ধুলোবালির অত্যাচারে চলা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে সমানে উড়ছে ধুলোবালি। আশপাশের গাছগুলো বিবর্ণ। প্রতিটি গাছের পাতায় বালুর আস্তরণ। তার ওপর সড়কের কোথাও পিচ নেই। ছড়িয়ে-ছিটিয়ে আছে ইটের খোয়া। এর মধ্যে চলাচল করছে ভারী যানবাহন। উত্তর পতেঙ্গার হাদীপাড়া সড়কের এমন বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে।স্থানীয় লোকজন জানায়, ছয় মাস আগে হাদীপাড়া সড়কের কিছু অংশ মেরামত করার জন্য সিটি করপোরেশন ঠিকাদার নিয়োগ করে। ওই ঠিকাদার কাজ শুরু করার কয়েক দিন পর আবার বন্ধ করে দেন। তখন প্রতিশ্রুতি দেন, বর্ষা চলে গেলে পুনরায় কাজ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। ফলে যে অংশে কাজ করা হয়েছে তাতেও পুনরায় খানা-খন্দ সৃষ্টি হয়েছে। হাদীপাড়ার বাসিন্দা মো. আমিন বলেন, এই এলাকার কোনো অভিভাবক নেই। বর্ষায় এখানকার রাস্তার গর্তগুলো ছোটবড় পুকুরে পরিণত হয়। আর শুষ্ক মৌসুমে ভাঙা রাস্তায় ধুলোবালিতে চলা দায় হয়ে পড়ে। দিনের পর দিন এ অবস্থা চলতে থাকলেও কারও কোনো মাথাব্যথা নেই।খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ গত জোট সরকারের আমলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ৪০ নম্বর ওয়ার্ডের হাদীপাড়া সড়কটি মেরামত করা হয়।এরপর আর কোনো সংস্কারকাজ না হওয়ায় সড়কটির বেহাল দশা হয়েছে।সরেজমিনে দেখা যায়, সড়কের খানাখন্দের কারণে রিকশা কিংবা অটোরিকশা যেতে চায় না। ধুলোবালির কারণে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। তবে সড়কটিতে প্রতিনিয়ত চলাচল করছে সিমেন্ট, পরিশোধানাগার ও সার কারখানার ভারী যানবাহন। হাদীপাড়া তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল মজিদ বলেন, একে তো পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় বর্ষায় সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানিতে শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া দুরূহ হয়ে পড়ে, আবার শুষ্ক মৌসুমে ধুলোবালিতে নাকেমুখে কাপড় বেঁধে আসতে হয়।সড়কের দুরবস্থার কথা স্বীকার করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক বলেন, ‘ঠিকাদার কয়েক দিন কাজ করে চলে যায়। ঠিকাদারের গাফিলতির কারণে দুর্ভোগ আরও বেড়েছে। আমরা ইতিমধ্যে সম্পূর্ণ রাস্তাটি পরিমাপ করে সিটি করপোরেশনের কাছে ৬০ লাখ টাকার একটি বাজেট দিয়েছি। বরাদ্দ পাওয়া গেলে সংস্কারের কাজ পুরোদমে শুরু করা হবে।’