ধূমঘরে রাবার উৎপাদনের ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ বিভিন্ন দেশে রাবার দিয়ে তৈরি হচ্ছে জুতা-স্যান্ডেল, ব্যাগ, গাড়ির টায়ার-টিউব, ফুটবলসহ নানান রকম নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব পণ্যের কদরও দিন দিন বাড়ছে। তবে অনেকে জানেন না এসব পণ্যের মূল উপাদান গাছের রস। সব গাছের নয়—কেবল রাবারগাছের রস দিয়েই তৈরি হয় এসব পণ্য। আর গাছ থেকে রস সংগ্রহের কর্মযজ্ঞ দেখতে হলে যেতে হবে কক্সবাজারের রম্যভূমি নামে পরিচিত রামু রাবারবাগানে। ওই বাগানে রস উৎপাদনের ধুম পড়েছে বর্তমানে। উঁচু-নিচু পাহাড়ে এক হাজার ২১৩ একরের বিশাল বাগানে গাছ আছে প্রায় ৬৭ হাজার। কমবেশি সব গাছে ঝুলছে ছোট ছোট মাটির পেয়ালা। গাছ থেকে সাদা রস (কষ) ঝরে পড়ছে ওই পাত্রে। ছোট পাত্র পূর্ণ হলে রস নেওয়া হয় বড় বালতিতে। অর্ধশতাধিক শ্রমিক গাছ থেকে রস সংগ্রহের কাজে ব্যস্ত। কষভর্তি বালতিগুলো কারখানায় এনে রসের সঙ্গে পানি ও এসিড মিশিয়ে রাখা হয় নির্ধারিত ছকে (ফ্রেমে)। ছকের ওপর রোলার যন্ত্রের মাধ্যমে চাপ দিয়ে রস শুকানোর পর ট্রলি হাঙ্গারে ঝুলিয়ে ধূম ঘরে নিয়ে পোড়ানো হয় আগুনে। সাদা রাবার হয়ে যায় লাল। এরপর ৫০ কেজি করে বস্তায় ভরে গুদামজাত করা হয় রাবার। পরে ওই রাবার কিনে নেয় দেশি-বিদেশি জুতা-স্যান্ডেল, ফুটবল, ব্যাগ, গাড়ির টায়ার-টিউবসহ নানান রকম পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বন মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন এই রাবারবাগান তত্ত্বাবধান করছে। বাগান সূত্র জানায়, ১৯৬০ সালে রামুর জোয়ারিয়ানালা, কাউয়ারখোপ ও গর্জনিয়া ইউনিয়নের পাশের ৬০০ একর বনভূমি ইজারা নিয়ে দেশের প্রথম এই রাবারবাগান সৃজন করা হয়। আশির দশকে বাগানের আয়তন বাড়িয়ে দুই হাজার ৬৮২ একরে উন্নীত করা হয়। বর্তমানে বনায়নকৃত দুই হাজার ১৩১ একরে গাছ রয়েছে ৯৮ হাজার ১২০টি। এর মধ্যে ৬৬ হাজার ৬৯২টি গাছে রাবার উৎপাদন চলছে। বাকি ৩১ হাজার ৪২৮টি গাছ রস উৎপাদনক্ষমতা হারিয়ে ফেলেছে। বাগানের এক কর্মকর্তা জানান, ২০০৮-০৯ অর্থবছরে ৮৯২ একরে নতুন বাগান করে আরও এক লাখ ৯২ হাজার ৬০৯টি চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে ৮২ একরে চার হাজার ৯৪৫টি গাছ থেকে সমপ্রতি রাবার উৎপাদন শুরু হয়েছে। বাকি গাছ থেকেও কয়েকমাস পরে রাবার পাওয়া যাবে। রাবারবাগামের শ্রমিক মো. হারুন, মিজানুর রহমান ও মো. শাহজাহান জানান, দৈনিক মজুরির ভিত্তিতে তাঁরা সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ করেন। একজন শ্রমিক দিন ২৫-৩৫ কেজি রস সংগ্রহ করতে পারেন। প্রতি কেজি রস সংগ্রহের জন্য পাঁচ টাকা করে একজন শ্রমিক মাসে চার-পাঁচ হাজার টাকা আয় করতে পারেন। রাবার উৎপাদন কারখানার তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার জানান, এখান থেকে দিনে সাড়ে তিন-চার হাজার কেজি রাবার উৎপাদিত হয়। বর্ষায় রস আহরণ ও উৎপাদন কিছুটা কমে। মূলত শীতকালেই রস পাওয়া যায় বেশি। কর্মকর্তারা জানান, গত বছর আন্তর্জাতিক বাজারে রাবারের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দাম আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। গত বছর প্রতিকেজি রাবার বিক্রি হয়েছে ৮৯-৯০ টাকায়। বর্তমানে বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। কিছুদিন পর দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তাঁরা। সূত্র জানায়, রামুর বাগান থেকে রাবার বিক্রি খাতে ২০০৫-০৬ অর্থবছরে ৬৭ লাখ ৮১ হাজার টাকা, ২০০৬-০৭ অর্থবছরে এক কোটি সাত লাখ ৩৫ হাজার টাকা ও ২০০৭-০৮ অর্থবছরে ৯০ লাখ ৭৬ হাজার টাকা আয় হয়েছে। তবে দাম কমে যাওয়ায় ২০০৮-০৯ অর্থবছরে আয় হয়েছে ১৪ লাখ ৪৪ হাজার টাকা। কারখানার তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার আশা করছেন, চলতি অর্থবছরে আয় কোটি টাকা ছাড়িয়ে যাবে। চলতি বছরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০৪ মেট্রিকটন। ইতিমধ্যে উৎপাদিত হয়েছে ১৯০ মেট্রিকটন। বাগানে বর্তমানে দুজন কর্মকর্তা, ৩০ জন কর্মচারী, ১৮ জন আনসার ও অনিয়মিত ১৫০ শ্রমিক কাজ করছেন বলে তিনি জানান।