নকল মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

মামুন সাহেবের বাড়িতে আজ বিরাট আয়োজন। সফল পেশাজীবন শেষ করে গতকালই অবসর নিয়েছেন তিনি। এ উপলক্ষে আয়োজিত এই ঘরোয়া অনুষ্ঠানে হাজির হয়েছেন তাঁর আত্মীয়স্বজনদের প্রায় সবাই। রাতে খেতে বসার আগে নানা বিষয় পেরিয়ে অবসরজীবনে মামুন সাহেবের কী করা উচিত আলোচনা এখন সেখানে এসে ঠেকেছে।
‘মামুনের কিন্তু লেখালেখি করা উচিত। এত বড় সরকারি কর্মকর্তা ছিল! অভিজ্ঞতা তো আর কম নয় ওর।’ প্রায় নীতিনির্ধারকের মতো কথাটা বলে দেন মামুন সাহেবের বড় দুলাভাই।
ছোট দুলাভাই আবার কোনো বিষয়েই একমত হতে পারেন না বড়র সঙ্গে। ‘হ্যাঁ, ওর আসলে লেখালেখি করাটাই ঠিক হবে।’ বড়র সঙ্গে এ পর্যন্ত একমত হন তিনি। তারপরেই দেখান আসল রূপ। ‘তবে ওর লেখা দরকার ভ্রমণকাহিনি। কম দেশ তো আর ঘোরেনি ও!’
বড়-ছোটর চোখাচোখিতে নিজের মত প্রতিষ্ঠার জন্য যেন জীবন বাজি রাখার আভাস। উপস্থিত বাকি সবাই নীরব থেকে দেখতে চায়, কে জেতে এ খেলায়।

‘মামুনের উচিত মুক্তিযুদ্ধে ওর অংশগ্রহণ এবং অবদানের কথা লেখা।’

সবাই চমকে তাকায় বক্তার দিকে। বক্তা ইকবাল হাসান, মামুন সাহেবের বড় ভাই মাসুম রহমানের বন্ধু। ইকবাল মামুনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসেন। বলেন, ‘আফটার অল তুমি একজন মুক্তিযোদ্ধা মামুন।’

মামুন সাহেব কিছু বলতে পারেন না, ঢোক গেলেন। একটা ভয় গ্রাস করে নিতে চায় তাঁর অস্তিত্ব। ইকবাল ভাই কি আজ সবার সামনে বলে দেবে তাঁর এত দিনের ব্যবহৃত নকল পরিচয়টা। ভাবতে গিয়ে শীতের রাতেও ঘেমে ওঠেন মামুন সাহেব।

রাতের খাবারের ডাক আসায় ভেঙে যায় জমায়েত। সবাই ছোটে খাবার টেবিলে। আয়োজনের মধ্যমণি মামুন সাহেব কিছু খেতে পারেন না। কিন্তু তাঁকে ঘিরে বসে আয়েশ করে খায় সবাই। সব থেকে বেশি আরাম করে খান ইকবাল। খাবার নাড়াচাড়া করতে করতে অন্তত এমনটাই মনে হয় মামুন সাহেবের।

একাত্তরের শেষের দিকে এমনি এক রাতে খাবারের সময় তাঁদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন ইকবাল। সঙ্গে করে এনেছিলেন তাঁর বড় ভাই মাসুম রহমানের যুদ্ধে শহীদ হওয়ার সংবাদ। তারপর থেকে তাঁদের প্রায় প্রতিটা সংকটের সময় পাশে পাশে থেকেছেন ইকবাল ভাই। মাসুম রহমানের মুক্তিযোদ্ধার সনদ তিনিই নিজ উদ্যোগে জোগাড় করে এনেছিলেন। যে সনদ অল্প কিছুদিনের ভেতরেই কলমের আলতো ছোঁয়ায় মামুন রহমানের হয়ে যায়। এ ঘটনা জানতে পেরে আর কোনোদিন তাঁর সঙ্গে যোগাযোগ রাখেননি ইকবাল ভাই। কিন্তু আজ তাহলে কেন...

আর ভাবতে পারেন না মামুন সাহেব। শরীর অবশ হয়ে আসতে চায় তাঁর। তিনি দেখতে পান, খাওয়া শেষ করে তাঁর দিকেই এগিয়ে আসছেন ইকবাল হাসান। অজ্ঞান হতে খুব ইচ্ছা করে মামুন সাহেবের।

ইকবাল এসে দাঁড়ান তাঁর পাশে। মুখটা নামিয়ে আনেন মামুন সাহেবের কানের কাছে। ফিসফিস করে বলেন, তুমি একটা নকল মানুষ মামুন। নকল মানুষ।

আর কিছু না বলে চলে যান ইকবাল। সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন মামুন সাহেব। তাঁর ছোট নাতি এসে হাত ধরে টানলে ঘোর কাটে তাঁর। তাকান তিনি নাতির দিকে।

‘হু ইজ হি গ্রান্ড পা?’ প্রশ্ন করে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া নাতি।

‘উনি একজন মুক্তিযোদ্ধা। আসল মুক্তিযোদ্ধা।’ কোনো রকমে বলতে পারেন মামুন সাহেব।

‘লাইক ইউ?’

‘হ্যাঁ’ বলতে পারেন না মামুন সাহেব। তাকাতে পারেন না নাতির চোখের দিকেও।