
আমাদের নখ অনেক সময় সুস্বাস্থ্যের নির্দেশক হিসেবে কাজ করে৷ স্বাস্থ্যবান ও নীরোগ মানুষের নখ হবে সাদাটে গোলাপি কিন্তু ফ্যাকাশে নয়, নরম বা ভঙ্গুর নয়, অবতল বা উত্তলও নয়৷ কিন্তু নখের রং, চেহারা বদলে যেতে পারে নানা ছোটখাটো বা গুরুতর রোগে৷ জেনে নিন কখন কীভাবে নখের চেহারা বদল হয়৷
এক. ফ্যাকাশে সাদা নখ সাধারণত রক্তশূন্যতার লক্ষণ৷ এ ছাড়া অপুষ্টি, দেহে আমিষ বা প্রোটিনের অভাবে নখের রং সাধারণ গোলাপি আভার বদলে ফ্যাকাশে বর্ণ ধারণ করে৷ যকৃতের বা কিডনির রোগে দেহে আমিষের অভাব দেখা দিতে পারে৷ নখের মতো জিব বা চোখের িনচ ও ত্বক ফ্যাকাশে হলে অবশ্যই রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা করা জরুরি৷
দুই. ছত্রাক সংক্রমণে নখ হলুদ হতে পারে৷ এ ছাড়া ছত্রাক সংক্রমণের জন্য নখ মোটা হয়ে যায়৷ এ ক্ষেত্রে দীর্ঘদিন অ্যান্টি-ফাঙ্গাল ওষুধ খেতে হতে পারে৷ আবার সোরিয়াসিস রোগেও নখ হলুদ হয়৷
তিন. নখ যদি নীলচে হয় তবে একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে সায়ানোসিস৷ এর অর্থ হলো আপনার রক্তে অক্সিজেন ঠিকঠাকমতো পৌঁছাচ্ছে না৷ ফুসফুসের বা হৃৎপিণ্ডের জটিল রোগে এমন হতে পারে৷ হতে পারে উঁচু পাহাড়ের ওপর উঠলেও৷ নীলচে নখ জরুরি চিকিৎসা বা অক্সিজেনেরও চাহিদা নির্দেশ করে৷
চার. খোদাই করা বা ভেঙে উঠে আসতে থাকা নখ সোরিয়াসিসের লক্ষণ৷সোরিয়াসিস একটি জটিল রোগ৷ এটি নখ ছাড়াও ত্বক, হাড়সন্ধি ও অন্যান্য অঙ্গকে আক্রমণ করে৷ তাই এর দ্রুত চিকিৎসা নেওয়া উচিত৷
পাঁচ. নখের আগা ফাটা বা ভাঙা দেখলে বুঝবেন এই লোকটির নখ কামড়ানোর বাতিক রয়েছে৷ বিশেষ করে নার্ভাস শিশুরা বেশি নখ কামড়ায়৷ এ বাজে অভ্যাসের কারণে অনেক সময় নখ ভঙ্গুর ও পাতলা হয়ে যায়৷ অভ্যাস দূর করতে মনোরোগবিদের সাহায্যও দরকার হতে পারে৷
ছয়. গোল হয়ে ফুলে ওঠা বা অবতল নখকে বলে ক্লাবিং৷ এটিও ফুসফুস বা হৃৎপিণ্ডের জটিল রোগকে নির্দেশ করে৷ আবার নখ কনকেভ বা উত্তল হয়ে যায় গুরুতর রক্তশূন্যতায় ও লৌহের অভাবে৷ মেডিসিন বিভাগ, ইউনাইটেড হাসপাতাল