নওগাঁর গ্রামে ফারাজ স্মৃতি পাঠাগার

শালবাড়ি। নিভৃত এক গ্রাম। যেটির কথা হয়তো উপজেলার অনেক মানুষই একবাক্যে বলতে পারেন না। আবার কাছের কেউ বলতে পারলেও দ্বিধায় পড়েন। এটা কোন শালবাড়ি? শালবাড়ি আছে একাধিক। তাই এই গ্রামকে শনাক্ত করার জন্য গ্রামবাসী নামের আগে মৌজার নামটিও যোগ করে দেন—গুড়িহারি-শালবাড়ি। নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে অবস্থিত গ্রামটির ভেতর দিয়ে এঁকেবেঁকে ঢুকেছে একটি সড়ক। সেই সড়কের ধারে চোখে পড়ে একটি নামফলক। সেটির কোনায় এক তরুণের ছবি। পাশে একটি স্লোগান: ‘বন্ধুত্ব-ত্যাগ-দেশপ্রেম’। নিচে বড় হরফে লেখা ‘ফারাজ স্মৃতি পাঠাগার’।
পেছনে একটি মাটির ঘরের পরিচয় নিয়ে সাইনবোর্ডটি প্রায় দুই বছর ধরে দাঁড়িয়ে আছে। দূর গ্রামের অচেনা পথিকের মনে মাটির ঘরের এই সাইনবোর্ডের কথাগুলো হাজারো প্রশ্ন ছুড়ে দেয়। কেউ কেউ থমকে দাঁড়ান। ছবিটি যে হোলি আর্টিজান বেকারিতে বন্ধুত্বের প্রমাণ দিতে নিজের জীবন উৎসর্গ করা বাংলাদেশি তরুণ ফারাজ আইয়াজ হোসেনের, তা বুঝতে তাদের একটু সময় লাগে বৈকি। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরের এই গ্রামে কারা এভাবে ফারাজের স্মৃতিকে ধরে রেখেছেন?
প্রতিদিন বিকেলে এই মাটির ঘরের সামনে গ্রামের শিশু-কিশোর-বৃদ্ধ সবাই বই পড়তে বসেন। দিন কয়েক আগে গ্রামে গিয়ে কথা হয় ষাটোর্ধ্ব পাঠক আলহাজ নূরুন্নবীর সঙ্গে। একসময় তিনি ইউপি সদস্য ছিলেন। নূরুন্নবী শুনলেন এই পাঠাগারের গল্প।
গুড়িহারি-শালবাড়ি গ্রামের মাসুদ রানা এখন রাজশাহী শহরে থাকেন। এ গ্রামে ছিলেন ষষ্ঠ শ্রেণি পর্যন্ত। এরপর সপরিবারে তাঁরা শহরে চলে যান। সে প্রায় তিন দশক আগের কথা। শহরে গিয়ে ছেলেটি লেখাপড়া শিখেছেন। এখন এই গ্রামে তাঁর পৈতৃক বাড়িঘর পর্যন্ত নেই। কিন্তু নিজের গ্রামকে তিনি ভুলে যাননি। পড়াশোনার দিক দিয়ে এই গ্রামটি পিছিয়ে পড়া। তাই গ্রামকে এগিয়ে নেওয়ার জন্য মাসুদ রানা পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তাঁর কথায় গ্রামের লোকজন নিজেরাই ঝাড় থেকে বাঁশ কেটে দিয়েছেন। স্বেচ্ছাশ্রমে মাটির ঘর তৈরি করেছেন।
চমৎকার করে রঙিন মাটি দিয়ে ঘরের দেয়ালের অংশবিশেষ নিকানো। মেঝে পাকা। ঘরের মাঝখানে একটি বড় টেবিল পাতা রয়েছে। টেবিলের চারপাশ দিয়ে বেঞ্চ পাতা। টেবিলের ওপরে দিনের খবরের কাগজ। এক যুবক খবরের কাগজে মুখ গুঁজে রয়েছেন। ভেতরে সব মিলিয়ে বিভিন্ন বয়সের ১০-১২ জন পাঠক। স্টিলের তাকিয়ায় সাজানো বই। অষ্টম শ্রেণির ছাত্রী নাজমুন নাহার পড়ছে হুমায়ুন আজাদের লাল নীল দিপাবলী। গ্রামের কৃষক ফিরোজের (৩৫) হাতে দেখা গেল হুমায়ূন আহমেদের মেঘ বলেছে যাব যাব। ফিরোজ বলেন, অষ্টম শ্রেণির পর তাঁর আর পড়াশোনা হয়নি। এখন গৃহস্থালির কাজ করেন।
মইনুল ইসলাম এসেছেন পাশের গ্রাম থেকে। তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি নিয়মিত পাঠাগারে আসা-যাওয়া করেন। তিনি পড়ছেন মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু। বললেন, এই অঞ্চলে এ রকম পাঠাগার আর নেই। তার পড়াশোনা হয়নি। কিন্তু বই নিয়ে বসতে ভালো লাগে। এ জন্যই এখানে আসেন।

গুড়িহারি-শালবাড়ি গ্রামের সারোয়ার জাহান বিএ পরীক্ষা দেননি। তিনিও বিকেলবেলায় পাঠাগারে এসে বসেন। বই পড়েন। তাঁর হাতে পাওয়া গেল হাসান আজিজুল হকের আগুনপাখি।
পাঠাগারের জমি দান করেছেন অশীতিপর সাইফুদ্দিন। তিনি বললেন, ‘এই অঞ্চলে বই পড়ার এ রকম জায়গা নেই। অনেক স্কুলে হয়তো আছে, সেখানে সাধারণ মানুষ গিয়ে বসতে পারে না। এই পাঠাগারে সব ধরনের মানুষ আসে। স্কুলের ছাত্রছাত্রীরাও পড়ে। পাঠাগারের জন্য সামান্য একটু জমি দিতে পেরেই আমি খুশি।’
মাটির এই ঘর বানানোর কাজের সঙ্গে জড়িত ছিলেন গ্রামের সালাউদ্দিন, জিয়াউর রহমান, আবদুর রহমান, আয়নাল হক, আবদুল মান্নান, নুরুল আমিন, নাদের আলীসহ অনেকেই।
মূল উদ্যোক্তা মাসুদ রানার সঙ্গে কথা হয়েছিল রাজশাহীতেই। ফারাজ স্মৃতি পাঠাগার গড়ে তোলার পেছনে কারণ জানতে চাইলে তিনি বললেন, ফারাজের আত্মদানের ঘটনা তাঁকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। যখন পরিবারে, সমাজে মানুষ দিনে দিনে বন্ধুহীন হয়ে পড়ছে, সেই সময়ে ফারাজের মতো একজন তরুণ নিজের জীবন দিয়ে বন্ধুত্বের মর্যাদা রক্ষা করলেন—এ কথা ভাবতে গেলেই আমার চোখে পানি এসে যায়। তাঁকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য কী করা যায়, ভাবতে গিয়েই মাথায় এই পাঠাগার করার চিন্তা।
মাসুদ মনে করেন, বই হচ্ছে মানুষের অকৃত্রিম বন্ধু। সবাই তাকে ছেড়ে গেলেও বইখানা হাতের কাছেই থাকে। যেকোনো সময় বইখানা হাতে তুলে নিয়ে তার সঙ্গে সে সময় কাটাতে পারে। এ জন্য বন্ধুত্ব, ত্যাগ ও দেশপ্রেমকে তিনি পাঠাগারের স্লোগান হিসেবে ব্যবহার করেছেন।