কক্সবাজার শহরের বিভিন্ন স্থানে একাধিক প্রতারকচক্র নানা কৌশলে স্থানীয় লোকজন ও ভ্রমণে আসা পর্যটকদের নকল স্বর্ণ ধরিয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এভাবে প্রতারণার শিকার হয়ে অনেকে ফতুর হচ্ছেন। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য পুলিশের পক্ষ থেকে লোকজনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। র্যাব সূত্র জানায়, গত সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা শহরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি ওজনের নকল স্বর্ণসহ হাতেনাতে চার প্রতারককে আটক করেছেন। আটক ব্যক্তিরা হলেন—উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে আব্দুল হামিদ, কোটবাজার তুতুর বিল এলাকার এজাহার মিয়ার ছেলে জয়নাল আবেদীন ও মৃত আব্দুল মালেকের ছেলে আবুল হাসেম এবং টেকনাফের নিলা ইউনিয়নের মিনাবাজার এলাকার মৃত মকতুল হোসেনের ছেলে ফরিদুল আলম। সূত্র জানায়, এঁরা শহরের বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে নারীদের ফুসলিয়ে কম দামের নকল স্বর্ণকে আসল দাবি করে বিক্রি করছেন। আর যাচাই-বাছাই না করে সরল বিশ্বাসে এসব স্বর্ণ কিনে লাখ লাখ টাকা হারিয়ে ফতুর হচ্ছেন সংশ্লিষ্ট নারীরা। অনেক পুরুষও এ রকম প্রতারণার শিকার হচ্ছেন। সূত্র জানায়, প্রতারক চক্রের সদস্যরা মাসখানেক আগে চকরিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক ও চকরিয়ার পালাকাটা গ্রামের শরিফুল ইসলামকে নকল স্বর্ণ ধরিয়ে দিয়ে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। গত সোমবার রাত আটটায় শহরের বাহারছড়া এলাকার রানা ও সোহেল নামের দুই যুবককে কম দামে আধা কেজি স্বর্ণ বিক্রির কথা বলে স্থানীয় বায়তুশ সালাত জামে মসজিদে নিয়ে যায় চক্রের সদস্যরা। এ সময় র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নকল স্বর্ণসহ হাতে-নাতে চার ব্যাক্তিকে আটক করেন। পরদিন বিকেলে তাঁদের সদর মডেল থানায় সোপর্দ করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান নকল স্বর্ণসহ চার প্রতারককে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, কয়েক মাস ধরে প্রতারক চক্রের সদস্যরা জেলার বিভিন্ন স্থানে নকল স্বর্ণ বিক্রি করে বিভিন্ন লোকজন থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে লোকজনকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আটকদের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।