নকশাকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিতলের থালার ওপর মিটিমিটি জ্বলছিল প্রদীপখানি। জাফরানি সুবাস ছড়ানো সে প্রদীপের চারপাশ ঘিরে সাজিয়ে রাখা হয়েছিল চন্দন, মুলতানি মাটি, আমলকী আর উপটানের কাঁসার বাটি। পাশেই বাঁশের ট্রেতে তাজা ফুল আর রূপচর্চার ভেষজ উপাদান। টেবিলের এক কোণে কাচের রঙিন বাটিতে একটা সজীব সবুজ গাছ। তার পাশেই নারকেলের মালায় লাগানো গাছটায় উঁকি দিচ্ছিল হলুদিয়া ফুল। দেশীয় তাঁতে বোনা রঙিন কাপড় আর বর্ণিল সুতোগুলোতেও খেলা করছিল রঙিন আভা।প্রথম আলোর যুগপূর্তি উপলক্ষে ৫ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রঙিন জন্মোৎসবে এভাবেই সেজেছিল নকশার স্টলটি।নকশার স্টল বলে কথা! উপস্থাপনটাই বলে দিয়েছে মঙ্গলবারের প্রকাশিত নকশার মূর্ত রূপটি। সকাল ১০টা থেকেই শুরু হয়ে গেছে এর আয়োজন। কুমিল্লা থেকে এসেছিলেন তাঁতিরা। তুলা থেকে চরকায় সুতা কেটে দেখিয়েছেন তাঁরা। সে সুতোর আবার কত রং—লাল, নীল, হলুদ, বেগুনি, সবুজ...! রঙিন সুতোগুলোর কাজ কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি। তা থেকে তৈরি হয়েছে হাতে বোনা কাপড়। তাও শোভা পেয়েছিল সেখানেই। দেশি সে কাপড় থেকে তৈরি পোশাকগুলো পরে সেজেগুজে দাঁড়িয়ে ছিল পুতুল তিনটি। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার যোগ দিতে শাড়ি, ফতুয়া, টি-শার্ট, জিনস—সবই শোভা পেয়েছিল। আর এসব আয়োজন করা হয়েছিল ফ্যাশন হাউস কে ক্র্যাফটের সৌজন্যে। বাঙালি সংস্কৃতির কাঁসার বাটি, থালা আর প্রদীপ ছবি এঁকেছিল বহু বছর পুরোনো ঐতিহ্যের। সকাল থেকে দুপুর গড়াতে গড়াতে ততক্ষণে নকশার স্টলে জমে উঠেছিল মেহেদির উৎসব। পারসোনা থেকে আসা দুজন রূপসজ্জাকর্মী রিয়া ও অর্ণা সারা দিন ধরেই রাঙিয়ে দিয়েছেন দর্শকদের হাত। স্টলের এক কোণে তাজা ফুল আর সবুজ গাছের উপস্থিতি মনে করিয়ে দিয়েছে ঘর সাজানোর কথা। সবুজের সজীবতা বাগান আর বন-বাদাড় ছাড়িয়ে শোভা পায় আমাদের ঘরের কোণেও। ঘরের স্নিগ্ধতায় যে সবুজের জুড়ি নেই, তাও এক ঝলকে দেখে নিয়েছেন সবাই। এরই মধ্যে চলে এসেছেন রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। সৌন্দর্যপিপাসু দর্শকদের নানাবিধ রূপ-সমাধানটা দিয়েছিলেন তিনি। রূপচর্চায় ভেষজ উপাদানের গুরুত্বের কথা বলেছেন হারমনি স্পার একজন আয়ুর্বেদ চিকিৎসকও। বিকেলের দিকে নকশার প্রতি ভালোবাসার টানে এসেছিলেন নকশার মডেল বিদ্যা সিনহা মিম, শখ, জয়া রায়, ইমন, নিরব, বাঁধন, হূদি, সিলভিয়া, সারিকা; হালকা গোলাপি আভা ছড়িয়ে চলে এসেছিলেন অভিনেত্রী শারমিন লাকীও। এসেছিলেন রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল, ইন্টেরিয়র ডিজাইনার গুলশান নাসরীন চৌধুরী। আব্দুন নূর তুষার এসেছিলেন স্ত্রী জীনাত জাবীনকে সঙ্গে নিয়ে। সারা দিন ধরেই ছিল নকশার পাঠকদের আসা-যাওয়া। ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধ্যা। স্টলের প্রদীপখানা মিটিমিটি জ্বলতে জ্বলতে ততক্ষণে ক্ষীণ হয়ে এসেছে। চরকা দুটিও ঘুরতে ঘুরতে থেমে গেছে তখন।