নগর উন্নয়নে অনিশ্চয়তা
প্রায় সাড়ে তিন শ কোটি টাকা ছাড় না হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। নিজস্ব তহবিলের আড়াই কোটি টাকার খাল খনন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে আট কোটি টাকার কাজ ছাড়া সিটি করপোরেশনের কোনো উন্নয়নকাজ নেই। জানা যায়, চট্টগ্রাম শহরের অবকাঠামো উন্নয়নে সিটি করপোরেশনের নিজস্ব প্রকল্প ছাড়াও শহর এলাকার ছয়জন সাংসদের এলাকার জন্য ৯০ কোটিসহ মোট ৩৪০ কোটি টাকার প্রকল্প জমা দেওয়া হয়। কিন্তু প্রি-একনেক থেকে এই প্রস্তাব সিটি করপোরেশনের কাছে ফেরত দেয় মন্ত্রণালয়। করপোরেশনের কর্মকর্তাদের আশঙ্কা, সরকার এ অর্থ আর ছাড় না-ও দিতে পারে। এ ছাড়া বর্ষায় চট্টগ্রাম শহরের রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা সংস্কারের জন্যও সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিরিক্ত ১০০ কোটি টাকা চাওয়া হয়েছিল। সে টাকাও পাওয়া যায়নি। উল্টো সরকার থোক বরাদ্দ কমিয়ে দিয়েছে। গত বছর যে বরাদ্দের পরিমাণ ছিল ১৭ কোটি টাকা, তা বর্তমান অর্থবছরে আট কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন পেয়েছে মাত্র তিন কোটি টাকা। গত মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশন একটি নতুন খাল খননের জন্য ৩০০ কোটি টাকার প্রকল্প সরকারের কাছে পাঠিয়েছে। এ প্রকল্পের ২৫৪ কোটি টাকাই ব্যয় হবে ভূমি অধিগ্রহণের কাজে। অবশিষ্ট টাকায় খাল খনন করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ১৯৯৫ সালে যে উন্নয়ন মহাপরিকল্পনা ঘোষণা করেছিল তাতে চট্টগ্রাম শহরে তিনটি নতুন খাল খননের উল্লেখ রয়েছে। এর মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ, যার দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। এটি খনন করা হলে বাকলিয়ার একটি অংশ এবং বহদ্দারহাট ও খাজা রোড এলাকায় বর্ষাকালে জলাবদ্ধতা থাকবে না বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি অর্থবছরে চাক্তাই খালের দুই পাশে সড়ক নির্মাণের যে উদ্যোগ চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়েছিল, তার বাস্তবায়ন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের কাছে ৫৫ কোটি টাকা চেয়েছিল সিটি করপোরেশন। কিন্তু পুরো টাকার পরিবর্তে সরকার মাত্র ৩৫ কোটি টাকা দিতে সম্মত হয়েছে। সিটি করপোরেশনের এস্টেট অফিসার আহমদুল হক বলেন, ‘আমরা আশা করছি, আগামী অর্থবছরে অবশিষ্ট টাকা পাওয়া যাবে। তখন হয়তো প্রকল্পটির বাস্তবায়ন সম্ভব হবে।’ সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা উন্নয়নকাজ বন্ধ রাখিনি। নিজস্ব তহবিল থেকে কার্যক্রম অব্যাহত রেখেছি। সরকারের কাছ থেকেও বিভিন্ন প্রকল্পের বিপরীতে কিছু টাকা চেয়েছি। তা পাওয়া গেলে উন্নয়নকাজ চালানো কঠিন হবে না।’ তিনি বলেন, যে সাড়ে তিন শ কোটি টাকার উন্নয়ন কাজের প্রস্তাবনা সরকার সংশোধনের জন্য পাঠিয়েছিল, তা নতুন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা যায়, সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে যেসব কাজ হয় তাতে অংশ নিতে আগ্রহী নন তাঁরা। এর কারণ হিসেবে তাঁরা বলেছেন, এসব উন্নয়নকাজের টাকা বছরের পর বছর ধরে বকেয়া থেকে যায়। একাধিক ঠিকাদার অভিযোগ করেন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময় কাজ করে এখনো বকেয়া টাকার জন্য তাঁরা সিটি করপোরেশনে ঘোরাঘুরি করছেন। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় যেসব কাজ হয় তাতেই অংশ নিতে বেশি আগ্রহী বলে জানিয়েছেন ঠিকাদারেরা।