ছে। ফলে লোকজন খেতে চায় না। কাস্টমাররাও দোকানে বসতে চান না বেশিক্ষণ। ফলে ব্যবসা আগের মতো জমে না।