ধ্রুপদের সঙ্গে রবীন্দ্রসংগীতের মেলবন্ধন
‘রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর বাড়িতে নিয়মিত উচ্চাঙ্গসংগীতের জলসা বসত। সেখানে আসতেন বিষ্ণু চক্রবর্তী ও যদুভট্টসহ বিষ্ণুপুর ঘরনার বহু দিকপাল। এসব উঁচুমাপের শিল্পীর সংস্পর্শ রবীন্দ্রনাথের সংগীত রুচি তৈরিতে ভূমিকা রেখেছিল।’ রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংগীতসন্ধ্যায় শিল্পী স্বর্ণময় চক্রবর্তী বলেছিলেন এ কথা। তাঁর মুখ থেকে শোনা গেল শুদ্ধ রাগ সামান্য পরিবর্তন করে কী করে নিজের গানে সুর বসিয়েছিলেন রবীন্দ্রনাথ। বিশেষ বিশেষ রাগ বা ঘরনার ওপর তাঁর দুর্বলতা ছিল—জানা গেল সে কথাও। এসব আলাপের ফাঁকে ফাঁকে চলছিল গান।ব্যতিক্রমী এ সংগীতসন্ধ্যার আয়োজন করেছিল আলিয়ঁস ফ্রঁসেজ ও সংগীত ভবন। ধ্রুপদের সঙ্গে রবীন্দ্রসংগীত হাত ধরে চলেছে সমগ্র অনুষ্ঠানজুড়ে। ১৭ সেপ্টেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ আসরের উদ্বোধন করেন সংস্থার পরিচালক স্যামুয়েল বার্থেট। উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। স্যামুয়েল বার্থেট নিজে একসময় শান্তি নিকেতনে ফরাসি ভাষার শিক্ষক ছিলেন। আসরের শুরুতে সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন দর্শক-শ্রোতাদের। তিনি জানান, রবীন্দ্রনাথের আর সব সৃষ্টিকর্মের চেতে তাঁর গান অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ বলেন, ‘কথা ও সুরের অসাধারণ সমন্বয় রবীন্দ্রসংগীতকে উচ্চাসনে বসিয়েছে।’ ভীমপলশ্রী রাগ বিশেষ পছন্দ ছিল রবীন্দ্রনাথের। উচ্চাঙ্গসংগীতের প্রাচীন সেনি ঘরানাও তাঁকে আকৃষ্ট করত। স্বর্ণময় চক্রবর্তী তাই অনুষ্ঠানের শুরুতেই ভীমপলশ্রী রাগ গেয়ে শোনালেন দর্শকদের। গানের পর সুরের তর্জমাও চলল। স্বর্ণময় জানালেন, রবীন্দ্রনাথ সংগীত নিয়ে বহু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। রাগসংগীতের প্রচলিত কাঠামো ভেঙে অনেক জায়গায় কোমল নি ও ধা-এর স্থলে শুদ্ধ নি ও ধা ব্যবহার করেছেন তিনি। কখনো অনুসরণ করেছেন রাগসংগীতের সুরের অবিকল কাঠামোকেই। শিল্পী মনীষা রায় ও সুভদ্রা সেনগুপ্তা একে একে গেয়ে শোনালেন ভীমপলশ্রী রাগে সুর করা ‘বিপুল তরঙ্গ রে’, পূরবী রাগে ‘বেলা গেল তোমার পথ চেয়ে’, ইমন রাগে ‘বিপদে মোরে রক্ষা কর’, খাম্বাজ রাগে ‘তোমার গৃহে’ ও মালকোষ রাগে ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’। ধ্রুপদের সুরের কাঠামোকে নিজের মতো পরিবর্তন করে নতুন ধারার প্রবর্তন করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রসংগীতের সুরের এ সম্মোহন তাই বহুকাল আচ্ছন্ন করবে মানুষকে। সংগীতসন্ধ্যায় উপস্থিত দর্শক যেন এ উপলব্ধিতেই আক্রান্ত হলেন।