ধ্রুপদি সংগীতে স্মরণশক্তি বাড়ে!

ধ্রুপদি সংগীত শুনলে শেখা ও মনে রাখার ক্ষমতা বাড়ে। ধ্রুপদি যন্ত্র ও কণ্ঠ সংগীত শুনতে যে মনোসংযোগ করতে হয় তা মস্তিষ্কের জন্যও ভালো। নতুন এক গবেষণায় এমনটাই দাবি করেছেন ফিনল্যান্ডের বিজ্ঞানীরা। ইন্দো এশিয়ান নিউজ এ খবর জানিয়েছে।
হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বার্তায় ফিনিশীয় গবেষকেরা বলেছেন, ধ্রুপদি সংগীত শুনলে যেসব জিনের সক্রিয়তা বাড়ে তার মধ্যে আছে ডোপামাইন হরমোন নিঃসরণে সম্পৃক্ত জিন এবং শেখার ও মনে রাখার ক্ষমতা-সংক্রান্ত জিন।
‘সাইনুস্লাইন-আলফা’ বা ‘এসএনসিএ’ নামে পরিচিত খুবই সক্রিয় একটা জিন পারকিনসনস রোগের ঝুঁকির কারণ হিসেবে বিবেচিত হয়। কিন্তু ধ্রুপদি সংগীতের উচ্চমাত্রায় মস্তিষ্কের যে অংশ সক্রিয় হয়ে ওঠে ‘এসএনসিএ’ নামের এই জিনও সেখানেই সক্রিয়। গানের পাখিদের গান শেখার জন্যও এই ‘এসএনসিএ’ জিন ভূমিকা রাখে বলে ধারণা করা হয়।
হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের গবেষক ইরমা জারভেলা বলেন, গানের পাখিদের গান শেখা ও গান গাওয়ার সঙ্গে সম্পৃক্ত এসব জিনের সক্রিয়তা মানুষের মধ্যেও অনেকটা কার্যকর। শব্দ-সংক্রান্ত ধারণা এবং পাখি ও মানুষের কণ্ঠের সঙ্গে সম্পৃক্ত একই জিনের এই সাযুজ্য থেকে একই ধারায় বিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়।
ধ্রুপদি সংগীতে অভ্যস্ততা আছে এবং এতে অভ্যস্ত নন এমন দুই দল শ্রোতার ওপরে পরীক্ষা চালায় ফিনল্যান্ডের এই গবেষকেরা। উভয় দলকেই মোজার্টের ২০ মিনিটের একটা ভায়োলিন কনসার্ট শুনতে দেওয়া হয়। গবেষকেরা দেখতে পান যে, এমন সংগীত শোনার সময় অভ্যস্ত শ্রোতাদের ডোপামাইন নিঃসরণ ও পরিবহন-সংক্রান্ত জিন, শেখা ও মনে রাখা-সংক্রান্ত জিন সক্রিয় হয়ে ওঠে। কিন্তু তা নিউরোডিজেনারেশন-সংক্রান্ত জিনের সক্রিয়তা কমিয়ে দেয়।
গবেষকেরা বলেন, ‘সংগীতে অভ্যস্ত অংশগ্রহণকারীদের মধ্যেই কেবল এই প্রভাবগুলো শনাক্ত করা যায়। সংগীত-তাড়িত এসব প্রভাবে অভ্যস্ততা যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটা তারই ইঙ্গিতবাহী।’ এই গবেষণা সংগীত-চিকিৎসার নতুন পথ খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।