নক্ষত্রবাড়িতে সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর দরজা খোলার পরই চোখ আটকে যাবে পুকুরপাড়ে। আম, জাম, নারকেল, কৃষ্ণচূড়াসহ নানা প্রজাতির গাছে ঠাসা চারপাশ। নাম না-জানা পাখির কিচিরমিচির আর বাতাসের শন শন শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। হাঁস সাঁতরানো পুকুরের এক পাশ ধরে সারি সারি ‘ওয়াটার কটেজ’ যেন পানিতেই ভেসে আছে। শণ, খেজুরপাতার পাটি আর কাঠের তৈরি এসব ঘরের ভেতর আধুনিক সব সুযোগ-সুবিধা। বলছিলাম নক্ষত্রবাড়ি রিসোর্ট অ্যান্ড কনফারেন্স সেন্টারের কথা। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজার থেকে একটু সামনে এগোলেই চিনাশুখানিয়া গ্রামে গড়ে উঠেছে নক্ষত্রবাড়ি নামের এই রিসোর্টটি। অভিনয়শিল্পী দম্পতি তৌকীর আহমেদ এবং বিপাশা হায়াত তৈরি করেছেন এই রিসোর্ট-কাম কনফারেন্স সেন্টার। চারদিকে সবুজ আর সবুজ। রাতে বাঁশবাগানের মাথার ওপর ওঠা চাঁদ। পুকুরভরা টলমলে পানি। গ্রামীণ আবহে আরামদায়ক জীবনযাপন। রিসোর্টের ভেতর শুরুতেই রয়েছে নান্দনিক আরেকটি হোটেল। আছে চমৎকার ডিজাইনে বানানো তিনতলা কনফারেন্স সেন্টার ও রেস্তোরাঁ—যার সামনে সুইমিংপুলে নীল জলের প্রশান্তি। চাইলে বারবিকিউ পার্টির আয়োজন করতে পারেন এখানে। এক পাশে শালগাছের তলায় মিনি গ্যালারিতে অথবা সুইমিংপুলের সামনে মাঝেমধ্যে বাউল গান, ম্যাজিক শো, চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হয়। গত বছরের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে অবসর কাটাতে আসা মানুষের ভিড় লেগেই আছে। ঢাকার কাছে হওয়ায় যেকোনো করপোরেট মিটিং অথবা অনুষ্ঠানের জন্য অনেকেই আসেন এখানে। রিসোর্টের পরিচালক বিপাশা হায়াত বলেন, ‘জায়গাটা কেনার পর তৌকীর এখানে একটা তালপাতার ঘর তুলেছিল। এখানে এসে মাঝেমধ্যে থাকত। তারপর আমরা একটা বাংলো বানালাম নিজেরা এসে থাকার জন্য। সময় পেলেই চলে আসতাম। পরে অন্য সব ভ্রমণপ্রিয় মানুষের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ। নিজেদের চিন্তা দিয়ে আমরা এটাকে গড়ে তোলার চেষ্টা করেছি আধুনিক মানের করে।’নক্ষত্রবাড়ির প্রতিটি স্থান ব্যবহার করা হয়েছে নান্দনিকভাবে। আঙিনার এক পাশে ছোট্ট ঝরনা, যেখানে পদ্ম আর শাপলা ফুলের মিতালি গড়ে উঠেছে। পুকুরে মাছধরা বা নৌকায় চড়েও সময় কাটাতে পারবেন।খেলাধুলার জন্য রয়েছে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বিলিয়ার্ড ইত্যাদির ব্যবস্থা। ক্রিকেট খেলার জন্য তৈরি হচ্ছে মাঠ। জোড়া দুটি পুকুরের মাঝে কাঠের সাঁকোতে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন ঝিলের জলে ফোটা শত শত লাল শাপলা। নক্ষত্রবাড়ির ব্যবস্থাপনা পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘এখানে লোকজন ক্লান্তি নিয়ে আসবে আর প্রশান্তি নিয়ে ফিরে যাবে, এই চিন্তা থেকে ঢাকার কাছে রিসোর্টটি করা। আমরা চাই, এটা মানুষের বিনোদন ও সাংস্কৃতির কেন্দ্র হয়ে উঠুক।’রিসোর্টের ভেতর রেস্তোরাঁয় সব ধরনের বাংলা খাবার ছাড়াও থাই, চায়নিজ, জাপানিজ, ইন্ডিয়ান খাবার খেতে পারেন। তাজা ফলের রসে গলা ভেজাতে ভেজাতে নামতে পারেন নীল জলে।এখানে ওয়াটার রিসোর্টে থাকতে প্রতি সিঙ্গেল কটেজের ভাড়া পড়বে আট হাজার ৫০০ টাকা, ফ্যামিলি কটেজ ১৭ হাজার টাকা, যার সঙ্গে পাওয়া যাবে সকালের নাশতা, সুইমিংপুল এবং ফলভরা ঝুড়ি। নৌকাভ্রমণ, টেবিল টেনিস, বিলিয়ার্ড খেলা প্রতি ঘণ্টা ৩০০ টাকা, মাছধরা ঘণ্টায় ৫০০ টাকা। না থাকতে চাইলে শুধু প্রবেশ মূল্য দিয়ে দিনমান ঘুরে আসা যাবে। তাতে লাগবে জনপ্রতি ৫০০ টাকা।দুটি কনফারেন্স সেন্টার আছে এখানে। প্রতিটির ধারণক্ষমতা ২০০ জন করে। এ ছাড়া আছে ২০ জনের মিনি কনফারেন্স রুমও।দিনের পর রাতের আঁধারে এখানে এক নতুন আবহের সৃষ্টি হয়। ঝিঁঝি পোকার ডাক আর টিমটিমে আলোয় প্রিয়জনের সঙ্গে সময়টা মধুরই হবে—যা কিনা অল্প একটু হাসির মতো লেগে থাকবে জাম আর জামরুলের পাতায়।যোগাযোগ করতে পারেন-০১১৯২১৫০৫৬৩, ০১৭৭১৭৯৯৪১০ অথবা ৮৭৫২৫৭৩ নম্বরে। যেভাবে যাবেনঢাকা থেকে গাজীপুরের রাজেন্দ্রপুরের রাজাবাড়ীতে যেতে কাপাসিয়া যাওয়ার বাসে চড়তে পারেন। মহাখালী থেকে ১০ মিনিট পর পর বাস ছাড়ে। কাপাসিয়া যাওয়ার আগে নামতে হবে রাজাবাড়ী বাজার। সেখান থেকে দেড় কিলোমিটার পথ রিকশা বা অন্য কোনো বাহনে চড়ে নক্ষত্রবাড়ি যেতে পারেন। যেতে খরচ হবে ১০০ টাকা। এ ছাড়া কয়েকজন মিলে মাইক্রোবাস বা নিজেদের গাড়ি নিয়েও সোজা চলে যেতে পারেন নক্ষত্রবাড়ি। মোটামুটি দুই ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন।