নগর পঙ্খিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠক ঠক, ঠক ঠক। হেলেদুলে এগিয়ে চলেছে টমটম। এগিয়ে যাচ্ছে পঙ্খীরাজ আর পাগলি রানির টানে। পঙ্খীরাজ আর পাগলি রানি একা নয়। আছে তার মতো আরও অনেকে— তুফান, মাহী, পিচ্চিলাল, বড়লাল, মাইকেল কিংবা বাহাদুর। এমন অনেক বাহারি নাম। সব মিলিয়ে ঘোড়ার সংখ্যা তাহলে কত? ‘খুব বেশি না, ৬০-৭০ হবে। এরাই মূলত এই টমটমের ইঞ্জিন।’ বললেন ওস্তাদ আজগর আলী। ঢাকার টমটম ওয়ালাদের অলিখিত নেতা তিনি। মানুষ ঘোড়া এবং... ছোটবেলায় শখ থাকলেও রুবেল এখন আর শখ করে ঘোড়ার গাড়ি চালায় না। ১৫-১৬ বছর বয়সী রুবেল, জুয়েল, উজ্জ্বলরা টম টম চালিয়ে সারা দিনে পায় ২০০ টাকা। রুবেল নিমতলী, উজ্জ্বল ফুলবাড়িয়া আর জুয়েল বস্তিতে থাকে। তাদের ব্যয় এখন অনেক। সারা দিন গাড়ি চালিয়ে যদি দুই হাজার টাকার কম আয় হয়, তবে রুবেলদের ২০০ টাকায়ও টান পড়ে। তবুও রুবেলদের সঙ্গে ঘোড়াদের সখ্য অনেক বেশি। সুজন বলে, ‘আরে ভাই, এগো (ঘোড়াদের) লগে থাইকা, হাইস্যা, খেইল্যাই তো বাইচ্চা আছি, আমার লগে আমার মাহী (তার ঘোড়ার নাম) কত কানছে, কত হাসছে। বুঝলেন তো! এইগুলান সব বুজে, মানুষ জাতের ঘোড়া।’ তাজ্জব হয়ে জানতে চাই, মানুষ জাতের ঘোড়া? সে আবার কী। জবাবে সুজন আজব কথা শোনায়, ‘বুঝেন নাই? আরে আমাগো ঘোড়া তিন জাতের—একটা জিন, একটা পরি, একটা মানুষ। যেগুলান দেখতাছেন, রোডে গাডে গাড়ি চালায়, আমাগোরে খাওয়ায়, আমাগো লগে হাসে, খেলে, এগুলান মানুষ-ঘোড়া। আর বাহিগুলান( বাকিগুলো) জিনগো মতো আর পরিগোমতো।’ সদরঘাট টু গুলিস্তান মাজার মোড়। নগর ভবনকে যদিও পুরান ঢাকা ও নতুন ঢাকার মাঝামাঝি ধরা হয় তবে ঠিকই আছে; পুরান ঢাকার ঐতিহ্য টমটম গাড়ির আওয়াজ এখন সেখানেই শোনা যায় প্রতিনিয়ত। এই রাস্তায় একটি টমটম দিনে ১২ থেকে ১৫ বার আসা-যাওয়া করতে পারে। যাত্রীদের থেকে ১০ টাকা করে নেয় কিশোরচালকেরা। টমটম চালক সফিক জানায়, ‘আমাগো বেশি টাহা যে দেয়, তা না। টাহা মারতেও পারি না। এমন রহম খরচ যে, আসল টাহাই শোধ অয় না।’একটা ঘোড়া দিনে ৪৫০ কি ৫০০ টাকার খাবার খায়। বুটের ভুসি, গমের ভুসি, ছোলা ৫ কেজি করে খায় একটি ঘোড়া। পাঁচ-ছয়টি ঘোড়া দিনে প্রায় এক মণ কাঁচা ঘাস খায়, যার দামও ১০০ টাকা। লেবু, লবণ, খৈল ইত্যাদি কত কী খাওয়াতে হয় এই পঙ্খীরাজদের। অভিমানি পারভীনগুলিস্তান-সদরঘাট রোডে যতগুলো ঘোড়া গাড়ি টানে, তাদের মালিকদের একজন আমজাদ বলেন, ‘ব্যবসা তো ভাই কোনো রকম চলছেই। তয় সব মিলিয়ে বেশি টানাপোড়েন হয় ঘোড়ারা মইর‌্যা গেলে। অসুখ অইলে তো আর টেকা লাগে না। ফুলবাড়িয়া পশু হাসপাতাল আছে। ফ্রি চিকিৎসা। ঘোড়ার খরচটাই বাই বহুত বাড়তি।’ আরেক টমটম মালিক বদু মিয়াকে বললাম কয়টা গাড়ি চলে এই রুটে? বদু মিয়া জানান, ‘ভাই হগগলতে মিললা আমরার ২৯টার মতন গাড়ি অইবার পারে।’ নানা কথায় বদু মিয়া যোগ করেন, ‘বাই, ঘোড়াগো লাইগা মায়া পড়ে, কইলজ্যা পুড়ে, নিরীহ এগোরে তেমন খাওয়াইতে পারি না।’ তাঁর দুটো ঘোড়ার শুকনো দেহ দেখা যাচ্ছিল। এই রোডের ঘোড়াগুলোর মধ্যে পারভীন নামে একটি মাদী ঘোড়ার মন এখন সবচেয়ে খারাপ। তার সঙ্গী রাজা নামের ঘোড়াটি দুই দিন হলো মারা গেছে। পারভীনকে দেখেও অবাক হতে হয়। বিষণ্নভাবে গাড়ি টানছে কতক্ষণ, তারপর হঠাৎ লাফিয়ে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। যেন রাজাকে পাশে এনে না দিলে সে অন্য ঘোড়ার সঙ্গে গাড়ি টানবে না। বড্ড অভিমানি ঘোড়াটা! রাজা আর পারভীন নামের দুটো ঘোড়ার মালিক সুজন এসব বলছিলেন কান্নাভেজা কণ্ঠে। ঘোড়াগুলোর আবাসস্থল কিন্তু একটুও সুখকর নয়। সব ঘোড়া তিন ভাগে ভাগ করে রাখা হয় রাত কাটানোর জন্য। দুটি টমটমের মালিক শফিকুল যেমনটি বলছিলেন, ‘আমাদের ঘোড়াদের সন্ধ্যার পর তিন ভাগে রাখা হয়। আমার দুইটাসহ ১৪টা রাখা হয় ফুলবাড়িয়া পশু হাসপাতালের কাছে। বাকিদের অর্ধেক ঢাকা মেডিকেলের সামনে আর অন্য অর্ধেক বকশীবাজারে রাখা হয়।’ ঘোড়ারা হাসে। সঙ্গে সাবিত হাসে। অবাক হই। জানতে চাইলে বলে, ‘আরে ভাই, এগুলান সব বুঝে। হাসে। কাঁদে। দেহেন না! মাইধ্যে মাইধ্যে গাইল পারি, তখন দৌড় দেয় জোরে। এগুলান আমাগো কইলজ্যা চিনেরে ভাই।’শহীদ নামে আরেক চালক বলে ওঠে, ‘আরে মিয়া, আপনে কী ভাবেন, আমডা ঘোড়ারে মারিপিটি। না! না! আমডা অইলো গিয়া রশিত মারি, বাতাসত পিডি। তাইলেই তো ঘোড়া দৌড়ায়, ডরায়।’শখের সওয়ারিমাসুম হাবীব নামে এক যাত্রী বললেন, ‘ভাই, আমাগো যাত্রীগো যতজনকেই এই টমটমে চড়বার দেহেন, আমার তো মনে অয়, হগগলেই সহের (শখ) বসে চড়ে।’ মুরব্বিগোছের এক যাত্রী। পুরান ঢাকায় তার বইয়ের দোকান আছে। এলাহী বক্স নামের এ লোকটি তাঁর হাতের অল্প কটা বই দেখিয়ে বললেন, ‘ভাই, এর বেশি বোঝা থাকলে কেউ এই গাড়িত চড়ে না। তহন ভেজাল হয়। তয় যদি বোঝা কম অয়, তহন হগগলেই চড়ে টুকটাক, ঝামেলা কম, ভিড় কম বইলা; বাস, রিকশার চেয়ে এইডাই বালা বাহন।’ অবশ্য বেশির ভাগ যাত্রীই, যাঁরা শখের বশে অথবা এই প্রথম টমটমে চড়েছেন। আমি যেই টমটমটায় আছি, তার চালক রুবেল। স্বপ্ন থেকেই নাকি সে টমটমের চালক হয়েছে। তার কথায়, ‘আমাগো যাত্রী, মামা বেশি দেরি লাগে না পুরতে। ১৫ জন। চোক্কের ইরাশায় ভইরা যায় গাড়ি। ভাড়া কম তো! ১০ টাহা জনে লইয়্যা পঙ্খীরাজ আর পাগলি রানিরে কই টানতে। আর টমটম আমার চলে, পঙ্খীরাজের মতোই।’ ঘোড়া সমিতিনগরীতে যারা ঘোড়ানির্ভর জীবন যাপন করে, তাদের একটা সমিতি আছে। সমিতির নামও ঘোড়া সমিতি। সমিতির অন্যতম সদস্য আজগর আলীর সঙ্গে কথা হয় সব বিষয়ে। তিনি বলেন, ‘ঘোড়াদের একটা সাপ্তাহিক ছুটি আছে। শনিবারে আমরা ঘোড়াদের ছুটির ব্যবস্থা রেখেছি।’ রুবেল জানায়, ‘ছুটের দিনডাই মজা। ঘোড়াগোরে আদর করি ইচ্ছা মতন, ঘাস খাওয়াই, উচ্ছৃঙ্খল ছুডাই ঘোড়াগোরে। তামাম শরীর ভালো কইরা চেক করি। দেহি ঘোড়াডার কোনো সমস্যা অইলো কি না। তামানডা সুস্থ আছে কি না।’ সামাদ জানায়, ‘ভাই, আরও বহুত কিছু করি। বান্দি না ঘোড়ারে। ঘাওটাও অইলে মলম লাগাই। হাসাই। কাতুকুতু দেই। যেন ঘোড়া হাসে।’ উজ্জ্বল, জুয়েলরা একসঙ্গে বলে, ‘ভাই, ঘোড়াও কম না। জোরে জোরে ডাক দেয়। গলা পরিষ্কার করে। লাফায়। শইলড্যারে ডিল দেয়। বুঝেন না? ওরা তো বুঝেই! ওগো আরামের এই একটা দিন। যত পারে মজা কইরা, আরাম কইরা লয়।’ সুজন বলে, ‘আমি তো রাজারে প্রায় কথা শিখাইয়া ফেইলছিলাম। পারভীনেরটা তেমন ভালা না। কথা শিখবার পারব না। রাজা না মরলে...’হ্যাঁ, রাজা নামের ঘোড়াটি না মরলে বহু লাভই হয়তো হতো। এখন যেমন বহু লোকসান হচ্ছে। সব মিলিয়ে আমাদের ঐতিহ্যের ঘোড়ার গাড়ি টমটম টিকিয়ে রেখেছে এই ঘোড়ারাই।