নকিয়ার নতুন ভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেল কনরার্ড সেন্টিনাল সিঙ্গাপুরের বলরুম তখন কানায় কানায় পূর্ণ। অধীর আগ্রহে অপেক্ষা। মঞ্চে এলেন নকিয়া স্মার্টফোনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জো হারলো। হাতে নিয়ে এলেন নকিয়ার সর্বাধুনিক মোবাইল ফোনসেট এন-৮। একে একে বললেন, দেখালেন, উন্মোচন করলেন সব সুবিধা। এক কথায় অবিশ্বাস্য! আধুনিক জীবনযাপনে দরকারি প্রায় সব সুবিধাই যোগ করে অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি করা হয়েছে ফোনটি। একের ভেতর যেন সবকিছু। ১৪ জুন ‘নকিয়া কানেকশন ২০১০: ইউর লাইফ কানেকটেড’ অনুষ্ঠানটি ছিল জাঁকজমক ও প্রাণবন্ত। নকিয়ার আমন্ত্রণে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের দেড় শতাধিক গণমাধ্যমের প্রতিনিধি, ব্যবসায়িক অংশীদার এবং তথ্যপ্রযুক্তির বিশেষজ্ঞ জড়ো হন সেখানে। অনুষ্ঠানে নকিয়া এন-৮সহ নতুন তিনটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দেন জো হারলো। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর চীন, ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ এ অঞ্চলের সাংবাদিকেরা সর্বপ্রথম ফোনটি দেখার সুযোগ পেলেন। জেনে নিলেন সবকিছু। কী আছে নকিয়া এন-৮-এ? সম্পূর্ণ নতুন ও দৃষ্টিনন্দন নকশায় তৈরি করা হয়েছে নকিয়া এন-৮ স্মার্টফোনটি। এর খাপটি অ্যালুমিনিয়ামের। বারবার ঘষা খেলেও এর মনিটরে আঁচড় পড়বে না। ওজনে হালকা। পাঁচটি রঙে বাজারে আসবে ফোনটি। এটি চলবে জনপ্রিয় সিমবিয়ান অপারেটিং সিস্টেমের উন্নততর তৃতীয় সংস্করণে।এতে আছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।ক্যামেরার লেন্সটি তৈরি করেছে কার্ল জাইস, আর ফ্ল্যাশ জেননের। উচ্চমানের ভিডিও ধারণের পর সম্পাদনাও করা যাবে এতে। পাওয়া যাবে নিখুঁত শব্দ। এন-৮ ফোনের বড় পর্দায় ভিডিও উপভোগ করা যাবে বেশ সহজেই। হোম থিয়েটারের সঙ্গে যুক্ত করে ডলবি ডিজিটাল সারাউন্ড শব্দও পাওয়া যাবে এতে। আর ফেসবুকে নিজের স্ট্যাটাস হালনাগাদ, ছবি আদান-প্রদান করা যাবে হোমস্ক্রিন থেকেই।টিভি পর্দার সঙ্গেও যুক্ত করা যাবে একে। এবারই প্রথম নকিয়ার কোনো ফোনে ওয়েব টেলিভিশন যোগ হলো। বিশ্বের যেকোনো প্রান্তের মানুষই উপভোগ করতে পারবে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন। পাশাপাশি আছে বিনোদন ও প্রামাণ্য চ্যানেল ই! এন্টারটেইনমেন্ট, প্যারামাউন্ট এবং ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। এ ছাড়া সিঙ্গাপুর মালয়েশিয়ার জনপ্রিয় কয়েকটি চ্যানেল নিউজএশিয়া, মাকানসূত্রা, ৮টিভি, টিভি৩ দেখার সুযোগ থাকছে এতে। নকিয়া স্মার্টফোন ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগের জন্য বর্তমান বিশ্বের জনপ্রিয় তিনটি সাইট ফেসবুক, টুইটার, রেনরেন ব্যবহার করতে পারবেন এন-৮ ফোনে। এই ফোনের জন্য নতুনভাবে নকশা করা হয়েছে ওভি মানচিত্র। ব্যবহার করা হয়েছে ত্রিমাত্রিক ছবি।ফোনটির দাম ধরা হয়েছে ৩৭০ ইউরো। এর সঙ্গে যুক্ত হবে শুল্ক। এটি বাজারে আসবে অক্টোবর মাসে।অনুষ্ঠানে আরও দুটি ফোনের ঘোষণা আসে।নকিয়া এক্স-৫ ফোনটি তাঁদের জন্য, যাঁরা সারাক্ষণ বিনোদনের মধ্যে থাকতে চান, আবার ধরে রাখতে চান সামাজিক যোগাযোগ। আর নকিয়া এক্স-৬ ফোনের উন্নততর সংস্করণ হলো এক্স-৬ (৮ গিগাবাইট)। যাঁরা বিনোদনকে কেন্দ্রে রাখতে চান, তাঁদের জন্য এ ফোনটি। গান শোনার পাশাপাশি সামাজিক যোগাযোগ এবং গেমস খেলতে এর জুড়ি নেই। পাঁচ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আছে ফ্ল্যাশ। অনুষ্ঠানের একেবারে শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন নকিয়ার দক্ষিণ-পূর্ব ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (বিক্রয়) ক্রিস ক্যার। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের পাশাপাশি বাংলাদেশের নামও তিনি উচ্চারণ করলেন বারবার। বাংলাদেশকে তিনি বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করেন। নকিয়ানভার্তা নদীর তীরে ছোট্ট শহর নকিয়া। ফিনল্যান্ডের এই শহর থেকেই শুরু হয়েছিল নকিয়া ফোনের অগ্রযাত্রা। বর্তমানে নকিয়া সীমানা এখন দুনিয়াজোড়া। ক্রেতার চাহিদা মেটানোই তাদের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখছে নকিয়া। সত্যিই নকিয়া ‘কানেকটিং পিপল’।