ধোনি ও আফ্রিদির বেড়ে ওঠা
বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দলের দুই অধিনায়কের ছোটবেলা থেকে ক্রিকেট-তারকা হয়ে ওঠার গল্পটা শোনাচ্ছেন তাসবীর শাতিলধোনি: ফুটবল থেকে ক্রিকেটেছেলেবেলায় তিনি ফুটবল খেলায় ছিলেন দারুণ পারদর্শী। নিজের জেলার হয়ে ফুটবল খেলায় সব সময় গোলরক্ষকের ভূমিকাটি তাঁকেই পালন করতে হতো। গোলরক্ষক হিসেবে সেখানেও নিজের দক্ষতার বিশেষ পরিচয় দিয়ে বহু ম্যাচ জিতিয়েছিলেন দলকে। সেই রক্ষক তিনি এখনো আছেন। এখনো আগের মতোই নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে যান দলের জন্য। সামনে থেকে নেতৃত্ব দেন দলকে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। বন্ধুদের কাছে মাহি এবং সতীর্থদের কাছে যিনি এম এস নামেই পরিচিত।ধোনি ১৯৮১ সালের ৭ জুলাই বিহার (বর্তমানে ঝাড়খন্ড) রাজ্যের রাচির লাভ্যালি গ্রামে জন্ম নেন। বাবা পান সিং ধোনি ও মা দেবাকী দেবী। মেকন গ্রুপের জুনিয়র ব্যবস্থাপকের পদে চাকরিরত বাবার তিন সন্তানের ঘরে ধোনি ছাড়াও আছে এক ভাই নরেন্দ্র ও এক বোন জয়ন্তী। বাবা আর্থিকভাবে খুব স্বচ্ছল না হওয়ার কারণে ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করে আজ এ পর্যায়ে এসেছেন ধোনি। তাই তো পুষ্টিকর খাদ্যের বিপরীতে প্রতিদিন অনুশীলনে যাওয়ার আগে এক লিটার দুধ ও ময়দার রুটিই হতো তাঁর প্রধান খাদ্য। এ জন্যই হয়তো বলটাও সজোরে পাঠাতে পারেন সীমানার বাইরে। ধোনির লেখাপড়ার শুরুটা হয় একদম সাধারণভাবে। তিনি রাচির শ্যামলীতে অবস্থিত ডিএভি (বর্তমানে জেএভি) জওহার বিদ্যা মন্দিরের বিদ্যালয়েই শেষ করেন প্রাথমিক শিক্ষার পর্ব। একবার জেলা ক্রিকেট দলের ম্যাচের জন্য উইকেটরক্ষকের সংকট দেখা দেয়। নিরুপায় হয়ে তখন তাঁর ফুটবল কোচ তাঁকে সেই দায়িত্ব নিতে বলেন এবং অনুশীলনেই ধোনি প্রমাণ করেন যে তিনি শুধু ভালো গোলরক্ষকই নন, ভালো উইকেটরক্ষকও বটে। শরীরে জোর থাকায় ব্যাটিংও করতেন মারমার কাটকাট। এভাবেই একটু একটু করে পরিণত হন একজন দক্ষ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। নাম করতে থাকেন ভারতের জুনিয়র ক্রিকেট দল, রাজ্যদল, প্রিমিয়ার লিগ, ভারতীয় এ দলের হয়ে খেলার সময়। করতে থাকেন একের পর এক রেকর্ড, বইয়ে দিতে থাকেন রানের বন্যা। সঙ্গে চতুর উইকেটরক্ষকের তকমাটি তো আছেই। ফলে সহজেই ভারতীয় নির্বাচকদের দৃষ্টিতে পড়েন। পাঁচ বছরের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিজ্ঞতাসম্পন্ন ধোনির আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে এক দিনের ম্যাচে। কিন্তু অভিষেকের অভিজ্ঞতা মোটেই সুখকর হয়নি তাঁর জন্য। ৬ নম্বরে খেলতে নেমে প্রথম বলেই শূন্য রানে রানআউট হয়ে যান তিনি। কিন্তু ভাগ্যদেবী যে তাঁর সঙ্গে ছিলেন। তাই বিশাখাপত্তমে চির প্রতিদ্বন্দ্ব্বী পাকিস্তানের বিপক্ষে পঞ্চম ম্যাচেই ১৫ চার ও ৪ ছক্কায় সাজানো ১২৩ বলে অপরাজিত ১৪৮ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলার পর আর পিছু তাকাতে হয়নি। সেই যে শুরু, আজও অনবরত ঘুরে চলেছে ধোনির রানের চাকা। এগিয়ে চলেছে তাঁর বিজয়রথ। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য লাভ করেছেন ‘রাজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কার এবং ‘পদ্মশ্রী’ সম্মান। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরপরই তাঁর নেতৃত্বেই ভারত ঘরে তোলে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। কে জানে তাঁর নেতৃত্বেই ভারত দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ক্রিকেট জয়ের স্বাদ পেতে যাচ্ছে কি না।ভাইয়ের পথেই আফ্রিদিমাত্র ১১-১২ বছর বয়সেই ক্রিকেট খেলতে শুরু করেন তিনি। খেলতেনও চমৎকার। আর তখন থেকেই খেলার প্রতি জন্মে যায় অন্য রকম এক মায়া। আর এই মায়াই তাঁকে পরবর্তী সময় করে তুলেছে বিশ্বসেরা অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান এবং অলরাউন্ডারদের একজন।আমরা যাঁকে শহীদ আফ্রিদি বলে জানি, তাঁর পুরো নাম শাহিবজাদা মোহাম্মদ শহীদ খান আফ্রিদি। জন্ম ১৯৮০ সালের ১ মার্চ, পাকিস্তানের উত্তর-পূর্ব সীমান্ত প্রদেশের ‘আফ্রিদি’ নামের এক অনগ্রসর উপজাতি পরিবারে। উত্তরাধিকার সূত্রে পাওয়া শারীরিক শক্তি-সামর্থ্যের প্রয়োগ ঠিকই ঘটিয়েছেন তিনি। এ জন্য শিশুকাল থেকেই ক্রিকেট বলকে পেটাতে পারতেন একটু বেশিই।১৯৯৩-৯৪ সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটের সঙ্গে তাঁর পরিচয় হয় করাচি ক্রিকেট ক্লাবের হয়ে। এ ছাড়া বড় ভাই আশফাক আফ্রিদিও খেলতেন প্রথম শ্রেণীর ক্রিকেট। ভাইয়ের পথটাই বেছে নেন তিনি। ধুন্ধুমার ব্যাটিং এবং ব্যতিক্রমধর্মী লেগ স্পিনের কারণে ডাক পান জাতীয় দলে।আফ্রিদির এক দিনের ক্রিকেটে অভিষেক হয় কেনিয়ার বিপক্ষে, ১৯৯৬ সালের ২ অক্টোবর। অভিষেক ম্যাচে বলার মতো তেমন কিছু না ঘটলেও শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচেই ক্রিকেটবিশ্বের সঙ্গে নিজেকে পরিচিত করান আফ্রিদি। মাত্র ৩৭ বলে করেন সেঞ্চুরি, যা ক্রিকেট ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে কম বলে করা শতরানের রেকর্ড হিসেবে উজ্জ্বল হয়ে আছে। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেকটাও হয় তাঁর। কিন্তু কি টেস্ট কি এক দিনের ম্যাচ, কোনো খেলাতেই নিজেকে থিতু করতে পারেননি এই অলরাউন্ডার। কারণ একটাই। উইকেটে গিয়ে বল নষ্ট না করেই বোলারদের পেটাতে শুরু করে দেন আফ্রিদি। তার প্রমাণ তিনি রেখেছেন তাঁর স্ট্রাইক রেটে, যা এখনো ১০০-এর ওপরে। কখনো সোজা ব্যাটে, আবার কখনো বা ব্যাট ঘুরিয়ে বিশ্বসেরা বোলারদের আছড়ে ফেলেন সীমানার বাইরে। ক্রিকেটবিশ্ব তাঁর এই আনন্দদায়ক ব্যাটিং দেখতে ভালোবাসে। আর এ জন্যই তো তাঁর নামের সঙ্গে যোগ হয়েছে ‘বুম বুম আফ্রিদি’। এমন ব্যাটিংয়ের পাশাপাশি চতুর লেগ স্পিনের ঘূর্ণজাদুতেও ব্যাটসম্যানদের সাজঘরের পথ দেখান নিয়মিত। ফলে একজন আদর্শ অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠা পান শহীদ আফ্রিদি। ২০০৯ সালে টি-টোয়েন্টির অধিনায়কত্ব বর্তায় আফ্রিদির কাঁধে। ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে হেরে গেলেও পাকিস্তানের এমন উজ্জ্বল পারফরম্যান্সে আফ্রিদির ভাগটাই যে ছিল অনেকখানি। ২০১০-এ পান এক দিনের অধিনায়কত্ব। টালমাটাল পাকিস্তান দলকে এবার বিশ্বকাপে করে তুলেছেন শিরোপাপ্রত্যাশী দলে। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ইতিমধ্যেই পেয়েছেন এক বিশ্বকাপে সর্বাধিক ২১ উইকেটপ্রাপ্তির রেকর্ড। ইমরান খানের (১৯৯২) পর শহীদ আফ্রিদিই কি পাকিস্তানকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা পাইয়ে দিতে চলেছেন?