ধোঁয়া উড়িয়ে ছুটতে থাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জাপান গার্ডেন সিটি। এর দক্ষিণ পাশে মানুষের হাট বসে। রোজ সকালে বসে এই হাট। হাটে বলতে গেলে মানুষই বিক্রি হয়। শ্রমিক মানুষ। এই হাটে মর্জিনা এসেছিলেন গত রোববার। সকাল ছয়টায় এসে দেখলেন, তঁার আগেই অনেকে এসে হাজির। কিন্তু লোক কেনার মানুষ নেই।
মর্জিনার বয়স হয়েছে। তিপ্পান্ন বছর। কিন্তু দেখলে মনে হয়, ষাট পেরিয়ে গেছে। অনেকটা রোগাও বটে।
সকাল আটটার দিকে ষন্ডা মার্কা একজন এল। এসেই দামাদামি শুরু করল। তার দশজন নারী শ্রমিক প্রয়োজন। বলল, ‘কথা আমার পরিষ্কার। প্রত্যেকে তোমরা পঞ্চাশ টাকা করে দেবে। তোমাগো মজুরি ২৫০ টাকা করে। ২০০ টাকা তোমাগো আর ৫০ টাকা আমার। কী রাজি?’
একজন বললেন, ‘জে রাজি।’
আরেকজন আস্তে করে বললেন, ‘আপনে মালিক না দালাল?’
ষন্ডা মার্কা লোকটা ভ্রু কুঁচকালো।
‘দালাল ছাড়া কি তোগো চলে?’
‘জে না, জে না। মাফ কইরা দিয়েন।’
টুকরি-টাকরা নিয়ে সবাই প্রস্তুত হলো। মর্জিনা অনেক কষ্টে টুকরিটা নিয়ে উঠে দাঁড়াল। তখন সেই দালাল বলল, ‘আরে করো কী করো কী? তুমি কই যাও? তোমারে তো নিতাম না। বুইড়া মানুষ কাম করবা কেমনে?’
‘কী কও বাজান, আমি পারমু। আমারে বাদ দিয়ো না।’
লোকটা হাসে। ‘বুড়িতে কয় কী!’
সে দশজন লোক নিয়ে লেগুনাতে উঠে পড়ে।
মর্জিনা হাঁটতে হাঁটতে লেগুনার কাছে যায়। আর তখনই লেগুনা স্টার্ট দিয়েছে। ধোঁয়া উড়িয়ে ছুটতে থাকে শ্যামলীর দিকে।