নগর সংস্কৃতির দারুণ এক অনুষঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আগারগাঁওয়ে চলতে থাকা মাসব্যাপী বাণিজ্য মেলায় নানা মানুষের ভিড়। বাণিজ্য মেলায় ঢোকার পথে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেও দেখার মতো ভিড়। এ ভিড় শুধু প্রযুক্তিপ্রেমী নয়, শিক্ষার্থী, কর্মজীবী অনেকেরই।তাঁদের মধ্যে আলোচনা ল্যাপটপ কম্পিউটার নিয়ে।কারণ এখন সেখানে চলছে ল্যাপটপ কম্পিউটারের মেলা। মেলা থেকে বের হওয়া লোকজনের হাতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারপত্র।কোন ব্র্যান্ড ভালো, কোন ল্যাপটপের সুবিধা বেশি, কোনটিতে নতুন বৈশিষ্ট্য বা প্রযুক্তি রয়েছে, দামই বা কেমন—এমনই আলোচনায় ব্যস্ত দর্শক। এ অবস্থা দেখে থমকে দাঁড়ান বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমরান হক। পুরো পরিবার নিয়ে বাণিজ্য মেলায় এসেছিলেন তিনি। ল্যাপটপ মেলা থেকে বের হওয়া বিভিন্ন দর্শকের এ অবস্থা দেখে ল্যাপটপ মেলায় গিয়ে দেখেশুনে একটি ল্যাপটপও কিনলেন তিনি। প্রথম দিন থেকেই দর্শকের এমনই আগ্রহ দেখা গেছে ল্যাপটপ মেলায়। ‘লাইনআপ দ্য টেকনোলজিক্যাল লাইট’ স্লোগানে ঢাকায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ল্যাপটপ মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলছে রাত আটটা পর্যন্ত। তিন দিনের এ মেলা শেষ হবে আজ। শুধুই ল্যাপটপের মেলাশুধু ল্যাপটপ কম্পিউটার নিয়ে আয়োজিত এ মেলা উদ্বোধনের পর থেকেই দর্শকের আগমন বাড়তে থাকে। প্রথম দিনেই আগত সবার আগ্রহ সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ নিয়ে। নতুন কী বৈশিষ্ট্যের ল্যাপটপ এসেছে, সুবিধা কী কী—এমনই সব তথ্য জানার আগ্রহ তাদের। মেলায় ১৫টি প্যাভিলিয়ন ও পাঁচটি স্টলে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ প্রদর্শিত হচ্ছে। শুধু ল্যাপটপের এই মেলায় মেয়েকে নিয়ে এসেছিলেন নাজনীন নাহার। প্রযুক্তির এই সময়ে এ ধরনের মেলার প্রয়োজনীয়তা অনেক বলে মন্তব্য করেন তিনি। মেলা প্রাঙ্গণে প্রতিদিন হচ্ছে বিনোদনমূলক অনুষ্ঠান, প্রযুক্তি ফ্যাশন শো ও কুইজ প্রতিযোগিতা।নতুন ল্যাপটপ ও আর নানা সুবিধা মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান এনেছে নতুন বেশ কয়েকটি ল্যাপটপ। এসব ল্যাপটপে রয়েছে নানা ধরনের নতুন বৈশিষ্ট্য আর সঙ্গে রয়েছে বিশেষ ছাড় ও উপহার। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড নিয়ে এসেছে আসুসের বেশ কিছু ল্যাপটপ। আসুসের কান্ট্রি ম্যানেজার মহিউদ্দিন এ কাদের জানালেন, এখনকার চাহিদা মাথায় রেখে দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধাসহ বেশ কিছু ল্যাপটপ মেলায় এসেছে। তিনি জানান, মেলায় প্রতিটি আসুস ল্যাপটপের সঙ্গে থাকছে স্ক্র্যাচ কার্ড ও নিশ্চিত পুরস্কার। মেলায় প্রতিটি লেনোভো ল্যাপটপের সঙ্গে বিনা মূল্যে পাওয়া যাচ্ছে ইন্টারনেট ব্যবহারের এজ মডেম অথবা রঙিন প্রিন্টার। খান জাহান আলী কম্পিউটারস লিমিটেডের পণ্য ব্যবস্থাপক কে এম হোসেন জানালেন, লেনোভো নতুন বৈশিষ্ট্যসমৃদ্ধ বেশ কয়েকটি ল্যাপটপ নিয়ে এসেছে। এসার এনেছে ত্রিমাত্রিক ছবি দেখার সুবিধাসহ নতুন ল্যাপটপ ও স্পর্শকাতর ল্যাপটপ। এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) আলীম দেবনাথ বলেন, পুরো মেলায় এসারের বিশেষ সুবিধাসহ ২২টি মডেলের ল্যাপটপ প্রদর্শিত হচ্ছে। প্রতিটি ল্যাপটপে রয়েছে দুই থেকে আট হাজার টাকা পর্যন্ত ছাড়।মেলায় আসা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষার্থী ইভা মারিয়া কস্টা জানান, বিশেষ দামে ইন্টারনেটের নানা সুবিধাসহ ল্যাপটপগুলো দেখছি। সবগুলো প্যাভিলিয়ন ঘুরে দেখে তারপর কেনার ইচ্ছে আছে। প্রতিটি ব্র্যান্ডের ল্যাপটপের ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড় ও উপহার। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট বিক্রয় ও বিপণন) আবদুল করিম খান জানালেন, প্রতিটি আসুস ল্যাপটপ কিনলে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে কিউবির ওয়াইম্যাক্স মডেম। পাশাপাশি থাকছে বিশেষ মূল্য ছাড় ও উপহার। মেলায় কম্পিউটার সোর্স লিমিটেড প্রোলিংকের নেটবুক দিচ্ছে সর্বনিম্ন ২৩ হাজার টাকায়। এ ছাড়া প্রতিষ্ঠানটি ফুজিত্সু ও ডেল ব্র্যান্ডের ল্যাপটপে বিশেষ উপহার দিচ্ছে। কম্পিউটার সোর্সের পরিচালক এস এম মুহিবুল হাসান বলেন, আমাদের প্রতিটি পণ্যের ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড় ও উপহারের সুবিধা। মেলায় হ্যাসি ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপে রয়েছে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়ের সুবিধা। এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড অ্যাপলের বিভিন্ন ল্যাপটপের ক্ষেত্রে দিচ্ছে বিশেষ ছাড়। পাশাপাশি এই প্যাভিলিয়নে ল্যাপটপের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যও পাওয়া যাচ্ছে। ফ্লোরা লিমিটেড মেলায় নিয়ে এসেছে ডেলের ল্যাপটপ। বিভিন্ন সুবিধাসহ এসব ল্যাপটপেও রয়েছে বিশেষ ছাড়।মেলায় ইন্টারনেট মেলার মূল পৃষ্ঠপোষক সিটিসেলের প্যাভিলিয়নে রয়েছে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। মেলা ঘুরতে আসা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ মেলায় এসেই ফেসবুকে নিজের অবস্থানটা (স্ট্যাটাস) জানিয়ে দিলেন! বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের এ সুযোগ নিয়েছেন শাহরিয়ারের মতো অনেকেই। সিটিসেলের এই প্যাভিলিয়নে ইন্টারনেট ব্যবহারের জন্য উচ্চগতির জুম মডেম পাওয়া যাচ্ছে বিশেষ ছাড়ে। সিটিসেলের পণ্য ব্যবস্থাপক শরীফ আবদুল্লাহ ফয়সাল জানান, ‘উচ্চগতির ইন্টারনেট সুবিধা পেতে আমরা বিশেষ মূল্য ছাড়ে মডেম দিচ্ছি। পাশাপাশি মেলায় যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপ কিনলেই থাকছে সিটিসেলের বিশেষ ডিসকাউন্ট কুপন। এ কুপনের মাধ্যমে মেলার পরও বিশেষ ছাড়ের সুবিধা পাবেন কুপনধারীরা।’ ক্ষুদ্র আয়তনের ইন্টারনেট ব্যবহারের এই সুযোগকে অপ্রতুল বলে মন্তব্য করেছেন অনেকেই। বন্ধুদের সঙ্গে মেলায় আসা নাফিস কামাল বলেন, যেহেতু ল্যাপটপ মেলা আর বর্তমানে ইন্টারনেটের সুবিধাসহ ল্যাপটপ কেনে সবাই, তাই পুরো মেলায় ওয়াইম্যাক্সের সুবিধা থাকলে ভালো হতো।চলছে ল্যাপটপ কেনাবেচামেলা শুরুর প্রথম দিন থেকেই বিক্রি হচ্ছে নতুন বৈশিষ্ট্যযুক্ত ল্যাপটপ। বিক্রেতারা জানান, উন্নত প্রযুক্তির দিকে আগ্রহ বেশিদর্শকের। শুধু ব্র্যান্ড নয়, ল্যাপটপ কেনার ক্ষেত্রে ব্যাটারির স্থায়িত্ব লাইফ, বিক্রয়োত্তর সেবা—এসব বিষয়ও দেখছে ক্রেতারা। ল্যাপটপ কিনতে মাকে নিয়ে এসেছিল কলেজে পড়ুয়া সাইদ জুবায়ের। মেলা ঘুরে পছন্দ অনুযায়ী ল্যাপটপ কিনতে পেরে খুশি সে। জানাল, একসঙ্গে সব ধরনের ব্র্যান্ডের ল্যাপটপ থেকে পছন্দ অনুযায়ী কেনার ক্ষেত্রে মেলা খুবই উপযোগী। তার মা বেগম নুরুন্নাহার ছেলের আগ্রহ দেখেই মেলায় এসেছিলেন। প্রযুক্তির এই সময়ে এমন ধরনের মেলার আয়োজন যথেষ্ট উপযোগী, বিশেষ করে নতুন প্রজন্মের জন্য—জানান তিনি। দর্শকের এমন আগ্রহ আর চাহিদায় খুশি বিক্রেতারাও। অন্যবারের চেয়ে এবার শুরুর দিন থেকেই ল্যাপটপ বিক্রি ভালোই হচ্ছে বলে জানালেন স্মার্ট টেকলোজিস (বিডি) লিমিটেডের পণ্য ব্যবস্থাপক মো. আবদুল হান্নান। আয়োজকদের কথাশুরু থেকেই শুধু ল্যাপটপ নিয়ে মেলার আয়োজন করছে ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন। এই নিয়ে পাঁচটি ল্যাপটপ মেলার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।মেকারের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক আসিফ সারোয়ার খান বলেন, ‘ল্যাপটপ মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ প্রতিষ্ঠানকে একই ছাদে নিয়ে আসার চেষ্টা করি, যাতে দর্শক সহজে নিজের পছন্দের ল্যাপটপটি কিনতে পারে।’ তবে মেলার ক্ষুদ্র পরিসর নিয়ে কথা বলেছেন অনেকে।মিরপুরের বাসিন্দা মুকুল তরফদার জানান, যেহেতু ল্যাপটপ মেলা, তাই দর্শকের আগ্রহ আর আগমন বেশি। কিন্তু গতবারের মতো এবারও মেলার পরিসর অনেক কম। এতে করে বেশি দর্শক হলে মেলায় ঘোরার সমস্যা হচ্ছে। আয়োজকেরা জানান, মেলার জায়গা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তবে পর্যাপ্ত নিরাপত্তাসহ বড় জায়গা পাওয়া যাচ্ছে না।এবারের মেলার প্রবেশমূল্য ২০ টাকা। এ মেলার রেডিও অংশীদার এবিসি রেডিও এবং অনলাইন সহযোগী বিডি জবস।