ধূমপান ও মাদকাসক্তির বিরুদ্ধে শিশু সাংবাদিকেরা ভূমিকা রাখতে পারে: সিটি মেয়র
ধূমপান ও মাদকাসক্তির বিরুদ্ধে লেখনীর মাধ্যমে শিশু সাংবাদিকেরা সমাজে ব্যাপক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তারা আগামী দিনের দক্ষ মানসম্পদ হিসেবে গড়ে উঠবে।চট্টগ্রাম বিভাগীয় শিশু সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম। ১৮ সেপ্টেম্বর বেসরকারি গণমাধ্যম সংগঠন ম্যাস্-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) উদ্যোগে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) অর্থায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় নগরের একটি হোটেলের উদ্বোধন করেন মেয়র এম মন্জুুর আলম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম এ সালাম, কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান মো. ইয়াসিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের বার্তা সম্পাদক নুরুল আজম, ইউনিসেফ প্রতিনিধি মো. কায়সার হোসাইন, সাংবাদিক মো. সাইফুল আলম ও যুব সংগঠক শফিউল আলম। শিশু প্রকাশ-এর বার্তা সম্পাদক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সর্বস্তরের শিশুদের মধ্য থেকে বাছাই করা দক্ষ শিশুরা সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।