নগর পুলিশের গুরুত্বপূর্ণ পদে নারী
চট্টগ্রাম নগর পুলিশের উত্তরাঞ্চলের উপপুলিশ কমিশনারের (ডিসি নর্থ) দায়িত্ব নিয়েছেন আমেনা বেগম। নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেমের বদলি আদেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এ দায়িত্ব নেন। চট্টগ্রাম নগর পুলিশের এ রকম গুরুত্বপূর্ণ পদে এই প্রথম কোনো নারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, নতুন দায়িত্ব নিয়ে আমেনা বেগম গত বৃহস্পতিবার রাতে চকবাজারের নিজ কার্যালয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি মাদক ও সন্ত্রাস দমনের ব্যাপারে স্থানীয় কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দেন। নগরের ছয়টি থানা এলাকা নিয়ে নগর পুলিশের উত্তরাঞ্চল গঠিত। থানাগুলো হচ্ছে—কোতোয়ালি, খুলশি, পাঁচলাইশ, বাকলিয়া, বায়েজিদ ও চান্দগাঁও। আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মাদক ও সন্ত্রাস দমনকে আমি এ মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছি। আর আমার আগের কর্মকর্তার (বনজ কুমার মজুমদার) অসমাপ্ত কাজগুলো ভালো পরিণতির দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে আমি সচেষ্ট থাকব। বিশেষ করে ভোটার পরিচয়পত্র ছাড়া কাউকে বাসা ভাড়া না দেওয়া, পাড়া-মহল্লার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করে সন্ত্রাস দমনের পাশাপাশি ইভ টিজিং বন্ধে কাজ করা, সিএনজি অটোরিকশার চালকদের ছবি কম্পিউটারে সংরক্ষণ করে অটোরিকশাভিত্তিক সন্ত্রাস-অপরাধ বন্ধ করা এবং বিভিন্ন মামলার তদন্ত দ্রুতগতিতে শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনার ব্যাপারে কাজ শুরু করেছি।’ জানা গেছে, নগরের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দু চাক্তাই-আসাদগঞ্জ ও খাতুনগঞ্জভিত্তিক। আর রাজনীতি ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কর্মসূচিগুলো পালন হয়ে আসছে লালদীঘি, কাজীর দেউড়ি, দেওয়ানবাজার, দারুল ফজল মার্কেট ও প্রেসক্লাব এলাকায়। এ ছাড়া আদালত ভবন, প্রশাসনিক ভবন, সিটি করপোরেশনের নগর ভবন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কার্যালয় কোতোয়ালি থানা এলাকার মধ্যে পড়েছে। তাই নগরের উত্তরাঞ্চলকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে আসছে চট্টগ্রাম নগর পুলিশ। সাধারণত বিচক্ষণ পুলিশ কর্মকর্তারা এ অঞ্চলের দায়িত্ব পেয়ে থাকেন বলে জানা গেছে।আমেনা বেগম রাঙামাটি ও চট্টগ্রাম জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নেও তিনি কাজ করেছেন। তিনি গত ২৫ সেপ্টেম্বর আমেরিকার মিনিয়াপোলিশ শহরে আন্তর্জাতিক নারী পুলিশ সংস্থার ৪৮তম বার্ষিক সম্মেলনে যোগ দেন। সেখানে তিনি বাংলাদেশ কমিউনিটি পুলিশিংয়ের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্বের ৫১ দেশের পাঁচ শতাধিক পুলিশ কর্মকর্তা এ সম্মেলনে যোগ দেন। এ ছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশে তিনি প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেন। পূর্ব তিমুরে জাতিসংঘ মিশনের উপঅধিনায়ক হিসেবে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।