ধ্বংসযজ্ঞে ফুল ফোটানো সিরীয় শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যে তৈরি বিশ্বের বৃহত্তম মুরালের স্বীকৃতি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ নিয়ে মোয়াফফাক মকবুল ও সহশিল্পীরা। ছবি: হাফিংটন পোস্ট
পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যে তৈরি বিশ্বের বৃহত্তম মুরালের স্বীকৃতি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ নিয়ে মোয়াফফাক মকবুল ও সহশিল্পীরা। ছবি: হাফিংটন পোস্ট

গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত জনজীবন। কামানের গোলায় বিধ্বস্ত দালানকোঠার ধ্বংসস্তূপ এদিকে ওদিকে। বারুদের পোড়া গন্ধ যেন এখনো দামেস্কের বাতাসে ভাসছে। এরই মধ্যে নগর জীবনে একটু স্বস্তির ফুল ফোটাতে এগিয়ে আসেন কয়েকজন শিল্পী। ধ্বংসযজ্ঞ থেকে ভাঙা টাইলসের টুকরো, কোমল পানীয়ের বোতল, নাট-বল্টু-স্ক্রু, লোহা-লক্কড়সহ আরও কত কি কুড়িয়ে কুড়িয়ে তাঁরা সাজালেন নগরের দেয়ালে দেয়ালে। মোয়াফফাক মকবুলের নেতৃত্বে সিরীয় শিল্পীদের এই মুরাল নন্দিত হয়েছে পুনর্ব্যবহারযোগ্য মাল-মসলায় তৈরি বিশ্বের বৃহত্তম মুরাল হিসেবেও।

দামেস্কের আল-মাজ্জেহ এলাকায় বানানো বহু-বর্ণিল মুরালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন নগরবাসী। ছবি: হাফিংটন পোস্ট
দামেস্কের আল-মাজ্জেহ এলাকায় বানানো বহু-বর্ণিল মুরালের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন নগরবাসী। ছবি: হাফিংটন পোস্ট

তিন বছর ধরে গৃহযুদ্ধের অস্থিরতা থেকে রাজধানী দামেস্কের নগর কেন্দ্র অনেকটাই সুরক্ষিত ছিল। কিন্তু জনজীবনে স্বস্তি ছিল না একটুও। যুদ্ধের বিভীষিকা কমে আসতে শুরু করার পর শিল্পীরা একত্র হয়ে মাঠে নামেন জীবনের সুন্দর দিকের প্রতি নগরবাসীর নজর ফেরানোর লক্ষ্য নিয়ে।

এই চিন্তা থেকেই মধ্য দামেস্কের একটা প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পাশাপাশি কয়েকটা দেয়ালজুড়ে এই মুরাল বানিয়েছেন মকবুল ও তাঁর সহশিল্পীরা।

‘পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যে বানানো বিশ্বে সবচেয়ে বড় মুরালের’ স্বীকৃতির পর নিজেদের শিল্পকর্মের সামনে সিরীয় শিল্পী মোয়াফফাক মকবুল। ছবি: হাফিংটন পোস্ট
‘পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যে বানানো বিশ্বে সবচেয়ে বড় মুরালের’ স্বীকৃতির পর নিজেদের শিল্পকর্মের সামনে সিরীয় শিল্পী মোয়াফফাক মকবুল। ছবি: হাফিংটন পোস্ট

শিল্পী মোয়াফফাক মকবুল বলেন, ‘দেশের ওই কঠিন সময়ে আমাদের এই কাজের উদ্দেশ্য ছিল মানুষকে একটু স্বস্তি দেওয়া, শিশুদের আনন্দ দেওয়া আর এটা দেখানো যে, সিরিয়ার মানুষেরা জীবন ভালোবাসে, সুন্দর ভালোবাসে, সৃজনশীলতা ভালোবাসে।’

দামেস্কের আল-মাজ্জেহ এলাকায় বানানো বহু-বর্ণিল মুরাল স্থানীয়দের পাশাপাশি অনেক নগরবাসীরই নজর কেড়েছে। ছবি: হাফিংটন পোস্ট
দামেস্কের আল-মাজ্জেহ এলাকায় বানানো বহু-বর্ণিল মুরাল স্থানীয়দের পাশাপাশি অনেক নগরবাসীরই নজর কেড়েছে। ছবি: হাফিংটন পোস্ট

৭২০ বর্গমিটারের এই শিল্পকর্ম পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যে বানানো বিশ্বের সবচেয়ে বড় মুরাল হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।

দামেস্কের আল-মাজ্জেহ এলাকায় একটা প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভবনের দেয়ালজুড়ে বানানো হয়েছে এই মুরাল। ছবি: হাফিংটন পোস্ট
দামেস্কের আল-মাজ্জেহ এলাকায় একটা প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ভবনের দেয়ালজুড়ে বানানো হয়েছে এই মুরাল। ছবি: হাফিংটন পোস্ট

মুরালটির কাজ শেষ হতে সময় লেগেছে প্রায় ৬ মাস। মকবুল এবং তাঁর পাঁচ সহযোগী শিল্পীর সঙ্গে এই কাজে হাত লাগিয়েছেন স্বতঃস্ফূর্ত স্থানীয় বাসিন্দারাও। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রসঙ্গত, তিন বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় সিরিয়ায় প্রায় এক লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।