নখের অলিম্পিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে লন্ডনে এক অলিম্পিকের আসর বসেছিল। ভাবছেন, ধান ভানতে শীবের গীত গাইছি? চার বছর বাদে বাদে বসা অলিম্পিকের শেষ আসরটি বসেছিল ২০০৮ সালে, সেই চীনের বেইজিংয়ে। তাই দুই বছর গড়াতে না গড়াতেই আবার কিসের অলিম্পিক? এমন প্রশ্ন আপনার মনে উঁকি দিতেই পারে। হ্যাঁ, অলিম্পিকের কথাই হচ্ছে। তবে অলিম্পিকের আগে ‘নেইল’ শব্দটি জুড়ে দিলেই তা কিছুটা হলেও পরিষ্কার হতে পারে।পুরো বিষয়টি পরিষ্কার হওয়ার আগে জেনে নিন, বছর দশেক আগে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল ‘নেইল অলিম্পিক’ প্রতিযোগিতাটি। এর আয়োজক ছিল নখের প্রসাধন প্রস্তুতকারী তিনটি প্রতিষ্ঠান। ছয় বছর ধরে এ প্রতিযোগিতার আসর বসছে যুক্তরাজ্যে। নেইল অলিম্পিকের মূল ভাবনা এসেছিল বিশ্বখ্যাত স্প্রিন্টার ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের কাছ থেকে। যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট ১৯৮৮ সালের অলিম্পিকে বাজিমাত করেছিলেন। তবে সেবার দৌড়ের ট্র্যাকে তাঁর অসাধারণ নৈপুণ্যেই শুধু চোখ আটকায়নি দর্শকের, হাতের ছয়টি নখ বাহারি রঙে সাজিয়েছিলেন জয়নার। লাল, সাদা, নীল রং দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতীক এবং সঙ্গে তাঁর অভীষ্ট লক্ষ্য সোনার মেডেলের সোনালি রং। এই কটি রং দিয়ে রাঙানো তাঁর হাতের নখগুলো দেখে অনেকেই মুগ্ধ হয়েছিল সে সময়। এবং সেই মুগ্ধতা থেকেই নতুন এক চিন্তা খেলে যায় নেইল অলিম্পিক-সংশ্লিষ্ট ব্যক্তিদের। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে তাঁরা আয়োজন করেন একটি প্রতিযোগিতার। কী হয় সেখানে? বাহারি নখের এক ধুন্ধুমার লড়াই। কে তাঁর নখ কতটা সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করতে পারেন, তারই লড়াই। সেখান থেকে বিচারকেরা বাছাই করেন সেরা নখের মালিককে। বলা বাহুল্য, সেরা জনকে করা হয় পুরস্কৃত।গত ১৯ ও ২০ সেপ্টেম্বর লন্ডনের আর্লস কোর্টে নেইল অলিম্পিকের আসর বসেছিল এবার। ২৪টি দেশের রেকর্ডসংখ্যক ৩৫৪ জন প্রতিযোগী নাম লিখিয়েছিলেন সেখানে। আর দর্শকসংখ্যা কত ছিল জানেন? প্রায় ৩০ হাজার! বুঝতেই পারছেন, নেইল অলিম্পিকের জনপ্রিয়তা আর দশটি প্রতিযোগিতা থেকে নেহাত মন্দ নয়। দর্শকের এই ঢলের পেছনে অবশ্য যথোপযুক্ত কারণও আছে। নখের সেকি বাহার! হাতের ১০টি নখে যেন পুরো এক মহাকাব্য। তর্জনীতে হয়তো দাঁড়িয়ে আছে বন্দিনী এক রাজকন্যা, মধ্যমায় দাগানো শত্রুপক্ষের কামান! আবার অনামিকার নখে দেখা যায় সিন্দুক ভর্তি মোহর! কনিষ্ঠায় একটি গম্বুজওয়ালা দুর্গ আর বৃদ্ধাঙ্গুলিতে তলোয়ার বাগানো হাত! আর এই শত্রুদের পরাজিত করে রাজকন্যা ও ধনসম্পদ উদ্ধার করতে পালতোলা জাহাজ নিয়ে এগিয়ে আসছে স্বয়ং রাজপুত্র। এভাবেই একটা চমৎকার রূপকথা পাঁচ আঙুলের কারুকার্যে ধরে রাখেন নেইল অলিম্পিকের কোনো এক প্রতিযোগী। আবার আরেক প্রতিযোগীর নখে দেখা যায় সাদা একটা বক ডানা ঝাপটায় বৃদ্ধাঙ্গুলিতে। তর্জনীতে গর্জন করে বাঘ-সিংহ! আবার গর্জন করতে করতে এক ঘাটে জলও পান করে এরা! মধ্যমার নখে শুঁড় মেলা হাতি আর জিরাফের দেখা মেলে। অনামিকায় বাহারি রঙের ফুল। কনিষ্ঠায় আবার সেই অরণ্যের মধ্যে একটা জলাশয়ের আবির্ভাব, যেখানে ভেসে চলে হংস-মিথুন। পাঁচটি নখে এক নিবিড় অরণ্য!এমন আজব সব কাণ্ডকীর্তিই চলে নেইল অলিম্পিকের প্রতিযোগীদের নখে নখে। আজব আজব এই বাহারের পেছনে অবশ্য ধকলও কম যায় না। বছরজুড়ে নখের পেছনে দিনের একটি নির্দিষ্ট সময় দিতে হয় তাঁদের। কেননা, নিয়মিত পরিচর্যা ও অনুশীলনই যে তাঁদের লড়াইয়ে টিকিয়ে রাখে। হাতের নখের এই কারুকার্য করতে প্রতিযোগীরা মূলত বেশ কয়েকটি জিনিসের সাহায্য নিয়ে থাকেন। সেগুলোর মধ্যে রং, আঠা, এয়ারব্রাশ, অ্যাক্রেলিক নখ এবং সঙ্গে থাকে ছোট ছোট খেলনা বা অলংকারসামগ্রী। এতেই শেষ নয়, আছে আরও চমক! দর্শক হয়তো প্রতিযোগীদের নখ দেখছে, হঠাৎ দেখা গেল লাল-নীল বাতি জ্বলে উঠেছে কোনো একটি নখ থেকে! আবার কোনো কোনো নখে দাঁড়িয়ে থাকা একটা পরির ডানা হয়তো কাঁপতে থাকল ফড়ফড় করে! আসলে হাতের কবজিতে বাঁধা ব্যাটারি এবং খুদে খুদে ইলেকট্রনিক যন্ত্রপাতির কারিকুরিতেই সেসব ঘটে থাকে।নেইল অলিম্পিক প্রতিযোগিতা মোট তিনটি বিভাগে ভাগ করা হয়। সেগুলো হলো—ফাইবার গ্লাস টিপ অ্যান্ড ওভারলে, জেল স্কাল্পচার এবং ফ্যান্টাসি নেইল আর্ট। প্রতিটি বিভাগেই অংশ নিতে হয় প্রতিযোগীদের। এবং তাঁদের নখগুলো সাজাতে হয় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। এরই মধ্যে বিচারের কাজটি শেষ করেন বিচারকেরা। যাঁর নখ যতটা সুন্দর হয়, তিনিই হন নেইল অলিম্পিক চ্যাম্পিয়ন। এবার সেই মুকুটটি উঠেছে যুক্তরাজ্যের ৩২ বছর বয়সী কির্সটি মিকিনের মাথায়। ১৭ বছরের দীর্ঘ পরিশ্রমের এই ফল পেয়ে স্বভাবতই উৎফুল্ল দুই সন্তানের জননী মিকিন, ‘নখ দিয়েও ভালো ব্যবসা হতে পারে। এটাকে হয়তো অনেকেই বাঁকা চোখে দেখতে পারেন। আমি তাঁদের সঙ্গে মোটেও একমত নই। এই প্রতিযোগিতার মাধ্যমে হয়তো কয়েকজনের কাছে এই কথাগুলো বলতে পেরেছি। তবে আমি সব সময় এর মধ্যে আনন্দ খুঁজে পাই।’মিকিনের কথা যে একদম মিথ্যে নয়, তার প্রমাণ এবারের প্রতিযোগিতা থেকেই পাওয়া যায়। এর আয়োজকেরা আশা করছেন, এবার তাঁরা নেইল অলিম্পিক থেকে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড বাগাতে পারবেন!ওয়েবসাইট অবলম্বনে