নক্ষত্রের দিন শেষ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই এখন জেনে গেছেন যে যুক্তরাষ্ট্রের অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস গত ৫ অক্টোবর তাঁর নিজ বাড়িতে আপনজনের সামনে ক্যানসার রোগে ভুগে মারা গেছেন। এরই মধ্যে অতিনীরবে তাঁর শেষকৃত্যানুষ্ঠানও সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যু কেবল যে সারা দুনিয়ার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতকে প্রবলভাবে নাড়া দিয়েছে তাই নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে সারা দুনিয়ার সাধারণ মানুষ—সবাইকে তুমুলভাবে আন্দোলিত করেছে। বাংলাদেশেও যাঁরা স্টিভের প্রযুক্তির বদৌলতে কম্পিউটারে বাংলা লেখেন এবং অতিসাধারণ মানুষ, যাঁরা কম্পিউটার বিজ্ঞানী না হয়েও কম্পিউটারচর্চা করেন, তাঁদের জন্য স্টিভ এক অনন্যসাধারণ মানুষ ছিলেন। বিচিত্র ও চ্যালেঞ্জিং জীবনের অধিকারী স্টিভ তাঁর সিরীয় মুসলমান বাবা ও আমেরিকান মায়ের দ্বারা পরিত্যক্ত হওয়ার পর আর্মেনীয় অভিবাসী পল ও ক্লারা জবসের পালকপুত্র হিসেবে বেড়ে ওঠেন। তিনি দারিদ্র্যের জন্য কলেজজীবন সমাপ্ত করতে পারেননি। বৌদ্ধ ধর্মে দীক্ষিত স্টিভ জীবনের শেষ সময়ে দুনিয়ার ৪২তম ধনী মানুষ ছিলেন, যাঁর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা। অথচ এ মানুষটিই তাঁর শৈশবে ক্যালিফোর্নিয়ার হিন্দু রাম মন্দিরে যেতেন বিনা মূল্যে খাবার খেতে। দারিদ্র্যকে জয় করা, প্রবল প্রতিকূল অবস্থার বিপরীতে মাথা উঁচু করে উঠে দাঁড়ানো এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তিকে উন্মুক্ত করায় স্টিভ জবস হলেন তুলনাহীন মানুষ। প্রায় তিন যুগ ধরে সারা দুনিয়ার আইসিটি খাতের নেতৃত্ব দেওয়ার মতো অসাধারণ প্রতিভাধর স্টিভ জবসের বদৌলতে আমরা বাংলা ভাষাভাষীসহ দুনিয়ার সব সাধারণ মানুষ আজ গর্বের সঙ্গে ডিজিটাল প্রযুক্তির অংশীদার হতে পেরেছি। আজ যে আমরা কম্পিউটারে বাংলা ভাষা ব্যবহার করতে পারি তার ভিত্তিটাও তিনি প্রথম তৈরি করেন। ম্যাকিন্টোশ কম্পিউটারে মাল্টিপল এবং নন রোমান ফন্ট ব্যবহারসহ অপারেটিং সিস্টেমের অনুবাদ করার সুযোগ তৈরি করে তিনি দুনিয়ার সব মাতৃভাষার ডিজিটাল যাত্রার সূচনা করেন। শুধু তাই নয়, সারা দুনিয়ার সব মাতৃভাষার জন্য একটি অভিন্ন এনকোডিং ব্যবস্থা; ইউনিকোড পদ্ধতি গড়ে তোলার প্রথম উদ্যোগ নেয় তাঁর প্রতিষ্ঠিত অ্যাপল কম্পিউটার।১৯৮৪ সালে তিনি যখন ম্যাকিন্টোশ কম্পিউটার তৈরি করেন তখন এর অপারেটিং সিস্টেমকে বাংলায় রূপান্তর করার সুযোগটি প্রথমে কাজে লাগান সাইফুদ্দাহার শহীদ। তিনি একই সঙ্গে অ্যাপলের ম্যাকরাইট নামের একটি প্রোগ্রামকেও বাংলায় রূপান্তর করেন। তারই নাম হয় শহীদলিপি। তবে ম্যাকিন্টোশকে কেন্দ্র করে ডেস্কটপ পাবলিশিং (ডিটিপি) বিপ্লবের সূচনা হয় ১৯৮৭ সালের ১৬ মে, যেদিন আনন্দপত্র নামের একটি সাপ্তাহিক পত্রিকা ম্যাকিন্টোশ কম্পিউটার, অ্যাপল লেজাররাইটার, ম্যাকরাইট আর পেজমেকার দিয়ে প্রকাশিত হয়। এর পরের বছর ১৯৮৮ সালের ১৬ ডিসেম্বর বিজয় কি-বোর্ড চালু হওয়ার পর বাংলা সংবাদপত্র, মুদ্রণ ও প্রকাশনার বিপ্লবটি চূড়ান্ত রূপ পায়। স্টিভ জবসের ম্যাকিন্টোশ ছাড়া বাংলার মতো শত শত মাতৃভাষা কম্পিউটারের এই বিপ্লবে শরিক হতে পারত না। স্টিভ জবস ছিলেন ব্যতিক্রমী ভাবনার মানুষ। এই মেধাবী মানুষটির দূরদর্শিতা এতটাই ব্যতিক্রমী ছিল যে সারা বিশ্বের প্রযুক্তিপ্রতিষ্ঠান ও ব্যক্তিত্বরা যা ভাবতেন এক যুগ পরে, তা তিনি প্রয়োগ করতেন তখনই। আজকের আইসিটির যে দুনিয়াটাকে পার্সোনাল কম্পিউটার-উত্তর যুগ বলা হয় বা যাকে ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্ট ফোনের যুগ বলা হয়, তিনি সেই যুগটিরও জনক।কম্পিউটার জগতের মানুষেরা যখন মেইনফ্রেম ও মিনিফ্রেম নিয়ে ব্যস্ত, তিনি তখন কম্পিউটারকে ব্যক্তিগতকরণের বিপ্লবটি সম্পন্ন করেন। যখন সারা দুনিয়া লেখাভিত্তিক অপারেটিং সিস্টেম নিয়ে দারুণ খুশি, তখন তিনি কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে গ্রাফিকস দিয়ে রাঙিয়ে তোলেন। গণনা করার কম্পিউটারে তিনি অডিও আর ভিডিওর সাম্রাজ্য গড়ে তোলেন। আবার যখন সারা দুনিয়া ডেস্কটপ কম্পিউটার নিয়ে ব্যস্ত, তখন তিনি ট্যাবলেট পিসি আর স্মার্ট ফোনের বিপ্লব ঘটান। আজ বিশ্বের মানুষ তাঁকে আইপড, আইফোন আর আইপ্যাডের জন্য চেনে। এসব পণ্যের প্রভাব দুনিয়াতে এখন এত বেশি যে, সবাই হয়তো ম্যাকিন্টোশ, নেক্সটকিউব ইত্যাদির নামই ভুলে গেছে। কিন্তু তিনি কেবল যে কম্পিউটার প্রযুক্তির মানুষ ছিলেন না, তার প্রমাণ পিক্সার নামক একটি প্রতিষ্ঠান এবং টয় স্টোরির মতো অ্যানিমেটেড চলচ্চিত্র।দুনিয়াবাসী তাঁকে কেবল প্রথম সফল বাণিজ্যিক কম্পিউটারের জনক হিসেবেই জানে না, তাঁকে জানে কম্পিউটারে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রবর্তক হিসেবে। তাঁর হাতে কম্পিউটার ব্যবহার যেমন সহজ হয়েছে, তেমনি কম্পিউটারের সঙ্গে কম্পিউটারের যোগাযোগ হয়েছে সহজতম। কম্পিউটারে গ্রাফিকস ও মাল্টিমিডিয়ার ব্যবহার ছাড়াও তিনি কম্পিউটারকে শিক্ষার বাহন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আজীবন কাজ করে গেছেন।আমি নিজে একজন বাংলা ভাষাভাষী এবং বিশ্বের দরিদ্রতম দেশের সাধারণ সৃজনশীল মানুষ হিসেবে স্টিভের কাছে বিশ্বের কোটি কোটি মানুষের মতোই ঋণী। আমি যদি এ কথা না বলি যে আমার জীবনটা পূর্ণ হতো যদি আমি স্টিভ জবসের সৃজনশীলতা ও মেধার স্পর্শ পেতাম, তবে পুরো সত্য বলা হবে না।আমি খুব দৃঢ়তার সঙ্গেই জানি যে, তাঁর জন্ম না হলে ডিজিটালবিশ্বের বাইরেই থেকে যেতাম। তাঁর অনুপস্থিতিতে এই শূন্যতা আর কেউ কখনো পূরণ করবে কি না, সেটি আমি জানি না। কিন্তু প্রত্যাশা করি, স্টিভ জবস যেন আবার জন্মগ্রহণ করেন। সর্বোপরি আমি বিশ্বাস করি, স্টিভ জবসের মতো নক্ষত্রের দিন কখনো শেষহয় না। [email protected]লেখক: বিজয় কি-বোর্ড ও সফটওয়্যারের নির্মাতা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি