ধ্বংসস্তূপের বর্জ্য থেকে নতুন বাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগের পর বিভিন্ন লোকালয়ের মানুষজনকে কম খরচে পরিবেশবান্ধব ও টেকসই ঘরবাড়ি বানাতে সাহায্য করাই এই প্রকল্পের লক্ষ্য। ছবি: দ্য মোবাইল ফ্যাক্টরি ডট ওআরজি
প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগের পর বিভিন্ন লোকালয়ের মানুষজনকে কম খরচে পরিবেশবান্ধব ও টেকসই ঘরবাড়ি বানাতে সাহায্য করাই এই প্রকল্পের লক্ষ্য। ছবি: দ্য মোবাইল ফ্যাক্টরি ডট ওআরজি

দুই কন্টেইনারের এক ভ্রাম্যমাণ কারখানা-দ্য মোবাইল ফ্যাক্টরি। একটাতে ধ্বংসস্তূপের বর্জ্য ঢুকিয়ে দিয়ে গলিয়ে ফেলা হয়, আরেকটা দিয়ে বের হতে থাকে একটার পর একটা কংক্রিটের ব্লক। লেগো-র মতো এই কংক্রিট ব্লকগুলো জোড়া দিয়ে দিয়ে তৈরি হয় নতুন ঘরবাড়ি। প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগের পর বিভিন্ন লোকালয়ের মানুষজনকে কম খরচে পরিবেশবান্ধব ও টেকসই ঘরবাড়ি বানাতে সাহায্য করাই এই প্রকল্পের লক্ষ্য।

নেদারল্যান্ডসের টেকসই-উন্নয়ন পরামর্শক ও সামাজিক উদ্যোক্তা গেরার্ড স্টাইজেনের স্বপ্ন প্রকল্প দ্য মোবাইল ফ্যাক্টরি। ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ কিংবা যুদ্ধে বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাটের ধ্বংসস্তূপের বর্জ্যকে কাজে লাগিয়ে ঘরবাড়ি বানানোর প্রযুক্তি নিয়ে কাজ করছে এই সংগঠনটি। স্টাইজেনের প্রযুক্তিতে পরিবেশবান্ধব এবং ভূমিকম্প সহনশীল বাড়ি বানানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ছোট্ট এই কারখানা এমন বর্জ্য থেকে প্রতিদিন ৭৫০টি কংক্রিটের ব্লক তৈরি করতে সক্ষম। 

গেরার্ড স্টাইজেন রয়টার্সকে বলেন, ‘দুর্যোগে কাড়ি কাড়ি ইট-পাথর-সুরকির স্তূপ জমতে থাকে। এগুলো সবই ফেলনা বা বর্জ্য হয়ে যায়। ধনীরা সেসব ফেলে দিয়ে আবারও নতুন নির্মাণ সামগ্রী দিয়ে বাড়ি বানায়। কিন্তু গরিবেরা কী করবে? আর দুর্যোগগুলোতে সাধারণত গরিবদের ঘরবাড়িই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমার ভাবনাটা হলো তাদের ওই ফেলনা মাল-সামানা দিয়েই নতুন টেকসই বাড়ি বানিয়ে দেওয়া।’ 

দুর্যোগগুলোতে সাধারণত গরিবদের ঘরবাড়িই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভাবনাটা হলো তাদের ওই ফেলনা মাল-সামানা দিয়েই নতুন টেকসই বাড়ি বানিয়ে দেওয়া। ছবি: দ্য মোবাইল ফ্যাক্টরি ডট ওআরজি
দুর্যোগগুলোতে সাধারণত গরিবদের ঘরবাড়িই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভাবনাটা হলো তাদের ওই ফেলনা মাল-সামানা দিয়েই নতুন টেকসই বাড়ি বানিয়ে দেওয়া। ছবি: দ্য মোবাইল ফ্যাক্টরি ডট ওআরজি


নেদারল্যান্ডসের ডেল্ফট বিশ্ববিদ্যালয়ের এক সিভিল ইঞ্জিনিয়ার এবং হাইতির এক জমি মালিক স্টাইজেনের এই উদ্যোগের সঙ্গে একাত্ম হয়েছেন। আগামী বছর হাইতির পোর্ট অব প্রিন্সে তৈরি হতে যাচ্ছে দ্য মোবাইল ফ্যাক্টরি নির্মিত প্রথম বসতি। বর্জ্য থেকে তৈরি কংক্রিট ব্লক দিয়েই তৈরি হবে ওই বসতির সব ঘরবাড়ি। কয়েক বছর আগের প্রলয়ংকরী ভূমিকম্পে ঘরবাড়ি হারানো সহায়সম্বলহীন মানুষদের বসবাসের জন্য বানানো হবে এই বসতিটি।

স্টাইজেন জানিয়েছেন, জাতিসংঘ এবং রেডক্রস ইতিমধ্যেই তাদের এই উদ্যোগের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। নেপালের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য নতুন বাড়িঘর নির্মাণে এই প্রযুক্তি কাজে লাগানো যায় কিনা তা নিয়ে ভাবছে রেডক্রস।

দ্য মোবাইল ফ্যাক্টরির তৈরি কংক্রিট ব্লকগুলোর মান খুবই উন্নত এবং জ্যামিতিক নকশাও বিশেষ। দৈর্ঘ্যে ৮ ইঞ্চি এবং উচ্চতা ও প্রস্থে ৪ ইঞ্চি করে এই কংক্রিট ব্লকগুলো সিমেন্ট ছাড়াই একটার সঙ্গে আরেকটা জোড়া দেওয়া যায়। ব্লকগুলোর ভেতরের ফাঁকা অংশে বাঁশের খুঁটি দিলে তা আরও শক্তিশালী হয়। একবার বুঝে নিলে অদক্ষ মানুষজনের পক্ষেও এই প্রযুক্তিকে টেকসই বাড়ি তৈরি করা সম্ভব।

দ্য মোবাইল ফ্যাক্টরি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন https://themobilefactory.org