নখের যত্নে নখ সাজাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দর ঝকঝকে নখ সবার পছন্দ। আর হাত-পায়ের দিকে তাকালে প্রথমেই নজর পড়ে নখের দিকে। নখ রাঙিয়ে বা সাজিয়ে আকর্ষণীয় করতে চায় সবাই। এটি নিয়ে সমস্যা নেহাত কম নয়। নখের রং বদলে হলদেটে ভাব হওয়া, কখনো বা নখ ভঙ্গুর হয়ে যায়। এসব সমস্যা থেকে রেহাই পেতে নানা পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল। তিনি বলেন, নখ ভালো রাখতে প্রথমেই দরকার পরিষ্কার-পরিচ্ছন্নতা। সে জন্য নিয়মিত হাত-পায়ের যত্ন নিতে হবে। মাসে অন্তত দুবার ম্যানিকিউর, পেডিকিউর করতে হবে। সম্ভব হলে প্রতি ১৫ দিনে একবার করা ভালো। এতে নখের সমস্যা অনেকখানি কমে যাবে। যাঁদের নখ ভাঙার সমস্যা আছে, তাঁরা নিয়মিত নেইল হার্ডনার ব্যবহার করতে পারেন। এটি নেইলপলিশের মতো বাজারে কিনতে পাওয়া যায়। এ ছাড়া নখে হলদেটে ভাব দেখা দিলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভ্যাসলিন লাগিয়ে রাখুন। সকালে গোসলের আগে বাফার দিয়ে পরিষ্কার করে নিন। এতে হলদেটে ভাব কেটে যাবে। আর সপ্তাহে একদিন গরম পানিতে শ্যাম্পু দিয়ে হাত-পা ডুবিয়ে রাখুন। এরপর নরম ব্রাশ দিয়ে হাত-পা ঘষে পরিষ্কার করুন। হাত-পায়ের ত্বক ও নখ দুটোই পরিষ্কার থাকবে। অনেক সময় সবজি কাটলে নখে দাগ হয়ে যায়। সে অবস্থা থেকে রেহাই পেতে লেবু কেটে ঘষে নিতে পারেন। নিমেষেই দাগ দূর হবে। এক সপ্তাহের বেশি নেইলপলিশ লাগিয়ে রাখা উচিত নয়। মাঝে অন্তত দুই দিন বিরতি দিয়ে আবার নেইলপলিশ ব্যবহার করতে পারেন। তবে সমস্যা গুরুতর হলে অবশ্যই চিকিৎ সকের পরামর্শ নিতে হবে।হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক আফজালুল করিম বলেন, নখের ক্ষেত্রে যেসব সমস্যা নিয়মিত দেখা দেয়, তা হলো ভঙ্গুরতা, রং বদলে যাওয়া, ছিদ্র ছিদ্র ভাব হওয়া, পাতলা হয়ে যাওয়া ইত্যাদি। সাধারণত ছত্রাকের সংক্রমণ কিংবা বংশগত রোগ থেকে এসব সমস্যা হয়।যাঁদের নখ ভাঙে, তাঁদের বড় নখ না রাখাই ভালো। বিশেষ করে পায়ের নখ। এ ছাড়া নখের কোনা কোনো অবস্থাতেই খোঁচানো উচিত নয়। এতে করে ছত্রাক বা জীবাণু ছড়িয়ে পড়ে। তির্যক করে নখ না কেটে স্কয়ার বা গোল করে কাটতে পারেন। আসল কথা হলো, পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। অবশ্যই ভালো মানের নেইলপলিশ ও রিমুভার ব্যবহার করতে হবে। মেয়াদোত্তীর্ণ প্রসাধনসামগ্রী ব্যবহারেও নখে জটিলতা দেখা দিতে পারে। অনেকে না বুঝে হলদেটে ভাব দূর করতে নখ ঘষেন। এটা করা একদম অনুচিত।নখ সাজাতে, নখ রাঙাতেনখের সমস্যার সমাধান তো হলো। এবার তা নজরকাড়া করে তুলতে হবে। আফরোজা কামাল বলেন, নখে স্কয়ার কাট হাল সময়ে বেশ চলছে। ভঙ্গুর প্রবণতা থাকলে গোল করে কাটাই ভালো। তাঁদের জন্য ফ্রেঞ্চ ম্যানিকিউর উপযুক্ত। নখও ভাঙবে না, দেখতেও সুন্দর লাগবে। এ ছাড়া নখ সাজাতে স্ট্যাম্পিংও করাতে পারেন। আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। মুখের সাজ ও পোশাকের ওপর নির্ভর করে নেইলপলিশের রং বাছাই করতে পারেন। সাজ উজ্জ্বল হলে হালকা রঙের নেইলপলিশ ব্যবহার করতে হবে। স্বচ্ছ রং, হালকা রুপালি, গেলাপি, সাদা, চাপা সাদা, ধূসর, বাদামি ও বিজ রং এখন বেশ ট্রেন্ডি। পাশাপাশি কালো, লাল, সবুজ, গাঢ় নীল রংও চলছে। নেইলপলিশ ব্যবহার করতে না চাইলে শুধু বাফার করেও নখে উজ্জ্বলতা বাড়ানো যেতে পারে।