মিরসরাই উপজেলায় শতাধিক বছরের পুরোনো মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ ফেব্রুয়ারি রাতে উপজেলার সদর ইউনিয়নের মিঠাছরা বাজারের মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির কর্তৃপক্ষ জানান, নগদ টাকাসহ দুই লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে মিরসরাই থানায় মামলা হয়েছে।মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দে জানান, সোমবার রাতে সংরক্ষিত কক্ষের দরজা ভেঙে দুর্বৃত্তরা মন্দিরে ঢোকে। এ সময় তারা তিনটি দানবাক্স থেকে নগদ টাকা, মন্দিরে রাখা মূর্তির শাড়ি, পূজারিদের নগদ ৩২ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, এর আগে আরও দুবার চুরির ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। জানা যায়, ২৬ ফেব্রুয়ারি সকালে মন্দিরের পূজারি ভবতোষ চক্রবর্তী মন্দিরে এসে মন্দিরের দরজার তালা ও দানবাক্স ভাঙা দেখে তা মন্দির কর্তৃপক্ষকে জানান।উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন মন্দির পরিদর্শন করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।মিরসরাই থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন খান মন্দিরে চুরির ঘটনায় থানায় মামলা হওয়ার কথা স্বীকার করেন।