নগর মহাপরিকল্পনার আলোকে উন্নয়ন হচ্ছে: আবদুচ ছালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুচ ছালাম
আবদুচ ছালাম

চট্টগ্রামে একের পর এক নির্মাণ করা হচ্ছে উড়াল সড়ক। বাস্তবায়িত হতে যাচ্ছে আউটার রিং রোড। সম্প্রসারণ করা হয়েছে নগরের বিভিন্ন সড়ক। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এসব উন্নয়ন কর্মকাণ্ডকে অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদেরা। অপর দিকে, সিডিএর দাবি, সবকিছু হচ্ছে পরিকল্পনামাফিক। এ নিয়ে সম্প্রতি প্রথম আলোর মুখোমুখি হয়েছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পদক জেরিনা হোসেন।

প্রথম আলো: নগরের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আপনি কীভাবে দেখছেন?
আবদুচ ছালাম: উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এক বা পাঁচ বছরের মধ্যে প্রকল্প শেষ করা করা যায় না। এই প্রক্রিয়া চলমান রাখতে হবে। তবে গত পাঁচ বছরে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চট্টগ্রামে উন্নয়নের মহোৎসব শুরু হয়েছে। এই উন্নয়ন–প্রক্রিয়া যদি আগামী পাঁচ বছর চলমান রাখা যায়, তাহলে চট্টগ্রাম ৫০ বছর এগিয়ে যাবে।
প্রথম আলো: এই উন্নয়ন–প্রক্রিয়া কতটুকু পরিকল্পিত?
আবদুচ ছালাম: অবশ্যই পরিকল্পিত। গত পাঁচ বছরে কোনো অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প নেওয়া হয়নি। নগর মহাপরিকল্পনার আলোকে উন্নয়ন কর্মসূচি নেওয়া হয়েছে। অনেকে বহদ্দারহাট উড়াল সড়কের উদাহরণ দেন। কিন্তু এটা যে অঞ্চলের মানুষের জন্য করা হয়েছে, সে অঞ্চলের লোকজন সুফল পাচ্ছে। এটাই আমার সার্থকতা।
প্রথম আলো: উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সিটি করপোরেশন, ওয়াসাসহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ আছে।
আবদুচ ছালাম: আমাদের পক্ষ থেকে সব ধরনের সমন্বয় করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয়কারীর একটি ভূমিকা আছে। সমন্বয়কারীকেই এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করি সমন্বয়ের মাধ্যমে কাজ করতে। এ জন্য সিটি করপোরেশন, বন্দর, রেলওয়ে, ওয়াসাসহ সব সংস্থাকে নিয়েই কাজ করার চেষ্টা করি। তারা সহযোগিতা না করলে উন্নয়ন কর্মকাণ্ড সফল করতে পারতাম না।