ধ্রুপদী সংগীতের জলসা
একেবারে আটপৌরে আয়োজনের মধ্য দিয়ে নগরে হয়ে গেল উচ্চাঙ্গসংগীতের ত্রয়োদশ জাতীয় সম্মেলন। সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ আয়োজিত সম্মেলনে ধ্রুপদী সংগীতের ঢালি নিয়ে অংশ নেন দেশের বরেণ্য শিল্পীরা। এই আয়োজনকে ঘিরে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন পরিণত হয় মার্গীয় সংগীতের জমজমাট জলসায়। ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ আলাউদ্দিন মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এরপর শুরু হয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের শিল্পীদের পরিবেশনা দিয়ে সুরের ভুবনে অবগাহন করেন সংগীতানুরাগীরা। বিলম্বিত তালে শুরু হওয়া অনুষ্ঠানের মলিন চেহারায় রীতিমতো দরবারি ভাব নিয়ে আসেন শিল্পীরা। বিশাল রত্ন ভান্ডার থেকে তাঁরা তুলে ধরেন একেকটি মণিমুক্তা ধ্রুপদ, খেয়াল, ঠুংরি, তারানা, কেদারা, অনবদ্য সব সুরলহরি।সম্মেলনে ভারতের পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণকারী অতিথি শিল্পী বিপ্লব ভট্টাচার্যের তবলার লহরি মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের। দেবাশীষ কর্মকারের হারমোনিয়াম সংগত নিয়ে শিল্পী তবলার বোলে পরিবেশন করেন পাঞ্জাব, বেনারস, লাক্ষ্নৌ ঘরানার বিস্তার। শিল্পী শাহি মুদ্রায় রাজদরবারের হুঁকার বোল যখন উপস্থাপন করেন তবলার বোলে তখন মিলনায়তনজুড়ে করতালি ঝড়। ‘বিজলি তরঙ্গ’ বোল সংগীতপ্রেমীদের অনেক দিন মনে রাখার মতো। প্রথানুযায়ী শিল্পী তাঁর পরিবেশনা শেষ করেন ঝালার সুর ঝংকারে।ময়মনসিংহের শিল্পী মোহাম্মদ শোয়েব পরিবেশন করেন ধ্রুপদি কণ্ঠসংগীতের খেয়াল আঙ্গিকের গান। প্রায় ২২ মিনিটের ললিত রাগের পরিবেশনাটির মাধ্যমে শিল্পী সংগীতের মূর্ছনায় মিলনায়তনে নিয়ে আসেন শেষ রাত্রির চতুর্থ প্রহরের অস্ফুট আবহ। অবশ্য শিল্পী রাগভঙ্গিম ছোট দাদরা ‘সাওয়ারিয়া চিত চুরা দে’ গাওয়ার মধ্য দিয়ে অন্য রকম ভালো লাগা সৃষ্টি করেন।সিলেটের শিল্পী শিউলি ভট্টাচার্য পরিবেশন করেন বেহালার যন্ত্রানুষঙ্গে খেয়াল গান। ঘড়িতে তখন রাত ১০টা। উচ্চাঙ্গসংগীতের কাল গণনায় রাতের দ্বিতীয় প্রহর শুরু। দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনের পরিবেশনা এর অধিক প্রহর ব্যাপৃত হয়নি বটে। কিন্তু ১১ ফেব্রুয়ারি সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরুই হয় রাত ১০টার পর। রাত তৃতীয় প্রহরের মালকোষ, মোহিনী হয়ে চতুর্থ প্রহরের ললিত, পরজের পরিবেশনা ভালই ছিল।সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের সাধারণ সম্পাদক স্বর্ণময় চক্রবর্তী বলেন, ‘উপমহাদেশের উচ্চাঙ্গসংগীতের ঐতিহ্য সুপ্রাচীন হলেও এই সংগীতের সমকালীন আবেদনও নান্দনিকতায় সমুজ্জ্বল। উচ্চাঙ্গসংগীতের চর্চার ধারা বেগবান করতে আমরা গণমাধ্যমের সহযোগিতা আশা করছি।’ বিশ্বায়নের সংগীত-ব্যবসার স্রোতে গা না ভাসিয়ে ধ্রুপদি সংগীতের নিবিড় অন্তরঙ্গতায় জীবনের আনন্দ খুঁজে নিতে দর্শক-শ্রোতাদের আহ্বান জানান তিনি।