নগরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। নেতারা ঢাকামুখী হওয়ায় স্থানীয় কর্মসূচিতে তাঁদের অংশগ্রহণ আগের মতো চোখে পড়ছে না। ফলে দলীয় কর্মসূচিগুলোতে জনসমাগম অনেক কম হচ্ছে।বাজেট ঘোষণা উপলক্ষে নগর আওয়ামী লীগের সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হয় গত ৭ জুন। নগরের জেলা পরিষদ চত্বরের ওই সমাবেশে আওয়ামী লীগের সাংসদ ও তিনটি সাংগঠনিক জেলার নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। সমাবেশ করার তিন-চার দিন আগে থেকে নগরে মাইকিং করা হয়। কিন্তু ওই দিনের সমাবেশে আশানুরূপ লোকসমাগম হয়নি। জানতে চাইলে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আসলে বাজেট ঘোষণা উপলক্ষে আমরা জনসভা ডেকেছিলাম। সভায় আখতারুজ্জামান চৌধুরী ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ কয়েকজন সাংসদ উপস্থিত থাকার কথা আমরা প্রচার করেছি। এ ব্যাপারে তাঁদের মতামতও নেওয়া হয়েছে। কিন্তু ওই দিন সাংসদেরা সংসদের বাজেট অধিবেশনে উপস্থিত থাকায় সমাবেশে থাকতে পারেননি।’ মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘প্রতিবছর বাজেট উপলক্ষে আমরা নগরে সমাবেশের ডাক দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় ৭ জুন সমাবেশ ডেকেছিলাম।’ ৭ জুনের সমাবেশে মূলত মহিউদ্দিন চৌধুরী ও তাঁর অনুসারী হিসেবে পরিচিত নেতা-কর্মীদের দেখা গেছে। ঘোষিত বাজেট জনকল্যাণমুখী বলে সরকারের প্রশংসা করে তাঁরা বক্তব্য দেন। বিরোধী দলেরও সমালোচনা করেন একাধিক নেতা। জানা যায়, নগর আওয়ামী লীগের কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালনের তাগিদ দিয়ে আসছেন মহিউদ্দিন চৌধুরী। কিন্তু তাঁর এই আহ্বানে আশানুরূপ সাড়া এখনো মিলছে না। মহিউদ্দিন বিরোধী বলে পরিচিত অনেকে আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। ৭ জুনের জেলা পরিষদ চত্বরের সমাবেশে তাঁদের দেখা যায়নি।নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রী আফসারুল আমীন নগরের রাজনীতিতে মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত। দুই বছর আগে সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে তাঁদের বিরোধের বিষয়টি প্রকাশ পায়। এরপর থেকে নগরে আওয়ামী লীগের রাজনীতি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। তবে একে দ্বিধাবিভক্তি হিসেবে মানতে নারাজ নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, মূল স্রোতের বাইরে কর্মসূচি পালন করলে সেটাকে সংগঠনের মধ্যে দ্বিধাবিভক্তি বলা ঠিক হবে না। এখন সবাই এক প্লাটফরমে কর্মসূচি পালন করে আসছে। শফিকুল ইসলামের মতে, ভবিষ্যতে ঐক্য আরও অটুট হবে। কারণ যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত করতে হলে সবাইকে তো ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে বিভক্তির সুযোগ নেবে স্বাধীনতা বিরোধী অপশক্তি। একাধিক দলীয়-কর্মী নাম প্রকাশ না করে জানান, নগর আওয়ামী লীগের কর্মসূচি আগের তুলনায় কমে গেছে। কারণ, চট্টগ্রামের মন্ত্রী ও সাংসদেরা বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করেন। সপ্তাহে এক বা দুদিন চট্টগ্রামে অবস্থান করলেও ওই সময় তাঁরা সরকারি কাজ বা নিজেদের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। সাংগঠনিক কর্মসূচি আহ্বান করা বা অংশ নেওয়ার ব্যাপারে তাঁদের আগ্রহ কম। তবে নগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ নাসের এ ব্যাপারে দ্বিমত প্রকাশ করে বলেন, ‘সরকার ক্ষমতায় থাকলে দলীয় কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে এ কথা সত্য। কিন্তু চট্টগ্রাম নগর আওয়ামী লীগ এ ক্ষেত্রে ব্যতিক্রম। মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চলতি মাসেই আমরা নগরের বিভিন্ন থানার ১০ থেকে ১১টি ওয়ার্ডে নানা বিষয় নিয়ে সমাবেশ করেছি। পানি, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার মতো নগরজীবনের সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাংগঠনিকভাবে মতবিনিময় করেছি।’ এসব কর্মসূচির ফলে নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা ফিরে আসছে বলে এম এ নাসের মন্তব্য করেন। এ প্রসঙ্গে নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত আছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন মুসলিম ইনস্টিটিউট হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সব নেতাকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। কেন্দ্রীয় এক বা একাধিক নেতা এতে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি।’