ধ্বংসের মুখে পোলট্রিশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই নিজেদের পাড়া ডিম ভেঙে প্রতিবাদ জানায় সচেতন মুরগিসমাজ। ছবি: দৈনিক ফলোআপ
এভাবেই নিজেদের পাড়া ডিম ভেঙে প্রতিবাদ জানায় সচেতন মুরগিসমাজ। ছবি: দৈনিক ফলোআপ

সম্প্রতি জামালপুরের সরিষাবাড়ীতে সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রায় ৪০০ প্রার্থীর মধ্যে ২৫০ প্রার্থীর পছন্দের প্রতীক ছিল ‘মোরগ’! এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মুরগিসমাজ। গতকাল সরেজমিনে দেখা যায়, কামাল চেয়ারম্যানের বাড়ির পেছনের আঙিনায় আয়োজিত মুরগিসভায় জনপ্রিয় মুরগি নেতা মিস কুককুক বলেন, ‘মানুষ বড়ই অকৃতজ্ঞ প্রাণী। দিনের পর দিন আমরা আমাদের ফিগার কন্ট্রোল না করে ডিম পেড়ে যাচ্ছি। আমাদের এত কষ্টে “পাড়িত” ডিমগুলো তারা সেদ্ধ, ভাজা ও পোচ করে খায়। অথচ প্রতীক চাওয়ার সময় তারা মোরগ নিয়া লাফালাফি করে! কেন এই প্রহসন?’
প্রবীণ নেতা কুক্কুরকু বলেন, ‘মোরগ কবে থেকে মানুষের এত প্রিয় হয়ে উঠল? প্রতিদিন ভোরে মোরগের বেহুদা চিল্লাচিল্লিতে আমাদের চেয়ারম্যান সাহেবের পরিবার ঘুমাতে পারে না। প্রতিদিনই তাদের দেখি বাসার মোরগগুলোকে দৌড়ের ওপর রাখতে। অথচ দেখুন, প্রতীক চাওয়ার সময় সবাই মোরগ নিয়ে টানাটানি করছে! আবার কারও সাহস কম থাকলে বলে মুরগির কলিজা। মানুষের কাছে আমার প্রশ্ন, মুরগির বদলে মোরগের কলিজা বলেন না কেন? মোরগের কলিজা কি হাতির কলিজার সমান?’
বক্তৃতা শেষে মুরগিসমাজ চেয়ারম্যানবাড়ির পেছনের বাগানে একটি মুরগিবন্ধনে অংশ নেয়। সেখানেও আরেক প্রস্থ বক্তৃতা দেন উপস্থিত গণ্যমান্যরা। মুরগিসমাজের সাধারণ সম্পাদক কুউউক বলেন, ‘আপনাদের উদ্দেশে আমার আহ্বান, আজ থেকে ডিম পাড়া বন্ধ করুন। মানুষ যদি জিজ্ঞেস করে, তাহলে সাফ জানিয়ে দেবেন, আমরা ডায়েটে আছি।’ সব শেষে নিজেদের পাড়া ডিম ভেঙে মুরগিবন্ধন শেষ করেন তারা।
এদিকে মুরগিসমাজের এই সিদ্ধান্তে পোলট্রিশিল্পের মালিকদের মাথায় হাত। দৈনিক ফলোআপের এই প্রতিনিধির কাছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী ঝাঁজালো গলায় বলেন, ‘রাজনীতি যারা করে বা করব, হেগো মাথায় কি গোবরও নাই! এই যে মুরগিগুলা ডিম পাড়া বন্ধ করল, এহন ডিম পারব কেডা? যারা নির্বাচনে জিতব হেরা, নাকি যারা হাড়ব হেরা?’
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের মুঠোফোন নম্বর বন্ধ দেখায়।