গোলাপ অথবা রজনীগন্ধা। এ ছাড়া মিতুকে কখনো কিছু দিতে পারিনি। বললে ভুল হবে, আসলে মিতু কখনো কিছু নিতে চায়নি। তার কথা, কখনো কিছু নিতে হলে আমি নিজেই চেয়ে নেব। তবে নিজের জন্য কখনো কোনো কেনাকাটা করতে গেলেই মিতুর জন্য কিছু না কিছু একটা পছন্দ হয়ে যায়। কিন্তু ওকে যে কথা দিয়েছি, মনে হতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কেবল। কলেজ বন্ধ বাড়িতে অলস সময় কাটছিল, বন্ধুদের আড্ডা আর বই পড়ে। আজ ১২ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডের দুদিন বাকি। হাতে একদম টাকা-পয়সা নেই। কীভাবে যে কী করব সেদিন! রাতে মুঠোফোনে একটা এসএমএস এল। খুলে দেখলাম, মিতু লিখেছে ‘কেমন আছ? আমি ভালো আছি। শোনো, তুমি তো প্রায় আমাকে কিছু না কিছু গিফট করতে চাইতে, আমি নিষেধ করেছিলাম। বলেছিলাম ইচ্ছে হলে আমি চেয়ে নেব। আজ মার্কেটে গিয়েছিলাম—আয়োজনে আমার একটা থ্রিপিস ভীষণ পছন্দ হয়েছে। তোমার ইচ্ছে হলে আমায় দিতে পারো। ভালো থেকো, কেমন?’ পরের দিন সকালবেলা দোকানদারকে মিতুর কথা বলতেই, একটা থ্রিপিস নামিয়ে দিল। সত্যিই চমৎকার সাদা রঙের সুন্দর কারুকাজময়। দাম জিজ্ঞেস করতেই আমার ভিরমি খাওয়ার জোগাড়, সাড়ে ছয় হাজার টাকা। কেবলার মতো হেসে নিজেকে সামলে নিলাম। অনেক দর-কষাকষির পর সাড়ে চার হাজার টাকা ঠিক হলো। মালিককে বলে আলাদা করে রেখে দিলাম। আগামীকাল এসে নিয়ে যাব। দোকানের বাইরে এসে আমার মাথায় রাজ্যের চিন্তা এসে ভর করল, পকেটে সব সুদ্ধ ৬০ টাকা, আজকের দিনের জন্য যথেষ্ট। কিন্তু মিতুর থ্রিপিসের টাকা?বাসায় এসে নিজের কিছু কেনাকাটা করব বলে বাবার কাছে এক হাজার টাকা, মা, ভাইয়া ও আপুর কাছে অনেক চেষ্টা-তদবির করে অবশেষে এক হাজার ৫০০ টাকা, এখনো দুই হাজার টাকা বাকি। বন্ধুদের কাছে এ মুহূর্তে টাকা চাওয়ার প্রশ্নই ওঠে না। সারা দিন কেটে গেল। কিন্তু টাকার কোনো ব্যবস্থা করতে পারলাম না। কতবার কত কিছু দিতে চেয়েছি, ও নেয়নি। এত দিন পর ও নিজ থেকে কিছু চাইল, আমি দিতে পারব না! নিজেকে খুব অসহায় লাগছিল। শেষ ভরসা প্রতিবেশী সেই বড় ভাই, তাঁর কাছে গিয়ে আমার সমস্যার কথা বলতেই টাকাটা আমায় দিয়ে দিলেন। আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। আনন্দে আমার চোখে জল চলে এল। চিন্তার মধ্যে ভুলেই গিয়েছিলাম, আন্টিকে দেখতে যাওয়ার কথা। পরের দিন সকালে টাকাগুলো পকেটে নিয়ে ফুরফুরে মেজাজে বেরিয়ে পড়লাম। হাসপাতালে আন্টিকে দেখে ফিরে আসছিলাম, হঠাৎ পাশের ওয়ার্ড থেকে চিৎকার-কান্নাকাটির শব্দ ভেসে আসছিল। কী ভেবে ভেতরে যেতেই দেখলাম ১৪-১৫ বছরের একটি মেয়ে যন্ত্রণায় ছটফট করছে। আশপাশের লোকজনের এলোমেলো কথাবার্তায় বুঝতে পারলাম, দেড় বছর আগে মেয়েটির বিয়ে হয়েছে, মেয়েটি এখন অন্তসত্ত্বা। তার অবস্থা এখন আশঙ্কাজনক। চিকিৎসক কয়েকটা ইনজেকশন লিখে দিয়ে বলেছেন, ‘এখনই এগুলো দিতে হবে। না হলে মেয়েকে বাঁচানো যাবে না।’ মেয়েটির বাবা ইনজেকশন আনতে গিয়ে দাম শুনে ফিরে এসেছেন। তাঁর পক্ষে এত টাকা জোগাড় কিছুতেই সম্ভব না। আকাশ-বাতাস কাঁপিয়ে মেয়েটির বাবা কাঁদছেন। ‘আমার একমাত্র মেয়ে কয়েক হাজার টাকার জন্য বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না।’ আমি চমকে উঠলাম! মনে পড়ল পকেটে রাখা টাকার কথা। আমি কিছু বুঝতে পারছিলাম না, কী করব? টাকাগুলো দিয়ে দেব, নাকি এভাবেই চলে যাব? আমি হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। আমার চোখের সামনে ভেসে উঠছে, সাদা থ্রিপিসে হাসোজ্জ্বল আমার মিতু। আর একবার যন্ত্রণায় ছটফট করা মেয়েটার মুখ। কিছুই ভাবতে পারছিলাম না। একসময় দেখি, আমার হাত পকেটে রাখা টাকার দিকে...। জুলফিকারআতর ঘর, গোশালা বাজার, লালমনিরহাট।