নকশালবাড়ি এখন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই জানেন, ভারতবর্ষ-কাঁপানো মাওবাদী আন্দোলনের সূতিকাগার ছিল পশ্চিমবঙ্গের একদা-অখ্যাত গ্রাম নকশালবাড়ি। দার্জিলিং থেকে তার রেশ ছড়িয়ে পড়ে গোটা ভারতে। এখনো মাওবাদী আন্দোলন চলছে বিশাল ভারতের ১২টি রাজ্যে।এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও অন্যতম ইস্যু ছিল জঙ্গলমহলের তিন জেলায় মাওবাদী (বা নকশালবাদী) আন্দোলন। তবে মাওবাদীরা জঙ্গলমহলসহ ভারতের বেশ কিছু জায়গায় প্রায়ই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিলেও উৎসভূমি নকশালবাড়িতে তার ছায়াটিও নেই। কেমন আছে নকশালবাড়ি, তা দেখতে সম্প্রতি সেখানে গিয়েছিলাম।বিপ্লবের গৌরব হারিয়ে নকশালবাড়ি এখন পশ্চিমবঙ্গের আর দশটি মফস্বলী জনপদেরই একটি। অন্যত্র যা-ই ঘটুক, নকশালবাড়ি গ্রামে চারু মজুমদারের বিতর্কিত আদর্শের ঝান্ডা তুলে ধরার মানুষ এখন হাতেগোনা। নেপালের সীমান্তঘেঁষা এই জনপদেই ষাটের দশকের শেষ দিকে ভারতের প্রথম সশস্ত্র কমিউনিস্ট আন্দোলনের সূত্রপাত করেছিলেন বিপ্লবী চারু মজুমদার।কলকাতা থেকে আমরা ট্রেনে করে গেলাম নিউ জলপাইগুড়ি। সেখান থেকে মহকুমা শহর শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে ট্যাক্সি করে সেই বিখ্যাত নকশালবাড়ি!নকশালবাড়ির আদি বাসিন্দা ছিল প্রধানত রাজবংশীরা। ব্রিটিশ আমলে এই অঞ্চলে চা-বাগান তৈরির হিড়িক পড়ে। এলাকার জোতদারেরা চা-বাগানে কাজ করার জন্য নিয়ে আসে সাঁওতালিদের। বিহার, ওডিশা ও মধ্য প্রদেশের পাশাপাশি পাশের দেশ নেপাল থেকেও আসে শ্রমিক। বাগান মালিকরা ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত করত শ্রমিকদের। বঞ্চিত শ্রমিকদের স্বার্থরক্ষার লক্ষ্যে দার্জিলিং থেকে নকশালবাড়িতে চলে আসেন চারু মজুমদার। সংগঠিত করেন সশস্ত্র বিপ্লব। চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান মাও সে-তুংয়ের মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি ১৯৬৭ সালে শুরু করেন সংগ্রাম। সে বছরের ২৪ মে আদিবাসীদের সঙ্গে নিয়ে জমি দখলের সংগ্রামের সূচনা করেন। চারু মজুমদারের বিপ্লবের এই তত্ত্ব ছড়িয়ে পড়েছিল গোটা পশ্চিমবঙ্গে। হাজার হাজার ছাত্রছাত্রী দীক্ষিত হন বিপ্লবের মন্ত্রে। পশ্চিমবঙ্গের পথে পথে আওয়াজ ওঠে—‘লাঙল যার, জমি তার’, ‘বন্দুকের নলই ক্ষমতার উৎস’, ‘নকশালবাড়ির পথ বিপ্লবের পথ’, ‘একটি স্ফুলিঙ্গই দাবানল সৃষ্টি করে’ ইত্যাদি। আত্মগোপন করে থাকা চারু মজুমদারকে ১৯৭২ সালের ১৪ আগস্ট পুলিশ কলকাতার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে। শোনা যায়, সহযোদ্ধা দীপক বিশ্বাসই নাকি ধরিয়ে দিয়েছিলেন তাঁকে। বদলা নিতে চারু মজুমদারের ক্যাডাররা দীপক বিশ্বাসকে হত্যা করেন। চারু মজুমদার বিচারাধীন অবস্থায় ১৯৭২ সালের ২৮ আগস্ট কলকাতার পিজি হাসপাতালে মারা যান বলে সরকারি ভাষ্য।চারু মজুমদারের আদর্শকে হঠকারিতা বলে সমালোচনা করেছেন অনেকেই। কিন্তু তাতে সেই আদর্শ ভারতের দিকে দিকে ছড়িয়েযাওয়া থেমে থাকেনি।চারু মজুমদারের একমাত্র ছেলে অভিজিৎ মজুমদারের সঙ্গে কথা হয় শিলিগুড়িতেই। তাঁদের আদিবাড়ি ছিল রাজশাহীতে। একপর্যায়ে পূর্বপুরুষেরা চলে আসেন শিলিগুড়ি। বাড়ি করেন দ্বিজেন্দ্র লাল রায় রোডে। চারু মজুমদারের কাঠের বাড়িটি এখনো আছে। সেখানে থাকেন তাঁর দুই মেয়ে অনিতা মজুমদার, মধুমিতা মজুমদার ও একমাত্র ছেলে অভিজিৎ মজুমদার। সঙ্গে থাকেন চারু মজুমদারের ছোট বোন।অভিজিতের সঙ্গে কথা বলার সময় তিনি প্রথমেই আমাদের কথায় বাধা দিয়ে বলেন, ‘বাবা পিজি হাসপাতালে মারা যাননি। তাঁকে লালবাজার পুলিশ লকআপে পিটিয়ে মেরেছে। তার পর পিজি হাসপাতালের গল্প ফেঁদেছে।’অভিজিৎকে প্রশ্ন করলাম, নকশালবাদ আজ কেন এবং কোন প্রক্রিয়ায় নকশালবাড়ি থেকে একেবারেই নির্বাসিত। আদর্শ ধরে রাখায় চারু মজুমদারের উত্তরসূরিদের ব্যর্থতাকে তিনি কীভাবে ব্যাখ্যা করেন। অভিজিৎ উত্তর দিলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে আমাদের নেতৃত্ব বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। দলীয় কাঠামো ভেঙে পড়েছিল। পার্টির কেন্দ্রীয় কমিটির ২১ সদস্যকেই সেদিন হয় হত্যা করা হয় নয়তো জেলে পুরে রাখা হয়। ফলে আমাদের রাজনীতি হোঁচট খায়।’ পিতার আদর্শ থেকে নিজে এখনো বিচ্যুত হননি অভিজিৎ। তিনি সিপিআইয়ের (লিবারেশন) কেন্দ্রীয় ও রাজ্য কমিটির সদস্য এবং দার্জিলিং জেলা কমিটির সম্পাদক। স্থানীয় একটি কলেজে শিক্ষকতা করেন। নকশালের আরেক বড় বিপ্লবী নেতা কানু সান্যালও এখন বেঁচে নেই। রোগে ভুগে গত বছরের ২৩ মার্চ মানসিক অবসাদের জেরে তিনি গ্রামের বাড়িতে আত্মহত্যা করেন। নকশালবাড়ি আসার পথে সোজা চলে এলাম কানু সান্যালের বাড়ি শিবদালা গ্রামে। তাঁর বাড়িতে মাটির দেয়াল আর টিনের ছাউনির একটি ঘর। এ বাড়িতেই মৃত্যু হয়েছিল কানু সান্যালের। পরের গন্তব্য নকশালবাড়ি থানা। উদ্দেশ্য আইনের লোকদের মুখ থেকে হালহকিকত জানা। থানার এক কর্মকর্তা বললেন, নকশালবাড়ি এখন সম্পূর্ণ শান্ত। শিবদালা গ্রামে গুটিকয়েক সমর্থক থাকলেও তারা সক্রিয় রাজনীতিতে নেই। ফলে বলা যায়, এখানে নকশালবাড়ির আন্দোলন নিভেই গেছে।