ধূমপানে জিনগত পরিবর্তনে ক্যানসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপানের পর পোশাকে এবং ধূমপায়ীর আঙুলে ধোঁয়ার দুর্গন্ধ থেকে যায়। কিন্তু এখানেই কি শেষ। গবেষকেরা বলছেন, ‘না’। তাঁদের মতে, ধূমপায়ীদের কোষের জিনেও থেকে যায় এর প্রভাব। নতুন একটি গবেষণায় দাবি করা হচ্ছে, ধূমপানের ফলে মানুষের জিনে রাসায়নিকভাবে পরিবর্তন ঘটে এবং প্রভাবিত হয়। এর ফলেই পরবর্তী সময়ে ধূমপায়ীদের ক্যানসার দেখা দেয়। জেমস ফ্যালাগানের নেতৃত্বে গবেষণাটি করেছেন একদল ইউরোপীয় গবেষক। গবেষণা নিবন্ধটি বিজ্ঞান সাময়িকী হিউম্যান মলিকুলার জেনেটিকস-এ প্রকাশিত হয়েছে। ইউরোপের ক্যানসার এবং পুষ্টি গবেষণা প্রতিষ্ঠান ইপিআইসিতে গবেষণাটি করা হয়। গবেষকেরা ৩৭৪ জন ধূমপায়ীর জিনগত পরিবর্তন নথিভুক্ত করেন। এরপর ধূমপায়ী ও স্বাভাবিক মানুষের স্বাস্থ্যের পরিবর্তনের তুলনা করেন। তাঁরা দেখতে পান, ধূমপায়ীদের মধ্যে মিথাইল গ্রুপের যৌগের উপস্থিতি রয়েছে। অপরদিকে যাঁরা কখনোই ধূমপান করেননি, তাঁদের শরীরে এগুলো অনুপস্থিত। এই মিথাইল গ্রুপের যৌগের কারণেই মূলত ক্যানসার হয়। গবেষকদের মতে, এই প্রথম ধূমপানের সঙ্গে ক্যানসার হওয়ার সবচেয়ে স্পষ্ট যোগাযোগ পাওয়া গেল। সায়েন্স।