বাশার আল-আসাদ আর কত দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন, তা নিয়ে নানা মত থাকতে পারে। কিন্তু গৃহযুদ্ধ যে ধীরে ধীরে সিরিয়াকে শেষ করে দিচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বাশার সরকারের পতন হলে অবস্থা আরও খারাপ হতে পারে। তখন হয়তো দেশটি জুড়ে রাজত্ব চালাবে পরস্পর যুযুধান গোষ্ঠীপ্রধান, কট্টর ইসলামপন্থী ও দুর্বৃত্তের চক্র। পর্যবেক্ষকদের কারও কারও আশঙ্কা, সিরিয়া পরিণত হতে পারে এক নতুন সোমালিয়ায়।সিরিয়া যদি সত্যিই ওই রকম অরাজকতার মধ্যে পড়ে, তাহলে সেখানে জঙ্গিবাদের প্রসার ঘটবে। মধ্যপ্রাচ্যের দিকে দিকে যে দ্বন্দ্ব-সংঘাত, তার আগুনেও হাওয়া দেবে তা। বাশার আল-আসাদের রাসায়নিক অস্ত্র এখনো নিরাপদ আছে। কিন্তু বাশার সরকারের পতন ঘটলে তা ‘ভুল হাতে’ পড়ার ঝুঁকি থাকবে। এ ভয়টা পাশ্চাত্যেরই বেশি। তবে এর আঞ্চলিক ও বৈশ্বিক তাৎপর্যও আছে। সিরিয়ায় ২০১১ সালে সরকারবিরোধী আন্দোলন শুরু হলে তা দমনে ট্যাংক আর হেলিকপ্টার গানশিপ ব্যবহার করেন বাশার। এতে করে শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা রূপান্তরিত হয় সশস্ত্র মিলিশিয়ায়। বাশার নিজের আলাবি শিয়া গোষ্ঠীর সদস্যদের খেপিয়ে দিয়েছেন দেশের সংখ্যাগুরু সুন্নিদের নিধন করতে। এতে ক্ষুব্ধ হয়ে অনেক জিহাদি সিরিয়ায় প্রবেশ করেছে সুন্নিদের সাহায্য করতে। এ পরিস্থিতিতে বাশার অন্য গোষ্ঠীগুলোর মানুষকে বুঝিয়ে তাঁর পক্ষে টানছেন। তাদেরকে বলা হচ্ছে, বাশার সরকারের পতন হলে সুন্নিরা কাউকে আস্ত রাখবে না। এর ফল হিসেবে সিরিয়ার বাতাস বিষিয়ে উঠেছে সাম্প্রদায়িকতার বিষবাষ্পে। পূর্বাঞ্চলীয় শহর দেইর ইজ জরের ছাত্র আহমাদের কথা শুনলে এই মুহূর্তে সিরিয়ার হাল কী, তার একটি ধারণা পাওয়া যাবে। ‘আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। সরকার আমাদের হত্যা করছে। বিরোধী বাহিনীর অনেকে দুর্বৃত্তে পরিণত হচ্ছে। আর গোটা বিশ্ব তা সিনেমা দেখার মতো তাকিয়ে দেখছে,’ আর্দ্রকণ্ঠে এক বিদেশি সাংবাদিককে সম্প্রতি বলছিলেন আহমাদ। ২০১১ সালের মার্চে বাশারবিরোধী বিক্ষোভ শুরু হলে তাতে যোগ দিয়েছিলেন এ তরুণ। আহমাদের আশঙ্কা, বিশ্ব হয়তো মনে করছে, সিরিয়ার ঘটনা মোটেই নতুন বা অস্বাভাবিক কিছু নয়। কারণ, বিশ্বের ওই অঞ্চলে যুদ্ধবিগ্রহ বা সংঘাত নৈমিত্তিক বিষয়।অথচ মাত্র দুই বছর আগেই ছবিটা ছিল সম্পূর্ণ অন্য রকম। মধ্যপ্রাচ্যে মোটামুটি একটি নিরিবিলি জনপদ হিসেবেই পরিচিত ছিল সিরিয়া। একটানা জনবসতি থাকার বিচারে বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর সে দেশের দামেস্ক নগর। নগরবাসী গর্ব করে বলত, মুসলমান, খ্রিস্টানসহ অনেক ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে দামেস্কে। রাজধানীর বিপণিবিতানগুলো গমগম করত ক্রেতার ভিড়ে। মধ্যরাতের পরও রাজপথে চলতে ভয় পেতেন না একাকী নারী। নিজেদের বর্ণাঢ্য ইতিহাসের জন্য গর্বিত সিরীয়রা। দেশটি জুড়ে রয়েছে ভবনসহ অসংখ্য প্রাচীন স্থাপনা। তার মধ্যে আছে উমাইয়াদের সময়কার দৃষ্টিনন্দন মসজিদ থেকে খ্রিস্টান ক্রুসেডারদের গড়া দুর্গ। স্থাপত্যশিল্পের বিচারে অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত এগুলো। অনেকে মনে করেন, বাইরের বড় ধরনের হস্তক্ষেপে ক্ষমতার ভারসাম্যে তেমন পরিবর্তন না হলে সিরিয়ার গৃহযুদ্ধ কয়েক বছর পর্যন্ত ধরে চলতে পারে। বিদ্রোহী গোষ্ঠীগুলো কিছু কিছু সামরিক ঘাঁটি দখল করছে। দেশের উত্তর ও পূর্বের কিছু কিছু অঞ্চল নিয়ন্ত্রণ করছে তারা। বড় নগরগুলোতে চলছে লড়াই। কিন্তু বিদ্রোহী বাহিনীগুলোর নিজেদের মধ্যে মিল নেই। সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ার পাশাপাশি তারা একে অন্যের সঙ্গেও যুদ্ধে লিপ্ত। দেশের ওপর বাশার আল-আসাদের নিয়ন্ত্রণ অনেকখানি দুর্বল হয়ে গেলেও তিনি শিগগিরই রণে ভঙ্গ দেবেন, এমন কোনো লক্ষণ নেই। নিজের আলাবি গোষ্ঠীর বেশির ভাগ মানুষের কাছে এখনো তাঁর প্রতি ভক্তির কমতি নেই। বাশারের নেতৃত্বে রয়েছে হাজার পঞ্চাশেক অনুগত সুসজ্জিত সেনা। অতটা প্রশিক্ষিত বা অনুগত নয়, এমন সেনা আছে আরও হাজার হাজার। রাশিয়া, ইরান ও ইরাক তাঁকে সমর্থন দিচ্ছে। এরা সাধ্যমতো অর্থ, অস্ত্র, পরামর্শ ও জনশক্তি দিয়ে সাহায্য করছে। লেবাননের সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া বাহিনী হেজবুল্লাহও যোদ্ধা পাঠাচ্ছে বাশারের পক্ষে লড়তে। বিশ্লেষকেরা তাই মনে করেন, বাশার আল-আসাদ এ যুদ্ধে জিতবেন না, এটা একরকম নিশ্চিত হলেও তিনি যে সহজে হারও মানবেন না, সেটাও হলফ করে বলা যায়।সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। হাজার হাজার লোক নিখোঁজ। সরকারের কারাগারে বন্দী দেড় থেকে দুই লাখ। দেশের ভেতরে গৃহহীন হয়ে খাদ্য ও আশ্রয়ের অভাবে দিন গুজরান করছে বিশ লাখের বেশি মানুষ। আর সীমান্ত পেরিয়ে বিভিন্ন দেশের মাটিতে চরম দুর্গতির মধ্যে বাস করছে আরও লাখ দশেক সিরীয়। এত কিছুর পরও মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বিশ্ব সেখানে রক্তপাত বন্ধে হস্তক্ষেপে ইতস্তত করছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, শুধু প্রাণ রক্ষা করা সামরিক অভিযানের পক্ষে যথেষ্ট যুক্তি হতে পারে না। ইরাক ও আফগানিস্তানে মার্কিন অভিজ্ঞতার বিষয়টি ভাবলেই ওবামার মন্তব্যের পেছনের কারণটি পরিষ্কার হয়ে যায়। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের উচিত, আপাতত বিদেশের মাটিতে আরেকটি বিপর্যয়ে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা। সিরিয়ার দীর্ঘদিনের মিত্র রাশিয়া মাঝে মাঝে ইঙ্গিত দিয়েছে, তারা বাশারের ওপর চাপ দেবে। কিন্তু দেখা গেছে, তারা শেষ মুহূর্তে পিছিয়ে গেছে। পশ্চিমা কূটনীতিকদের অনেকে মনে করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে চান না সিরিয়ার বিরুদ্ধে কিছু করতে। তিনি নাকি মনে মনে চান, যুক্তরাষ্ট্র তথা পাশ্চাত্যের চেষ্টা ব্যর্থ করে দিতে। রাশিয়া ও চীনের বাধার কারণেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে কঠোর উদ্যোগ নিতে পারেনি পাশ্চাত্য। অন্যদিকে সিরীয় বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের ব্যাপারে ইউরোপীয় মিত্রদের মধ্যে মতানৈক্য আছে। বিদ্রোহীরা প্রত্যাশার চেয়ে অনেক কম অস্ত্র পাচ্ছে। কাতার, সৌদি আরব ও কুয়েত মূলত হালকা অস্ত্র সরবরাহ করেছে। অথচ বিদ্রোহীরা চাইছে ট্যাংক ও বিমানবিধ্বংসী কামান। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কিছুটা আশার বাণী শুনিয়েছেন সিরিয়ার বিদ্রোহীদেরকে। তিনি বলেছেন, কী করলে কার সমর্থন পাওয়া যাবে, তা নিয়ে ভেবে বিদ্রোহীদের ঝুলিয়ে রাখবে না যুক্তরাষ্ট্র। এদিকে দেরিতে হলেও পাশ্চাত্যের স্থবিরতা কাটার লক্ষণ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সিরীয় বিদ্রোহীদের ওষুধ ও বিভিন্ন অসামরিক সরঞ্জাম দিচ্ছে। যুক্তরাজ্য বলেছে, ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ায় অস্ত্র পাঠানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করলে তারা এর ‘পূর্ণ সুযোগ’ নেবে। তবে অস্ত্র সহায়তার বিষয়টি সহজ নয়। তা যেমন একদিকে বিদ্রোহীদের লড়াইয়ের সক্ষমতা বাড়াবে, অন্যদিকে রক্তক্ষয়ও বাড়িয়ে দেবে। আবার বিদ্রোহী গোষ্ঠীগুলো অস্ত্র দিয়ে সাহায্য করলেই যে তারা ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে পাশ্চাত্যের স্বার্থ রক্ষা করবে, তার নিশ্চয়তা নেই। অথচ অনেকে সেটাই আশা করছে। ইরাক ও আফগানিস্তানে পাশ্চাত্যের অস্ত্র সরবরাহ জটিল পরিস্থিতিরই সৃষ্টি করেছিল। এটা ঠিক, পাশ্চাত্য ও সহানুভূতিশীল আরব প্রতিবেশীদের যথাযথ সহায়তা পেলে বিদ্রোহীদের শক্তি অনেকখানি বাড়বে। এতে করে রণাঙ্গনের ভারসাম্য তাদের অনুকূলে আসবে। একদিন হয়তো বাশার সরকারের পতন ঘটানোও সম্ভব হবে। বাস্তবে কী হয়, তা দেখার জন্য অপেক্ষা ছাড়া উপায় নেই। আপাতত তার অর্থ আরও রক্তক্ষয়, আরও ধ্বংস।