নকিয়ার বর্ণিল স্মার্টফোন
কথাটা শোনা যাচ্ছিল অনেক দিন থেকেই। অবশেষে লন্ডনের এক্সেল সম্মেলনকেন্দ্রে বিশ্বের ৭০টি দেশের প্রায় তিন হাজার অতিথির সামনে উইন্ডোজ ফোন চালুর ঘোষণা দিয়েছে নকিয়া। মুঠোফোন জগতে যখন চলছে অ্যাপলের আইফোন, স্যামসাংয়ের গ্যালাক্সি ঝড়, তখনই নকিয়ার এই নড়েচড়ে বসা।বিশ্বের টেলিযোগাযোগ খাতে নকিয়া শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিদিন প্রায় ১৩০ কোটি মানুষ নকিয়া ফোন ব্যবহার করে পরস্পরের সঙ্গে সাধারণ কথাবার্তা বলছেন। নিজেদের মধ্যে বিভিন্ন অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করেন। আট মাস আগে নকিয়া উইন্ডোজ ফোন চালুর পরিকল্পনা প্রকাশ করেছিল। এ প্রসঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে নকিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন এলপ বলেন, ‘আট মাস আগে আমাদের নতুন কৌশলের কথা জানিয়েছিলাম। ওই কৌশলের আলোকে আমরা মুঠোফোন জগতে এই অগ্রগতি অর্জন করেছি। সেটিই আজ উপস্থাপন করছি। স্মার্টফোন চালু ও এর উন্নততর সংস্করণ নিয়ে আসাসহ নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে পণ্য-সেবার সম্ভার সমৃদ্ধ করার চেষ্টা অব্যাহত রাখবে নকিয়া।’গত ২৬ ও ২৭ অক্টোবর এক্সেল কেন্দ্রজুড়ে বসেছিল প্রাণের মেলা। সেখানে বিশ্ব সম্মেলন আয়োজন করে বিশ্ববাসীর কাছে নিজের অবস্থান তুলে ধরে নকিয়া। তিন হাজার অতিথির মধ্যে গণমাধ্যম-কর্মী ছিলেন প্রায় ৫০০। বিশ্বের নামকরা ও প্রভাবশালী সব গণমাধ্যমের কল্যাণে নকিয়ার এই নতুন ঘোষণা পৌঁছে গেছে কোটি কোটি মানুষের কাছে। আইফোনের সঙ্গে বিশ্ববাজারে প্রতিযোগিতায় নকিয়ার উইন্ডোজ ফোন কতটা লড়াই করতে পারবে তা দেখা এখন সময়ের ব্যাপার মাত্র।যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের এক্সেল কেন্দ্রটি আসলেই বিশাল। এর আয়তন, ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধাও অনেক। আয়োজকদের পক্ষ থেকে দিনভর ছিল চা-কফি, নাশতা আর আড্ডা। এমনকি ছিল সংক্ষিপ্ত বিশ্রামের আয়োজন। মাঝেমধ্যে বিনোদন। সব মিলিয়ে সম্মেলন যাতে একঘেয়ে মনে না হয় তার সব আয়োজনই ছিল। উদ্বোধনী দিনে নকিয়া সন্ধ্যায় ছিল সুরের মূর্ছনা আর খানাপিনা। দুই দিনের এই সম্মেলনে নকিয়া নিজেকে তুলে ধরে গণমাধ্যম-কর্মী, নকিয়ার গ্রাহক, অংশীদার ও ডেভেলপারসহ আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের অতিথিদের কাছে। সম্মেলনে ‘নকিয়া ওয়ার্ল্ডে’ নতুন ফোন, সেবা ও যন্ত্রাংশের সংযোজন কীভাবে ঘটছে তার বিবরণ তুলে ধরা হয়। কেন্দ্রের ভেতর ভিন্ন ভিন্ন গ্রুপে আলোচনা, সেমিনার ছাড়াও ছিল প্রদর্শনী। নকিয়ার বিভিন্ন সেটের বৈশিষ্ট্য, সেবার ধরন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগ পান আগ্রহী ব্যক্তিরা। নকিয়ার ভুবনে নিত্যনতুন উদ্ভাবন তথা ফোন, সেবা ও মুঠোফোনের যন্ত্রাংশও প্রদর্শন করা হয়।নকিয়ার স্মার্টফোনের সম্ভারে উইন্ডোজ অপারেটিংসিস্টেম এই প্রথমবারের মতো যুক্ত হয়েছে। স্টাইলিশ এই ফোনে রয়েছে সুপিরিয়র নকিয়া ম্যাপস এবং মনস্টারসহ নানা কিছু।ক্যানালিজের প্রধান বিশ্লেষক পিট কানিংহ্যাম বলেন, ‘মাত্র আট মাস আগে নকিয়া কৌশলগত পরিবর্তন আনার ঘোষণা দেওয়ার পর কোম্পানিটি নতুন সঞ্জিবনী শক্তি পায়, এরই ধারাবাহিকতায় তারা উইন্ডোজ ফোন প্রবর্তনের পথে এগিয়ে যায়।’ প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যেই নকিয়া লুমিয়া ৮০০ থেকে শুরু করে নকিয়া আশা ২০১ পর্যন্ত নতুন ডিজাইনের মোবাইল ফোনগুলো বাজারে নিয়ে এসেছে। বিশেষ করে নকিয়া লুমিয়া ৮০০ ও নকিয়া লুমিয়া ৭১০ গ্রাহকদের মন জয় করতে পারবে বলে নকিয়া আশাবাদী। সোশ্যাল নকিয়া লুমিয়া ৮০০ ফোনটির নকশা চমৎকার, এটি ব্যবহারকারীকে সর্বোত্তম সামাজিকতা ও ইন্টারনেটের অভিজ্ঞতা দিতে সক্ষম। এতে ছবি তোলা এবং সই করার নতুন অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী, আর নকিয়ার সুপরিচিত অন্যান্য সুবিধা তো থাকছেই। কর ও ভর্তুকি ছাড়া নকিয়া লুমিয়া ৮০০ মোবাইল ফোন সেটটির খুচরা দাম প্রায় ৪২০ ইউরো।আর নকিয়া লুমিয়া ৭১০ হলো রঙিন ও ক্রয়ক্ষম স্মার্টফোন। এই ফোনে একাধারে স্টাইলিশ, স্মার্ট মুঠোফোন, সুপিরিয়র নকিয়া মানচিত্র এবং মনস্টারসহ অন্যদের সঙ্গে অংশীদারভিত্তিক কো-ব্র্যান্ডেড যন্ত্রাংশ রয়েছে। ট্যাক্স ও ভর্তুকি ছাড়া নকিয়া লুমিয়া ৭১০ মোবাইল ফোনের খুচরা দাম প্রায় ২৭০ ইউরো।নকিয়া আরও চারটি নতুন ফোন নিয়ে এসেছে। নান্দনিক নকশার এসব ফোন গ্রাহক বা ব্যবহারকারীদের সমৃদ্ধ সামাজিক অভিজ্ঞতা ও লোকেশন-অ্যাওয়ার প্রযুক্তি স্থান চিহ্নিতকরণ সুবিধা দেবে। নকিয়া আশা ৩০০, নকিয়া আশা ৩০৩, নকিয়া আশা ২০০ এবং নকিয়া আশা ২০১ এই চারটি ফোন তৈরি করা হয়েছে নকিয়ার স্মার্টফোন ও ফিচার ফোনের মাঝামাঝি আদলে। ব্যবহারকারীরা টাচ স্ক্রিনের অভিজ্ঞতাসহ সহজে ও দ্রুত ইন্টারনেট ব্যবহার, সমন্বিত সামাজিক যোগাযোগ, মুঠোফোনে খুদেবার্তা আদান-প্রদানের সুবিধা উপভোগ করতে পারবেন।আয়োজকেরা জানান, নভেম্বরে ইউরোপের কয়েকটি দেশে এবং ডিসেম্বর-জানুয়ারি নাগাদ বিভিন্ন দেশে উইন্ডোজ ফোন পাওয়া যাবে বলে নকিয়া জানিয়েছে। লোকেশনভিত্তিক অফারের অব্যাহত উন্নয়নের ধারাবাহিকতায় এবার নকিয়া ম্যাপ এবং উইন্ডোজ ফোনের জন্য নকিয়া ড্রাইভের সর্বশেষ সংস্করণ নিয়ে এসেছে নকিয়া। এগুলোসহ নকিয়ার অন্য ম্যাপ সম্পর্কিত অ্যাপ্লিকেশনগুলোও প্রদর্শনের জন্য নিয়ে আসা হয় নকিয়া ওয়ার্ল্ডে। যাতে কমিউটারের যাতায়াত ও জনবসতিপূর্ণ শহরের আকর্ষণীয় জায়গাগুলো চিহ্নিত করার উপায় তুলে ধরা যায়। এ ছাড়া নকিয়া এবার ‘নকিয়া পালস’ নিয়ে এসেছে, যেটির সাহায্যে লোকেশন-সংক্রান্ত আপডেট ও ছবি বা চিত্র ব্যক্তিগতভাবে আরেকজনের কাছে পাঠানো যায়। নকিয়া এই অনুষ্ঠানে নকিয়ার লাইভ ভিউ নিয়ে এসেছে, যেটি ফোনের ক্যামেরা ভিউ ফাইন্ডারের দিকে ঘুরিয়ে দেয়। নকিয়া লাইভ ভিউয়ের সাহায্যে নির্দিষ্ট কোনো বিল্ডিং বা ভবন, সড়ক এবং কোনো বস্তু বা জায়গার নামের ওপর ক্যামেরা ফোকাস করা যায়। ব্যবসায়িক প্রতিষ্ঠান, রেস্তোরাঁ কিংবা আকর্ষণীয় যেকোনো কিছুর ওপর একবার ক্লিক করেই কাঙ্ক্ষিত তথ্যচিত্র তোলার কাজটি সেরে ফেলা যায়।সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশে নকিয়া এমার্জিং এশিয়ার যোগাযোগ ব্যবস্থাপক ম্যানেজার রাহাত আহমেদ বলেছেন, প্রযুক্তিগত উৎকর্ষতা ও নিত্যনতুন ডিজাইন উদ্ভাবনের বৈশিষ্ট্যই নকিয়াকে বিশ্বের অন্যতম স্বীকৃত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।জানা গেল, ২০১২ সালের মার্চের মধ্যে বাংলাদেশে উইন্ডোজ ফোন পাওয়া যাবে। নকিয়া ওয়ার্ল্ড ২০১১-এর সব উদ্যোগ, আলোচনা, সিদ্ধান্ত ও সামগ্রিক ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আগ্রহী ব্যক্তিরা ওয়েবসাইট দেখতে পারেন।ঠিকানা http://events.nokia.com/nokiaworld।