নকশিকাঁথার ফোঁড়
গ্রামীণ বধূদের শখের নকশিকাঁথা আজ গ্রামের মায়া ছেড়ে শোভা পাচ্ছে শহরের মানুষের দেয়াল থেকে বিছানায়। নকশিকাঁথার চিরায়ত রূপ আজ ফুটে উঠেছে বিছানার চাদর, কুশন কভার, টেবিল রানার, গয়না বাক্স, দেয়াল দৃশ্য থেকে শুরু করে চাবির রিংয়ে পর্যন্ত। আর শখের নকশিকাঁথা হিসেবে তো আছেই। আড়ংয়ের বিপণন বিভাগীয় প্রধান ফারজানা হালিম হাই বলেন, ‘আমাদের লোকশিল্পের কিছু ঐতিহ্য রয়েছে। প্রাচীন কাল থেকেই সেসব ঐতিহ্যে ফুটে উঠেছে বাঙালি জীবনধারা। নকশিকাঁথা তেমনই একটি ঐতিহ্য, যাতে সুচ আর সুতার টানে মূর্ত হয়ে উঠেছে গ্রামীণ জীবনের সুখ-দুঃখ গাঁথা। সেই নকশিকাঁথার নকশাকেই তাই বিভিন্ন উপাদানে যোগ করা হয়েছে শহুরে ইট-কাঠের জীবনে একটু গ্রামীণ ছোঁয়া আনতে।’কুমুদিনীর ডিজাইনার তানিয়া তাসলিমা বলেন, বগুড়া, নওগাঁ, রংপুর, খুলনা, যশোর, মাদারীপুরসহ বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গ্রামীণ নকশিশিল্পীর কাজ নিয়ে আজ আমাদের ঘরের সাজ হয়েছে স্নিগ্ধ। আমাদের দেশের ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয়টা আজ ঘরে বসেই সম্ভব হয়েছে এভাবে। ঢেঁকিতে ধান ভানা, টোপর পরা বর, পালকিতে ছন্দে ছন্দে দুলে ওঠে নববধূ, মাছ, লতা, ফুল, পাখি—এসব যেন আমাদের নিয়ে যায় সেই ছায়া সুনিবিড় গ্রামে। অথচ বৃষ্টির দিনে বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া কোলা ব্যাঙ যখন ছাতার নিচে বসে, সে ছবিটা দেয়ালে ঝুলিয়ে জালানার কাচে বৃষ্টির ঢেউ দেখতে আপনার নিশ্চয়ই খারাপ লাগবে না। আপনার ড্রেসিং টেবিলে পাথর আর ধাতুর তৈরি বাক্সটা সরিয়ে নকশি করা গয়না বাক্সটার পাশে আয়নায় বসে আপনার সাজটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। রাজকন্যা আর রাজার গল্প শোনাতে হয় সব শিশুকে ঘুম পাড়াতে। শিশুটির ঘরের দেয়ালে ঝুলিয়ে দিন না প্রাচীন কোনো রাজপুরীর রাজকন্যার ছবি অথবা হাতি, ঘোড়ার রাজবহর মা-বাবা তাঁদের ঘরের সাজেও ব্যবহার করতে পারেন। সঙ্গে দেয়ালে ‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’ লেখা একটি নকশি চাদর ঝুলিয়ে দিলে তারা নিশ্চয়ই খুশি হয়ে উঠবে। অথবা বহু দূরে চলে যাওয়া প্রিয় মানুষটির জন্মদিনে পাঠিয়ে দিতে পারেন ‘যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে’ লেখা নকশি করা কোনো রুমাল। নকশিকাঁথাটি হয়ে উঠতে পারে প্রিয়জনের বিয়ের চমৎকার একটি উপহারও। শহুরে জীবনটাকে পল্লিবালার কোমল হাতের সুচ-সুতার রঙিন রেখায় এভাবেই রাঙিয়ে নিতে পারেন। জেনে নিন এর দরদাম। আড়ং, কুমুদিনী, বাংলার মেলা ছাড়াও হাতের কাজের বিভিন্ন দোকানে অথবা ফুটপাতেও দেখা মিলে যেতে পারে এই নকশিকাঁথার ও নকশির বিভিন্ন জিনিসের। নকশি করা কাঁথা পাবেন ৫০০-১০০০ (ছোট), ২০০০-১২০০০ (বড়), চাদর ১৮০০-৫০০০০, কুশন কভার ২৫০-৩০০, গয়নার বাক্স ১০০-১৫০০, টেবিল রানার ১০০০-২৫০০, ব্যাগ ৫০০-১২৫০ ও চাবির রিং ৬০-৮০ টাকায়